২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একজন জঙ্গী হত্যা অথবা জঙ্গীবাদ মিথের উত্থান

শামীমা বিনতে রহমান

Published : 03 May 2011, 10:13 PM

Updated : 01 Jul 2022, 05:53 PM

এক্সপ্রেস ক্যাফেতে বসে ক্যাপাচিনো খাচ্ছিলাম ভর দুপুর বেলায়। পাশের কর্নারে চলছিল জমজমাট আড্ডা। বিষয়, সোমবার সারাদিনকার একমাত্র খবর: আল কায়েদার কান্ডারি ওসামা বিন লাদেনের মৃত্যু। বিন লাদেনকে হত্যা করার পর ডিএনএ টেস্টের ফলাফল পেয়ে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট তথ্যটি জানান। পাকিস্তানের ইসলামাবাদের উত্তরে মিলিটারি একাডেমীর কাছে এবেত্তাবাদ শহরে আমেরিকান সৈন্যদের ছোট্ট একটি দল ওসামাকে হত্যা করে। ওবামা বলেন, ' ওয়ার্ল্ড সেইফার উইদাউট বিন লাদেন'( আল জাজিরা ইন্টারন্যাশনাল, ২মে)। আড্ডায় বিশ্ববিদ্যালয় শেষ করে কেবল চাকরিতে ঢুকেছে অথবা এখনও সর্বোচ্চ ডিগ্রির শেষ সীমায় এমন বয়সীরা নিজেরাই প্রশ্ন তুলছিলো:' পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর যে লিখলো, ওসামা ইসলামী জঙ্গীবাদী ছিলো না, সে এ্যান্টি-আমেরিকান ছিলো; তাইলে তাকে এত দিন ক্যান জঙ্গী বলা হইছে?' ' ওর লাশ ক্যান সাগরে ভাসায়া দিলো?' রোববারেই কি ওসামাকে মারছে, নাকি আগে মাইরা পরে তথ্য প্রকাশ করছে, এতে ওবামার লাভ কী হইছে? সামনে ইলেকশন, ফর দ্যাট?'

বিভিন্ন আড্ডায় ওসামা আর ওবামা এখন আমি-তুমি, প্রেম-অপ্রেম, হাসিনা-খালেদা, দৈনন্দিন খুন-খারাবির খবরের আলাপ-তর্ক হটিয়ে জায়গা করে নিয়েছে। আলোচনায় বিবিসি-আল জাজিরা-সিএনএন, শহুরেরা ক্যাবল নেটওয়ার্কের কল্যাণে যা যা ফুটেজ আর খবর দেখেছে, তার মধ্যে এবেত্তাবাদে ওসামার খুন হওয়ার ঘরে রক্ত, রক্তাক্ত চেহারা, ওই চেহারাই বিন লাদেন কি-না, সন্দেহ আর নানা প্রশ্ন। বিবিসি অন লাইনে ওসামা বিন লাদেনের ইতিহাসে কী স্থান হবে-এরকম এক লেখায় মন্তব্য করা হয়েছে: 'আধুনিক ইতিহাসে ইতিহাসবিদদের কাছে বিন লাদেন অবশ্যই একজন অন্যতম ভিলেনের প্রতীক হিসেবে স্থান পাবে।'

প্রিয় পাঠক, ২০০১ সালে নিয়্যুর্কে টুইন টাওয়ার হামলার পর থেকে গত দশ বছরে ওসামা বিন লাদেন ছিলেন গণমাধ্যমে ধারাবাহিকভাবে সবচে আলোচিত খবর। ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালিতে বোম্বিং, ২০০৩ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে আত্মঘাতি বোমা হামলা, ২০০৪ সালে স্পেনের মাদ্রিদের কমিউটার ট্রেইনে বোমা হামলা, লন্ডনের পাতাল রেইলে ২০০৫-এ হামলা, ২০০৮ সালে মুম্বাইয়ে হামলা- এসব বড় ঘটনায় আল কায়েদা এবং ওসামা হাতে হাত ধরে গণমাধ্যমে খবর হয়েছিল। তার ওপর মাঝে মধ্যেই ভিডিও ক্লিপে ওসামার মার্কিনীদের প্রতি হুঁশিয়ারি বার্তা প্রচারিত হতো। ২০০৬-এ এক অডিও মেসেজ-এ বিন লাদেন বলেছিলেন, 'I swear not to die but a free man'। এই সব ওসামাকে 'মোস্ট ওয়ান্টেড টেররিস্ট' হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো। আর এই প্রতিষ্ঠার ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমগুলোর ভূমিকা ছিল সবচে বেশি।

ওসামা খুন হবার পর গণমাধ্যমের প্রকাশভঙ্গী একটু খেয়াল করুন। দিনভর ব্রেকিং আর বিশ্লেষণমূলক আলোচনার পাশাপাশি বিবিসি, আল জাজিরা, সিএনএন ওয়েব সাইটগুলোতে মার্কিনীদের দেশে ব্যাপক উচ্ছাস, আনন্দের ছবি ছাপে। রয়টার্সের ফটোগ্রাফ ব্যবহার করে আল জাজিরা যে ফটোগ্রাফ প্রকাশ করে, তাতে আমেরিকান পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় উল্লাস, যেন পতাকার সার্বভৌমত্ব বাঁচলো শেষ পর্যন্ত। ছবির নিচে ক্যাপশন লিখা: আমেরিকান সেলিব্রেট আউট সাইড দ্য হোয়াইট হাউজ আফটার হিয়ারিং দ্য নিউজ অফ বিন লাদেনস ডেথ।

গণমাধ্যমগুলো নানা প্রতিক্রিয়া জানিয়েই যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট, ছোট বুশ বলেন, This momentous achievement marks a victory for America.
আবার হুমকি দিয়ে প্রতিক্রিয়া জানান পাকিস্তান তালিবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান, If he has been martyred, we will avenge his death and launch attacks against American and Pakistani governments and their security forces.

১৯৫৭ সালে সৌদি আরবে জন্মগ্রহণকারী ওসামা বিন লাদেন বাবা-মায়ের ৫২ সন্তানের মধ্যে ছিলেন ১৭ তম। প্যালেস্টাইনভিত্তিক মুসলিম ব্রাদারহুডের সদস্য ড. আব্দুল্লাহ আযম, যিনি ওসামার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় শিক্ষক ছিলেন, ইসলামকে কেন্দ্রে রেখে মুসলিমদের প্রতি নিপীড়ন আর মার্কিনীদের বিরুদ্ধে সশস্ত্রভাবে সংঘবদ্ধ হওয়ার বড় অনুপ্রেরণা ছিল। রাশিয়ার বিরুদ্ধে ১৯৭৯ সালে আফগানিস্তানের পক্ষে আরবদের সংগঠিত করতে ও যুদ্ধে যেতে সবচে বড় অনুপ্রেরণা এই ব্যক্তি ছিলেন বলে স্টিভ কোল-এর 'দ্য বিন লাদেন' বই তথ্য দেয়। ১৯৯১ সালে সৌদি আরব তাকে বের করে দেয়, ১৯৯৪ সালে তার নাগরিকত্ব বাতিল করে আর ১৯৯৩ সালে প্রথমবার বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে হামলা চালিয়ে ওসামা যা চেয়েছিলেন, র‌্যাডিক্যাল ইসলামিস্ট র‌্যাবল হিসেবে প্রতিষ্ঠা করতে; তা তৈরি করে ফেলেন। এরপর কেনিয়া, তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলা চালিয়ে বিশ্বের দেশে দেশে ছড়ি ঘুরিয়ে বেড়ানো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আতঙ্কে, জীবন্ত আতঙ্কে নিজেকে পরিণত করেন ওসামা।

নারী ও পুরুষ পাঠক, ব্যাকগ্রাউন্ড তথ্য ঘাটাঘাটি করার কারণ একটাই, বিন লাদেন যত বড় সন্ত্রাসী, তাকে তার চেয়ে অনেক বেশি করে উপস্থাপন করেছে মার্কিন প্রশাসন, পশ্চিমা গণমাধ্যম। বিন লাদেন, আল কায়েদার নাম বলে বলে পশ্চিমারা কিছু জারগন/টার্ম তাদের লেখায়, বলায় সাধারণ মানুষকে শিখিয়েছে, যেমন, ইসলামিস্ট এক্সট্রিমিস্ট। এই সন্ত্রাসীদের দমন করার জন্য বিশাল বিশাল অংকের বরাদ্দ রাখতে হয় হোয়াইট হাউজকে, প্রচুর টাকা ব্যয় করতে হয় পেন্টাগণের পেছনে। আর মুসলিম গরীব দেশগুলোতে স্থাপন করা হয় মার্কিন কলোনী। পাকিস্তান, আফগানিস্তানে বছরের পর বছর মিলিটারী পুষে যাচ্ছে ওবামা, ওসামাকে খুন করার জন্য। ওসামা খুন হয়েছে। কিন্তু জঙ্গীবাদের কথা বলে যেসব রাষ্ট্রকে কলোনী বানিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেসব রাষ্ট্র থেকে এবার তারা তাদের উপনিবেশসুলভ কৌশল প্রত্যাহার করবে কি?

একজন ওসামাকে মারতে ছোট বুশ আর ওবামার ১০ বছর লেগে গেল। এই ১০ বছর সময় আর পশ্চিমা গণমাধ্যমে এই সময়ে বিন লাদেনকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, তাতে ওসামা নামক জঙ্গীর নিপাত হয়েছে কতখানি? এই প্রশ্নের উত্তর না দিয়ে বলা যায়, এই দশ বছর ধরে আমেরিকা নিজ হাতে ধর্মকে ব্যবহারকারী, কৌশলী সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে জঙ্গীবাদের আইকনে পরিনত করেছে।

ওসামা সাদ্দাম হোসেন নন, যিনি হাজার হাজার মানুষকে মেরে গণহত্যা চালিয়েছেন, একই অর্থে হিটলার বা মুসোলিনি নন। একজন সন্ত্রাসী। টুইনটাওয়ার হামলায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য, তদন্ত প্রতিবেদন কোথাও হামলার অপারেশনে বিন লাদেনের নাম পাওয়া যায় নি, বরং আল কায়েদার নামই এসেছে। এই সমীকরণে বিন লাদেন ভয়াবহ সন্ত্রাসী।

তাই এই ওসামা উপাখ্যান, শেষ পর্যন্ত বলা যায়, ওবামার হাত ধরে জঙ্গীবাদের মিথ হিসেবেই স্থান মিলবে পরের প্রজন্মের কাছে। যাতে দুটো নামই থাকবে পাশাপাশি ওবামা-ওসামা।
শামীমা বিনতে রহমান: লেখক ও সাংবাদিক।