২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম : ফলের রাজা না কি যমের মন্ত্রী?

Published : 12 Jul 2011, 10:15 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

শৈশব থেকে জেনেছি ফলের রাজা আম, বনের রাজা যেমন সিংহ। অপূর্ব স্বাদ ও বৈচিত্রে সকল ফলকে ছাড়িয়ে উঠেছে আমের একক শির। রাজা সে সত্যিই। আম যে জাতীয় ফলের মর্যাদা পায়নি তা তার বৈশ্বিক চরিত্রের জন্য; সে কেবলই এ ভূখণ্ডের নয়, যদিও আমের আদি উৎপত্তি এই ভারতেই। ঐখানে জিতে গেছে কাঁঠাল, যা একান্তভাবেই দেশীয়। নইলে আভিজাত্যে ও মর্যাদায় আমের সমতুল্য নয় কাঁঠাল । ভোক্তা মাত্রেই যেখানে আমের প্রতি দুর্বল, সেখানে কাঁঠালের প্রতি অনেকেরই তেমন আগ্রহ নেই। কাঠাঁলের ইংরেজী নামটিও খুব স্বস্তিদায়ক নয়। এ কথা নিদ্বির্ধায় বলা যায় যে এ দুটি ফলের মাঝে নির্বাচনী প্রতিদ্বন্দিতা হলে বিপুল ভোটে জয়যুক্ত হত আম, আর কাঁঠালের জামানত বাজেয়াপ্ত হত।

বাঙালী সারাটা বছর ধরে তাই অপেক্ষা করে জৈষ্ঠ্যের, যে জৈষ্ঠ্য গাছে গাছে রসাল আমের সুখকর দৃশ্য ঝুলিয়ে দেয়। ফাগুনে গাছে গাছে আমের মুকুল ফোটার পর থেকেই এই প্রতীক্ষা গাঢ় হতে থাকে। আমের প্রতি বাঙালীর এই আকর্ষণ প্রতিফলিত হয়েছে তার সাহিত্যে, লোককথায়, পুরাণে। আমের কারণেই আমগাছ হয়ে উঠেছে 'কল্পতরু'; মঙ্গলকাজে, মারী ও মড়কে প্রাচীনকাল থেকে 'আম্রপল্লব'কে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, কালবৈশাখীর ঝাপটা আমরা সহ্য করি এই সুস্বাদু ফলের রসনাভরা তৃপ্তির কারণে। কত যে বৈচিত্রপূর্ণ তার স্বাদ, আর কত যে বিচিত্র তার নাম। সে কখনো 'সহকার', কখনো 'রসাল'। 'হিমসাগর', 'ক্ষীরসাপাত', 'গোপালভোগ', 'মোহনভোগ' – কত নাম আমের! ভাবি, কারা রেখেছিল এইসব বাহারী নাম?

কিন্তু বিধিবাম! তৃপ্তিভরে আম খাবার সৌভাগ্য আর বাঙালীর কপালে সইল না। এখন আম হয়ে উঠেছে বিষ, মৃত্যুর প্রতীক। যে বিষাক্ত ফর্মালিন লিভার, কিডনিসহ মানবদেহের যে কোন অঙ্গ-প্রত্যঙ্গকে অল্প সময়ের মাঝে ধ্বংস করে দিতে পারে, সেই ফর্মালিন মাছ থেকে উঠে এসেছে আমে, নদীর সম্পদকে বিষাক্ত করে চড়ে বসেছে গাছে। অতীতের অত্যাচারী রাজাদের মতই সে ভোক্তা প্রজাদের উপর ছড়ি ঘোরাচ্ছে, তাদের চাবকাচ্ছে মরণবিষের যন্ত্রণায়।

মাত্র দুদিন আগে খবরের কাগজে পড়লাম খাদ্যে ভেজালবিরোধী তদন্তদল ফার্মগেট ও মিরপুরে ৭০ টন বিষাক্ত আম ধ্বংস করেছে এবং দোষী ব্যবসায়ীদের জরিমানা করেছে। এই দুবৃর্ত্ত ব্যবসায়ীরা প্রথমে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে কাঁচা আম পাকিয়েছিল। পরে রোজার মাসে অধিকদামে বিক্রি করার লোভে ফর্মালিন দিয়ে তা গুদামে জমিয়ে রেখেছিল।

অর্থাৎ তারা দু'দুবার একই আমে বিষ প্রয়োগ করেছিল। এ দুটো রাসয়ানিক ছাড়াও আমে ব্যবহার করা হচ্ছে ইথেফেন, প্রোফাইল প্যারা টিটিনিয়াম প্রভৃতি। চিকিৎসকগণ এই অভিমত ব্যক্ত করেছেন যে এই আম মানবদেহের জন্য ভীষণ ক্ষতিকর, শিশুদের জন্য তা সাক্ষাৎ মৃত্যু। তাদের মতে সবচেয়ে বেশী ঝুঁকিতে আছে শিশুরা, কেননা শিশুদের শরীর অত্যন্ত স্পর্শকাতর। বিভিন্ন মারণব্যাধিতে আক্রান্ত হওয়া ছাড়াও শিশুদের স্বাভাবিক বৃদ্ধি এতে ব্যহত হয়। কেবল আম নয়, পেঁপে, কলা, আনারসসহ বিভিন্ন ফল কার্বাইড দিয়ে অসময়ে পাকানো হয়। আমদানী করা আপেল, আঙ্গুর, নাশপাতিতে মেশানো হয় ফর্মালিন, যেন সেগুলো দীর্ঘদিন দোকানে অবিকৃত থাকে এবং ঝরে না পড়ে । এসব ফল লিভারের জন্য খুবই ক্ষতিকর, মানবদেহে ক্যান্সার, গ্যাস্ট্রিক-আলসার তৈরি করে এই ভেজাল ও বিষমেশানো ফলফলাদি। সাম্প্র্রতিক সময়ে এসকল রোগের বিস্তার ভয়াবহরূপে বেড়ে গেছে।

একজন মানুষকে যদি দশজন মানুষ মিলে খুন করে এবং আদালতে এটা প্রমাণিত হয় যে তারা প্রত্যেকেই খুনের সাথে সরাসরি যুক্ত ছিল, তখন বিচারক প্রত্যেককেই দোষী সাব্যস্ত করবেন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিবেন। যারা অধিক মুনাফার লোভে মাছ বা ফলে বিষ মেশাচ্ছে তারা তো একজন, দুজন বা দশজনকে হত্যা করছে না, তারা হত্যা করছে লক্ষ লক্ষ মানুষকে। ভেবে দেখুন কী বিপুল চিকিৎসাব্যয় তারা দেশের কাঁধে চাপিয়ে দিচ্ছে আর ঘরে ঘরে ডেকে আনছে কী ভয়াবহ বিপর্যয়! যারা জনস্বাস্থ্যের প্রতি এমন মারাত্মক হুমকী সৃষ্টি করছে, বিপদগ্রস্থ করছে একটি গোটা দেশের জনগোষ্ঠিকে, তাদের জন্য তো কোন শাস্তিই পর্যাপ্ত নয়। সরকার যদি সত্যিই জনদরদী হয় তবে তার উচিৎ হবে ঐ গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরণের গা শিউরে ওঠা অপরাধ করার সাহস না পায়। গণচীনের কমিউনিস্ট সরকার হলে এদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হত দিনের পর দিন। র‌্যাব যেভাবে সমাজদেহ থেকে সন্ত্রাসী নির্মূল করছে, খাদ্যে বিষপ্রয়োগকারী ব্যাবসায়ীদেরও একই প্রক্রিয়ায় নির্মূল করা প্রয়োজন। বস্তুতঃ এদের অপরাধের মাত্রা সন্ত্রাসীদের চেয়ে শতগুন বেশি।

মানুষের একটি মৌলিক চাহিদা হল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। এমনিতেই বাংলাদেশে মানুষের গড় আয়ু বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বেশ কম। এর উপর বিবিধ অপঘাতে মৃত্যু – সন্ত্রাসীর হামলা, সড়ক দুর্ঘটনা, খাদ্যে বিষ – আমাদের স্বাভাবিক মৃত্যুর অধিকার কেড়ে নিচ্ছে। মানবদেহে প্রতিগ্রাম রক্তে বিষের সহনীয় মাত্রা হলো ০.২ মাইক্রোগ্রাম, অথচ ল্যাবরেটরী পরীক্ষায় দেখা যাচ্ছে ৯.৭ মাইক্রোগ্রাম পর্যন্ত বিষ খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের দেহে ঢুকছে। বিশ্বব্যাপী চিকিৎসাবিজ্ঞানে অভূতপূর্ব সাফল্যের কারণে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে বাংলাদেশে মানুষের গড় আয়ু বাড়লেও সামাজিক অস্থিরতা, আইনকে অবজ্ঞা করা ও নৈতিকতাবিবর্জিত অপরাধের ফলে একটি স্বাস্থ্যময়, দীর্ঘ জীবন কাটানোর সুফল জনগোষ্ঠি পাচ্ছে না। স্বাভাবিক মৃত্যুর বদলে এক বিশাল জনগোষ্ঠিকে ধীরলয়ের এক অপ্রত্যাশিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অসাধু ব্যবসায়ীদল। জীবনীশক্তিহীন ও মারণব্যাধিতে আত্রান্ত একটি জাতি ধীরে ধ্বংসের দিকে চলে যাবে আর আমরা তা চেয়ে চেয়ে দেখবো – এটা কী করে হয়?

বিশ্ববিদ্যালয়ে আমার ঠিক পাশের কক্ষে যে সহকর্মীটি বসতেন, তিনি গত বছর সপরিবারে কানাডায় চলে গেলেন। তিনি দীর্ঘদিন মাটি কাঁমড়ে মাতৃভূমে পড়েছিলেন দেশের অবস্থার উন্নতি ঘটবে – এই আশায় বুক বেঁধে। অবশেষে কোন আশার আলো দেখতে না পেয়ে এমনি অসংখ্য উচ্চশিক্ষিত মানুষের মত চলে গেলেন। প্রথমদিকে দোটানায় থাকলেও চলে যাবার ছয়মাস পরে এসে তিনি স্থায়ীভাবে চলে গেলেন কানাডায়। তাকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগে ঐ ভিনদেশ?। উত্তরে বলেছিলেন, 'যে দেশ বছরের ছয়মাস বরফের নীচে ঢাকা পড়ে থাকে, কনকনে শীতের জন্য ঘর ছেড়ে বাইরে যাওয়াই হয়ে ওঠে দুঃসাধ্য, সেখানে কেমন থাকা যায়, ভাবুন। উপরন্তু আত্মীয়-বান্ধবহীন, সম্মানজনক পেশাহীন, সরকারী অনুদানের উপর নির্ভরশীল থেকে ও সমাজের নিচুতলার বাসিন্দা হয়ে কতখানি ভাল থাকা যায়? তবে একটা কথা বলতে পারি, ঐ দেশে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা আছে। অপঘাতে মরতে হবে না আপনাকে।'

আজ থেকে একশ বছর আগে এমনকি খোদ আমেরিকায় অসাধু ব্যাবসায়ীরা খাদ্যে ভেজাল দিত। যদিও তাদের অপরাধ খাদ্যে বিষাক্ত রাসয়ানিক মেশানোর মত জঘন্য ছিল না, তবু অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ যখন পত্র-পত্রিকায় প্রকাশিত হল, তখন দেশ জুড়ে হৈ-চৈ পড়ে গেল। এমনকি লেখকরা এ নিয়ে বই লিখে ফেল্লেন। সে সময়কার দুটো বিখ্যাত গ্রন্থের নাম Eat, Drink and Be Weary এবং 100,000,000 Guinea Pigs। উল্লেখ্য সে সময়ে আমেরিকার জনসংখ্যা ছিল দশ কোটি। অসাধু খাদ্যব্যবসায়ীরা যে পুরো জনগোষ্ঠিকেই গিনিপিগে পরিণত করেছিল – তার প্রমাণ এই বই। সংবাদপত্রে রিপোর্টিং, গণবিক্ষোভ এবং আদালতে জনস্বার্থ অধিকার সম্পর্কিত রিট বিচারবিভাগকে উদ্বুদ্ধ করেছিল ভোক্তা অধিকার সংক্রান্ত কিছু যুগান্তকারী বিল পাশ করতে। পরে আমেরিকান কংগ্রেস সেসব বিলকে সমর্থন দিয়ে আইনে পরিণত করে। একথা তো সত্যি আজ বাংলাদেশের পনের কোটি মানুষই গিনিপিগ। আমাদের সাহসী সংবাদকর্মীরা এ নিয়ে বিস্তর লেখালেখি করেছেন, মানুষ একইসঙ্গে সতর্ক ও আতঙ্কিত হচ্ছে। হিউম্যান রাইটস আ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এ বিষয়ে একটি জনস্বার্থ সংরক্ষণ বিষয়ক নির্দেশনা জারি করেছিলেন। কিন্তু সে আদেশও যথারীতি উপেক্ষিত হয়েছে।

ভারতবর্ষ জয় করতে এসে আলেকজান্ডার তার সেনাপতিকে বলেছিল, 'সেলুকাস, কী বিচিত্র এই দেশ!' সত্যি বিচিত্র এ দেশ। নইলে বছরের পর বছর সরকারের নাকের ডগা দিয়ে এসব অপকর্ম হচ্ছে, আর এর কোন প্রতিকার হচ্ছে না– ভাবা যায়? আমরা হিটলারের গ্যাসচেম্বারে ইহুদিদের গণহত্যার বিবরণ পড়ে শিউরে উঠি, স্টালিনের কসাক হত্যা শুনে আঁতকে উঠি, ইন্দোনেশিয়ায় সুহার্তো সরকারের কমিউনিস্ট বিরোধী শুদ্ধি অভিযানের ইতিহাস পাঠে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি, অথচ পনের কোটি মানুষকে যারা বিষাক্ত খাদ্য খাইয়ে তিলে তিলে মেরে ফেলছে তাদের সামান্য জরিমানা দিয়ে ছেড়ে দিচ্ছি। ভেজালবিরোধী অভিযান হয় কালেভদ্রে, পর্যবেক্ষণ প্রয়োজনের তুলনায় যৎসামান্য। বিএসটিআই কখনো জনবলের অপর্যাপ্ততার দোহাই দিয়ে দায়িত্ব উপেক্ষা করছে, কখনো নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে চোখ বন্ধ রাখছে। জরিমানা দিয়ে অসাধু ব্যবসায়ীরা জোরেশোরে আবারো নেমে পড়ে পুরোনো জোচ্চুরীতে, হয়তোবা ভোক্তাদের পকেট থেকে জরিমানার অর্থ আদায় করতে আরো জঘন্য কাজে লিপ্ত হয়।

আমরা যদি সকলে মিলে একটি বছর প্রতিজ্ঞা করে আম খাওয়া বন্ধ করে দিই, তবে হয়ত উচিৎ শিক্ষা হবে ঐ নৈতিকতাবিবর্জিত অসাধু ব্যবসায়ীদের। তবে এ প্রস্তাব বাস্তবসম্মত নয়। সরকারের নৈতিক দায়িত্ব যে জনগণ তাকে শাসনভার তুলে দিয়েছে, সে জনগনের স্বার্থরক্ষা করা, মুষ্টিমেয় অসৎ ব্যবসায়ীর নয়। এ ক্ষেত্রে চরম দৃষ্টান্তমূলক শাস্তির কোন বিকল্প নেই। নইলে স্বাস্থ্যসেবায় নেয়া সকল সরকারী উদযোগ ব্যর্থ হতে বাধ্য। আমরা আমকে ফলের রাজা হিসেবেই দেখতে চাই, যমের মন্ত্রী হিসেবে নয়।

কামরুল হাসান: কবি, প্রাবন্ধিক ও বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।