ফতোয়া কীভাবে এবং কেন বৈধ হয়
গত ১২ মে দেশের সর্বোচ্চ আদালত ফতোয়া নিয়ে একটি রায় দিয়েছেন। রায়ে ফতোয়াকে বৈধতা দেয়া হয়েছে। তবে প্রয়োগে অনেক শর্ত রয়েছে। রায়ের আদেশ অংশ ঘোষণার ষষ্ঠ দিবস অপেক্ষার পরও পুরো রায় পাওয়া যায়নি। আর রায় সম্পূর্ণ আকারে তৈরি না করার পেছনে যদিও যুক্তিসংগত কারন রয়েছে। তারপরও রায়ের আদেশের পর অতিসামান্য এ প্রতিক্রিয়া।
ইতিহাসে দেখতে পাই বিধান দিয়েই পুরোহিততন্ত্র শাসকদলের পক্ষ নিয়ে যত সব অপকর্ম করেছে । দাস যুগ, ভূমিদাসযুগ, সামন্ততন্ত্র পুরোটাই ভরে আছে এসব বিধানের যূপকাষ্ঠে বলী হওয়া মানুষের আর্তনাদে। তাই ব্রুনোকে পুড়িয়ে মারে পুরোহিততন্ত্র, সক্রেটিসকে গরল পান করতে বাধ্য করা হয়। আরব দেশে মুতাজিলা সম্প্রদায়ের জ্ঞানাগার ও সত্যান্বেষী সংগ্রহকে ধ্বংস করে মোল্লাতন্ত্র। মনসুর হাল্লাজকে ফতোয়ার নাম দিয়েই স্বাধীন মতপ্রকাশ আর মুক্তচিন্তা করার অপরাধে হত্যা করা হয়। মাওলানা রুমীর গুরু শামস তাব্রিজীর নতুন চিন্তাকে সহ্য করতে না পেরে শালিসের মাধ্যমে ফতোয়ার নামে শাসকবর্গ তার নিজ পুত্রকে দিয়েই হত্যা করায়। আর ফতোয়া ই আলমগীরীর প্রণেতা বাদশাহ আলমগীর (মুঘল সম্রাট আওরঙ্গজেব) শত শত বিরোধী মতের লোককে নানা রকম ধর্মীয় ফতোয়ার নামে হত্যা করে। ভারত বর্ষে যুগ যুগ ধরে চলছিল সতীদাহ প্রথার কথিত ব্রাহ্মণ্য বিধান। প্রকৃতপক্ষে বিধান আর ফতোয়া একই জিনিস। রাজন্যবর্গের স্বার্থ সংরক্ষনকারীরা ধর্মের নামে এসব নিপীড়ন আর কুকর্মকে বৈধতা দেয় ফতোয়ার নামে। গণতন্ত্রী ও মুক্তচিন্তকদের দমন ও নাশে ফতোয়াকে ব্যবহারের ইতিহাস কম নয়। সারা পৃথিবীতে ধর্মীয় সংখ্যালঘুকে, নারীকে, ভিন্ন মতাবলম্বীকে ফতোয়া আর বিধান দিয়েই হত্যা করা হয়েছে। পৃথিবীতে যত লোকক্ষয় হয়েছে তার বেশির ভাগই হয়েছে ধর্মযুদ্ধের নাম দিয়ে। আর যত নির্যাতন নিপীড়ণ হয়েছে তার বেশির ভাগই হয়েছে যাজক, পুরোহিত আর মোল্লাতন্ত্রের মাধ্যমে। পুরোহিততন্ত্রের প্রধান নিপীড়নযন্ত্র হচ্ছে বিধান আর মোল্লাতন্ত্রের প্রধান অস্ত্র হচ্ছে ফতোয়া। আমাদের দেশে ফতোয়ার নাম দিয়ে বর্বর মধ্যযুগীয় নির্যাতনে হত্যার শিকারে পরিনত হয়েছে অগনিত নারী। ১৯৯৩ সালের ১০ জানুয়ারি তারিখে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ছাতকছড়া গ্রামের নূরজাহানকে পাথর ছোড়ার কথা কেউ কোনদিন ভুলতে পারবে কি?
ফতোয়ার নামে এসব করা হলেও ফতোয়া বিষয়টি আসলে কী ? ভাবগত নিগূঢ় অর্থে বিষয়টি কী? ধর্মীয় ব্যাখ্যায় আমরা পাই একজন মুসলমানকে মুসলমান থাকতে হলে অবশ্যই ফতোয়া মানতে হবে। ফতোয়া ব্যবহৃত হবে মানব সমাজের কল্যানে। আধুনিক সমাজের নতুন প্রকৃতির সমস্যা সঙ্কট সমাধানে ধর্মীয় গ্রন্থ ব্যাখ্যায় ফতোয়া একজন মুসলমানকে দৈনন্দিন জীবনাচারে ও যাপনে পথনির্দেশ দেবে। আহলে সুন্নাত আল জামায়াত, আর দেওবন্দগোষ্ঠী আবার ফতোয়া বিষয়টিকেই আধুনিক সমাজের সঙ্গে খাপখাইয়ে নেয়ার জন্য অনেক রকমের কাজ করেছে বলে ইতিহাসে পাওয়া যায়।
গত ১২ মে তারিখে ফতোয়া বৈধ বলে রায় দেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারকের বেঞ্চ। আপিল বিভাগ বলেছেন ,"ধর্মীয় বিষয়ে ফতোয়া দেয়া যেতে পারে। তবে যথাযথ ব্যক্তি তা দিতে পারবে। আর ফতোয়া গ্রহনের বিষয়টি হবে স্বতস্ফূর্ত। এর মাধ্যমে কোন শাস্তি দেয়া যাবে না। এমন কোন ফতোয়া দেয়া যাবে না যা কারো অধিকার ক্ষুন্ন করে।"
২০০১ সালের ১ জানুয়ারি তারিখে বিচারপতি গোলাম রাব্বানী এবং নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে সকল ধরনের ফতোয়াকে অবৈধ বলে রায় দেন। রায়ে বলা হয়, একমাত্র আদালতই মুসলিম বা অন্য কোন আইন অনুযায়ী আইনসংক্রান্ত কোন মতামত দিতে পারেন। কেউ ফতোয়া দিলে তা ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী শস্তিযোগ্য হবে। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব এবং মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। ১০ বছর পর, অর্থাৎ এ বছরের ১ মার্চ আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে পাঁচ জন আলেমসহ অ্যাডভোকেট টি এইচ খান, ব্যরিষ্টার রফিক উল হক, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এবিএম নূরুল ইসলাম, তানিয়া আমীর, এম আই ফারুকী আদালতের বন্ধু হিসাবে শুনানিতে অংশ নেন।
আসলে ফতোয়া বিষয়টি হচ্ছে মান্য করার একটি বিষয়। ফতোয়া হচ্ছে একটি অপিনিয়ন, ব্যাখ্যা এবং সিদ্ধান্ত। একটি ফতোয়া যখন দেয়া হয়, তখন সেটি সিদ্ধান্ত আকারেই আসে। কিন্তু রায়ে বলা হয়েছে, ফতোয়া মানতে বাধ্য করা যাবে না। রায়ে আর্ও বলা হয়েছে ফতোয়া বৈধ হলেও এর মাধ্যমে শারীরিক বা মানসিক কোন শাস্তি দেয়া যাবে না । আমাদের দেশে ফতোয়ার বিষয়গুলো নারী ও পুরুষের সম্পর্ক, বিয়ে, জন্ম, মৃত্যু ইত্যাদি প্রপঞ্চে অন্তর্ভূক্ত হয়ে থাকে। এ সব বিষয়ে ধর্ম এবং ব্যক্তিগত ধর্মীয় আইন, প্রচলিত আইন, সংবিধানকে সাধারনত লঙ্ঘন করেই মতামত দেন অশিক্ষিত, ধর্মান্ধ, কূপমন্ডুক, অজ্ঞ পশ্চাদপদ, বিশ্লেষণক্ষমতাহীন কথিত মোল্লা, মাওলানারা । এখানে সৎ, মানবিক ইসলামী চিন্তাবিদের উপস্থিতি হাজারে একটাও থাকে না।
ফতোয়া দিলে তার কার্যকরিতা না থাকলে সেটি আবার কিসের ফতোয়া? ফতোয়ার পর যদি শারীরিকভাবে শাস্তি দেয়া নাও হয়, শুধুমাত্র কোন ঘটনা বা সমস্যার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়, ঘোষণা দেয়া হয় তবে সেটি কি মানসিক শাস্তি নয়? ফতোয়ার এই অপিলের শুনানির শুরুতে গত ১ মার্চ তারিখে আইনজ্ঞ ড. কামাল হোসেন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে বলেছিলেন,"সব ক্ষমতার উৎস হচ্ছে আমাদের সংবিধান। কারন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আমাদের সংবিধানের পবিত্র ভিত রচিত হয়েছে। অতএব ফতোয়ার নামে কেউ নির্যাতনের পক্ষে কথা বললে আমাদের দেখতে হবে সংবিধান আমাদের সেই ক্ষমতা দিয়েছে কিনা?" তিনি শুনানিতে বলেছিলেন,"ক্ষমতার লড়াইয়ের জন্য ধর্মের অপব্যবহার করা হয়।" এর জবাবে মুফতি তৈয়ব এবং মাওলানা কালাম আজাদের পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেছিলেন,"ফতোয়ার ভিত্তি হচ্ছে আল্লাহ ও কোরান। রাসুলের আমল থেকে ধারাবাহিকভাবে ফতোয়া চলে আসছে। খোলাফায়ে রাশেদীনের আমলেও ছিল। বাদশাহ আলমগীর সমসাময়িক আলেমদের নিয়ে ফতোয়া ই আলমগীরী নামে একটি বই রচনা করেছিলেন। অপপ্রয়োগের কারনে ইসলামের অবিচ্ছেদ্য অংশ ফতোয়া নিষিদ্ধ করা ঠিক হবে না।"
ফতোয়া কাকে বলে? আল মিসবাহুল মুনীরে নামের অভিধান অনুযায়ী ফতোয়ার একটি সংজ্ঞা হচ্ছে,"কারো প্রশ্নের উত্তরে ফকিহ্ যে শরীয়তের বিধান বর্ননা করেন তাই ফতোয়া। ইসলামী চিন্তাবিদ আহমাদ আল ফাইয়ুমী বলেন,"কোন ইস্তিফার জবাবে আলেমের বাতলানো বিধানের নাম ফতোয়া।" শর্টার এনসাইক্লোপেডিয়া অব ইসলামে বলা হয়েছে,"ধর্মীয় আইন বিশেষজ্ঞ অথবা মুফতী (জুরিস কনসাল)কর্তৃক প্রদত্ত বা প্রকাশিত বিধানকে ফতোয়া বলে।"বাংলা পিডিয়াতে ফতোয়ার সংজ্ঞা দেয়া হয়েছে এভাবে যে, "ফতোয়া বা ফাতওয়া হচ্ছে ধর্মীয় আইন বিশেষজ্ঞ অথবা মুফতী কর্তৃক প্রদত্ত বা প্রকাশিত বিধান। এর উদ্দেশ্য একজন বিচারক বা একজন ব্যক্তি কর্তৃক উত্থাপিত গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তরদান।"
ইসলামের ইতিহাস, মুসলিম আইনের ছাত্র হিসাবে জানি যে, পবিত্র কোরান, হাদীস থেকেই ফতোয়া উৎসারিত হয়েছে। মুসলিম আইন অনুযায়ী এ আইনের উৎস হচ্ছে, পবিত্র কোরান, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এসব আনুষ্ঠানিক উৎস ছাড়াও বাস্তব উৎসরুপে অভিহিত হয়েছে উরফ বা প্রথা, কতিপয় ক্ষেত্রে ইংরেজী আইনের (ইংলিশ কমন ল) ন্যায়পরতা, সুবিবেচনা, জনস্বার্থে খলীফা ও সুলতানগনের প্রণীত বিধান, ফতোয়া, ইত্যাদি। তাছাড়া ইল্লাত বলে একটি বিষয় রয়েছে। এটি হলো বিভিন্ন রকমের, ধরনের, প্রকৃতির আইনের সমাহার থাকলে ঐশী আইনের সঙ্গে আপন ধীশক্তির প্রয়োগ। মুসলিম আইনবিজ্ঞানী স্যার আবদুর রহিম ইল্লাতের বিষয়ে কথা বলেছেন।
স্বধর্ম পালনের অধিকার সভ্য সমাজে স্বীকৃত। আর ধর্মচর্চা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার। বিষয়টি মোটেও রাষ্ট্রীয় নয়। প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র কোন ধর্মকে প্রাধান্য দেবে না। আর ধর্মীয় আইন দিয়েও পরিচালিত হবে না। রাষ্ট্র, আইন আদালত কাউকে, কোন ব্যক্তিকে ধর্মীয় আচার অনুষ্ঠান গ্রহন বা বর্জন চাপিয়ে দিতে পারে না। আল্লাহর আইন বা ভগবানের আইনও তেমনি রাষ্ট্রের উপর কোন ব্যক্তি, দল, গোষ্ঠী, সংস্থা আরোপ করতে পারে না। কেননা জাত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, মতবাদী –সবার জন্যই আইন সমান, রাষ্ট্রীয় শৃঙ্খলাও সমান। আর ধর্ম যার যার, রাষ্ট্রতো সবার।
আইনের ছাত্র হিসাবে জানি মুসলমানদের ব্যক্তিগত আইন অর্থাৎ মুসলিম আইনে ফতোয়া বৈধ। কিন্তু ফতোয়া ও সংবিধান বিশেষ করে সংবিধানে যদি ধর্মনিরেপেক্ষতা রাখা হয়, তবে কি দুটির মধ্যে কোন সময় গোলোযোগের উদয় হবে না? দুটি ধারনাই কি কখনো কখনো পরষ্পর বিরোধী হয়ে উঠবে না? কেউ যদি তখন বলে ফতোয়ার আইন যদি সঠিক হয় তবে ধর্মীয় মৌলবাদী জঙ্গী গোষ্ঠীর কাম্য আল্লাহর আইন, আল্লাহর রাষ্ট্র প্রবর্তনে, পালনে বাধা কোথায়? তখন কী করতে হবে? বিষয়গুলো অবশ্যই ভাবিত করার যোগ্যতা রাখে।
যদিও বিভিন্ন আইনবিশেষজ্ঞরা বলে থাকেন সংবিধানের সঙ্গে ব্যক্তিগত ধর্মীয় আইনের সংঘর্ষ বাধলে ব্যক্তিগত আইনই প্রাধান্য পাবে। যুক্তিতে তারা বলেন, উত্তরাধিকার আইন, পারিবারিক আইনতো সংবিধান দিয়ে নির্নয় করা যায় না।
এদিকে গণমাধ্যমে আমাদের দেশের মানবাধিকার, নারী আন্দোলনের নেত্রী, নারী আইনজীবী ইতোমধ্যে স্বল্প পরিসরে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
তারা বলেছেন,ফতোয়ার নামে নারীর মানবাধিকার লঙ্ঘনের যে কোন ঘটনা বন্ধের জন্য শাস্তির বিধান বিষয়েও সুষ্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন, যেন ফতোয়ার নামে মতামত দেয়ার সুযোগ নিয়ে নারীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত না থাকে এবং অপরাধী যেন পার পেয়ে না যায়। কেউ বলেছেন, যদি এ রায়কে কেউ সন্মান না দেখান তবে প্রসাশনিকভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা বলেছেন, রাষ্ট্র কর্তৃক নিযুক্ত কোন মুফতি আমাদের নেই। কারা ইসলামী আইনশাস্ত্র সম্পর্কে সুপন্ডিত, কারা ফতোয়া দেয়ার যথাযোগ্য ব্যক্তি সে বিষয়ে কোন মানদন্ড বা ষ্ট্যার্ন্ডাড নেই। স্বাধীনতার ৪০ বছর পর যেহেতু সংবিধানে ধর্মনিরেপেক্ষতা অন্তর্ভূক্ত করার জন্য আন্দোলন চলছে সেহেতু চলাফেরা, কথা বলার উপর শাসন করার সুযোগ একটি গোষ্ঠীর থেকেই গেল।
স্পর্শকাতর এই ফতোয়া বিষয়ের প্রায়েগিক জায়গাটিকে অতন্দ্র প্রহরা দিয়ে রাখলেও এর অপপ্রয়োগ হওযার সম্ভাবনা রয়েছে তুমুল মাত্রায়। যে তুমুল মাত্রা আমরা কখনোই আশা করবো না।
আশা করবো না সংবিধান আর ফতোয়ার দ্বিমাত্রিক পরিনতি ও প্রতিক্রিয়ার।
আর আশা করবো রায়ের সম্পূর্ন বিবরন যথাসম্ভব দ্রুত নাগালে পাওয়ার।
