জীবনের সংজ্ঞা, প্রি-বায়োটিক পৃথিবী এবং আরএনএ
প্রাণ কী?
এর অনেক বাহারি সংজ্ঞা আছে। পদার্থবিদ এরউইন শ্রোয়েডিঙ্গারের ১৯৪৪ সালে লেখা বিখ্যাত বই 'হোয়াট ইজ লাইফ' এই সংক্রান্ত বৈজ্ঞানিক ভাবনা-চিন্তার প্রথম সূত্রপাত ঘটায়। উক্ত বইয়ে তিনি তাঁর উদ্দেশ্য বেশ খোলামেলাভাবে ব্যাখ্যা করেছেন, বলেছেন এটা 'একজন সাধারণ পদার্থবিদের ছেলেমানুষী অ্যাপ্রোচ।' তিনি আরো বলেছেন,'একটি জীবন্ত প্রাণীর স্থানিক সীমানার ভেতরে স্থান এবং কালে সংঘটিত ঘটনাবলিকে কীভাবে পদার্থবিদ্যা ও রসায়নের সাহায্যে ব্যাখ্যা করা যায়?' তিনি বলেছেন তাঁর কালের (অর্থাৎ ১৯৪৪ সালের) বিজ্ঞান এ প্রশ্নের যথাযথ সমাধান দিতে না পারলেও ভবিষ্যতের বিজ্ঞানের সেটা না-পারার কিছু নেই। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্তমানে প্রাণের লক্ষণ ও সংজ্ঞা সম্পর্কে আধুনিক বিজ্ঞানী অনেকটাই ওয়াকিবহাল। দেখুন, এরিক চেইসন কী ভাবছেন, "(প্রাণ হলো) এক মুক্ত, সুসঙ্গত, স্থান-কাল কাঠামো যা এর মধ্য দিয়ে শক্তির সরবরাহের মাধ্যমে তাপীয় সুস্থিতির বিপরীতে অবস্থানকারী এমন এক কার্বন-ভিত্তিক সিস্টেম যা পানীয় মাধ্যমে বাস করে এবং যাদের উচ্চতর প্রজাতি অক্সিজেনের বিপাকের সাহায্যে জীবন ধারণ করে।"
নোবেল-জয়ী বেলজিয়ান জীববিজ্ঞানী ক্রিস্টিয়ান ডি-ডিউভের মতে প্রাণের মৌলিক লক্ষণগুলো এরকম
১. জীবনের একক কোষ। এক কথায়, কোষ হলো পানিভর্তি ব্যাগ যার মধ্যে নানা রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া চলে। কোষের আবরণীর মধ্যে প্রাণের সকল কার্যকারিতা (বৃদ্ধি ও বিভাজন) প্রকাশ পায় এবং সীমাবদ্ধ থাকে।
২. এককোষী প্রাণী যেমন আছে (ব্যাকটেরিয়া, ইস্ট, শৈবাল ইত্যাদি), তেমনি আছে বহুকোষী প্রাণী (স্পঞ্জ, মশা, মাছি, আমগাছ, বিড়াল ও মানুষ ইত্যাদি)।
৩. কোষের সকল বিপাকীয় ক্রিয়াদি এবং জৈবনিক কার্যক্রম চালনা করতে বাইরের পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করতে হয়। সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বিপাকের জন্য দরকারী শক্তি-বহনকারী অণু অ্যাডিনোসিন ট্রাইফসফেট (এটিপি) তৈরি হয়। উদ্ভিদকোষে ক্লোরোফিল থাকায় সূর্য-রশ্মি থেকে সরাসরি এটিপি তৈরি করা যায়। প্রাণিকোষের শক্তি-তথা-খাদ্য-উৎসের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়।
৪. খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে বিপাকীয় কার্য সমাধা করা কোষের একটি প্রধান কাজ। এই কাজের মূলে সহায়তা করে নানারকমের রাসায়নিক বিক্রিয়া। এই সব বিক্রিয়ার সমাহারই বিপাক প্রক্রিয়া।
৫. বিপাকীয় কাজের সকল নির্দেশাবলী আসে ডিএনএ'র জেনেটিক কোড থেকে।
৬. পরিবেশের সাথে খাপ-খাইয়ে বিপাকীয় কার্যাদি চালিয়ে গতিময় সাম্যাবস্থা বজায় রাখতে কোষের চাই একটি সুন্দর ও কার্যকর নিয়ন্ত্রণকারী বা রেগুলেটরি প্রক্রিয়া। এসব নিয়ন্ত্রণ-ব্যবস্থা বেশ জটিল এবং এর সব কিছু এখনো স্পষ্ট নয়।
৭. কোষ বিভাজিত হয় এবং বংশবিস্তার করে। এই জটিল কিন্তু অবশ্য-প্রয়োজনীয় কাজটি কোটি বছর ধরে অত্যন্ত নির্ভুলভাবে কোষে সংঘটিত হচ্ছে। কোষের সকল তথ্য সঞ্চিত থাকে ডিএনএ'র ভেতর।
৮. পরিবেশের সাথে সারাক্ষণ খাপ-খাইয়ে চলার জন্য কোষের তাপমাত্রা, লবণাক্ততা, আয়নসমূহের যথাযথ বৈষম্য, খাদ্য ইত্যাদি সর্বদাই নিয়ন্ত্রণ ও পরিবর্তনের মধ্যে রাখতে হয়। কোষকে অ্যাডাপ্ট করার ক্ষমতা রাখতে হয়। তাই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তার ফাংশনাল পরিবর্তন আনতে সাহায্য করে নির্বিচারী যদৃচ্ছ মিউটেশন। এর ফলে এর জেনেটিক তথ্যে আচমকা বদল ঘটে। এই বদল যদি পরিবর্তনশীল পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে, তো ঐসব পরিবর্তিত কোষের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। নচেৎ জীবনযুদ্ধে হেরে যেতে হয়। জয়ী কোষের জেনেটিক কোড পরবর্তী প্রজন্মে বাহিত হয়।
জীবনের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। এই অসংজ্ঞায়িত বিনির্মিত জিনিসটিকে আমরা লক্ষ্মণ দিয়ে চিনি। জীবনের কিছু চিরকালীন লক্ষ্মণ আছে যা দেখলেই আমরা বুঝতে পারি যে জিনিসটি জীবন্ত। তাই 'জীবন' বলতে কয়েকটি বিমূর্ত লক্ষ্মণই আমরা বুঝি। এক জীবন্ত বস্তু আরেক জীবন্ত বস্তুকে দেখলেই যেন অবচেতনেই বুঝে ফেলে যে সে একা নয়। 'জীবন' নামক কৌশল এই অ্যালগরিদমটিকে একেবারে জীবনের একক কোষের হার্ডওয়্যারে যেন ঢুকিয়ে দিয়েছে। জীবন্ত বস্তু খাবার খায়, খাদ্য অন্বেষণ করে, তার জন্য প্রতিযোগিতা করে, আমৃত্যু সংগ্রাম করে। আর করে বংশবিস্তার। বেঁচে থাকার এক অমোঘ নিয়তি যেন এই বংশবিস্তার। খাবার খেয়ে কিছু সময়ের জন্য শক্তি অর্জন করে অবসর পাওয়া মাত্রই কোষের কাজ বংশবিস্তার করা। এই দুই মৌলিক প্রক্রিয়াই জীবন তথা প্রাণসত্তার অন্তর্নিহিত জৈবিক গুণাগুণ। তাই 'জীবন খুবই জটিল ও সমন্বিত একটি প্রপঞ্চ' বলছেন লারকুইন।
শ্রোয়েডিঙ্গারের পূর্বোক্ত বইখানি প্রাণ ও জীবনের উৎপত্তি বিষয়ক আলোচনার এক পথিকৃৎ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। কয়েক প্রজন্ম বিজ্ঞানী তাঁর এই বই দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। যদিও এই বই বৈজ্ঞানিক তথ্যে ঠাসা জীববিজ্ঞানের ওপর প্রামাণ্য কোনো গ্রন্থ নয়। কিন্তু জীবন ও প্রাণ সম্পর্কে এই বইটি বেশ কিছু মৌলিক প্রশ্ন তুলেছিল এবং এ সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণার ভিত নির্মাণ করেছিল। রজার পেনেরোজের মতে এই বইটি 'এই (বিংশ) শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বিজ্ঞান-বিষয়ক লেখনীর অন্যতম।' এই বইয়ের রচনার সময়ে ডিএনএ আবিষ্কৃত হয়নি। তাই শ্রোয়েডিঙ্গার জীবনের অনুলিপির মূলে একটি 'অপর্যাবৃত্ত কেলাস' (অ্যাপিরিয়ডিক ক্রিস্টাল) আছে বলে মনে করতেন। শুধু একটা বৃহদাণু থাকলেই হলো যে নিজেই নিজের কপি করতে পারে। এদের সাধারণ নাম 'রেপ্লিকেটর'। ডিএনএ বা আরএনএ অণু এমনই সব রেপ্লিকেটর। যদি কোনো জলীয় দ্রবণে এরা থাকে এবং এদের গঠনকারী অন্যান্য নিউক্লিক অ্যাসিডগুলো থাকে তবে এদের কপি এরা নিজেরাই তৈরি করতে পারে। অবশ্য এখানে তাপমাত্রাও একটা ভূমিকা রাখে। তাপমাত্রা এমন থাকতে হবে যাতে মাধ্যমটি তরল অবস্থায় থাকতে পারে এবং এতে অণুসমূহের চলাচল অবাধ হয়। আরেকটি ভৌত নিয়ম প্রাণের জন্য অপরিহার্য। সেটা হলো কোষের ভেতর ও বাহিরের নন-ইকুইলিব্রিয়াম বা অসামঞ্জস্য। কোষ প্রাচীরের ভেতরের রাসায়নিক পরিবেশ, লবণাক্ততা, মূলক ও আয়নের উপস্থিতি বাইরের থেকে অবশ্যই আলাদা হতে হবে। কিন্তু আবার একেবারে অচ্ছেদ্য করা যাবে না। তাহলে বিপাক সম্ভব হবে না। কারণ প্রাণের দুটি লক্ষ্মণ অত্যন্ত স্পষ্ট ; বিপাক ও বংশবিস্তার।
পৃথিবীতে এই যে বর্ণাঢ্য ও বিচিত্র জীবন আমরা দেখি, প্রাণের যে এক অফুরন্ত ভাণ্ডার এবং অসাধারণ প্রকাশ ও বিকাশ আমরা দেখি, তার মূলে রয়েছে কয়েকটি অভিন্ন প্রক্রিয়া। তাই অনেকেই বলেন 'দেয়ার ইজ ওনলি ওয়ান লাইফ ইন আর্থ' -পৃথিবীতে একটিই প্রাণ আছে। সুন্দরবনের সুন্দরী বৃক্ষ, রয়েল বেঙ্গল টাইগার, প্রজাপতি ও ইলিশ মাছ একে অপর থেকে কতই না পৃথক। কিন্তু এদের সবার কোষের মধ্যেই প্রায় অভিন্ন প্রক্রিয়া চলছে। বৈসাদৃশ্য আছে, কিন্তু একটা অভিন্ন সুর লক্ষ করা যায়। কোষের সকল তথ্য, তার ঠিকুজি-কুলুজি লেখা থাকে নিউক্লিয়াসের অভ্যন্তরে কুন্ডলিত বৃহদাকৃতির অণু ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের ক্ষার-অণুর তিনটি করে নিয়ে তৈরি কোডের সমাহারে। ডিএনএ'তে চারটি নাইট্রোজেন-সমৃদ্ধ ক্ষার অণু (অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন) জোড়ায় জোড়ায় ফসফেট চিনির দ্বারা সংযুক্ত থাকে। ১৯৫৩ সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএ'র কাঠামো আবিষ্কার করেন। এই ষাট বছরে কোষের জেনেটিক তথ্য নিয়ে আমরা অনেকখানি জেনেছি। জিনোম প্রজেক্টের মাধ্যমে মানুষের জিন-লিপি উদ্ধার হয়েছে, অতিসম্প্রতি বাঙালি বিজ্ঞানীদের নেতৃত্বে পাটের জিন-রহস্য উদ্ঘাটিত হয়েছে। তিনটি করে ক্ষার-অণুর জোড়া নিয়ে তৈরি হয় জিন-কোড এবং প্রতিটি কোড একটি করে অ্যামিনো অ্যাসিডের সূত্র বহন করে। এরকম কুড়িটি অ্যামিনো অ্যাসিডের সেট আছে যা পৃথিবীর সকল জীবকুল ব্যবহার করে। সরলতম ব্যাকটেরিয়ায় এক মিলিয়ন ক্ষার-জোড়া বা বেইজ-পেয়ার থাকে এবং সেখান থেকে তিনটি করে কোড নির্বাচন করলে বিন্যাস দাঁড়ায় এক-এর পর ছয়লক্ষ শূন্য (১৬,০০,০০০)! মানুষের বেইজ-পেয়ারের সংখ্যা কয়েক বিলিয়ন, তাহলে সম্ভাব্য বিন্যাস সংখ্যা কত হতে পারে চিন্তা করুন! এভাবে প্রতিটি অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল নিয়ে গড়ে ওঠে প্রোটিন। এই প্রোটিনই কোষের সকল কাজের কাজী। এই প্রোটিনই নির্ধারণ করে কোষের বিপাক, বৃদ্ধি — সবকিছু। আমাদের হজমে সাহায্য করে যে ব্যাকটেরিয়া, অন্ত্রে বসবাসকারী সেই এশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়ায় ৪,৬৩৯,২২১ সংখ্যক বেইজ-পেয়ার আছে (৪২৮৮ জিন) এবং মানুষের আছে ৩ বিলিয়নেরও বেশি (> ৩৫,০০০ সংখ্যক জিন)। তাহলে চারটি ক্ষার অণুকে তিনটি করে সাজালে ৪৩= ৬৪ টি সম্ভাব্য সমাবেশ পাওয়া যায়। এদের প্রতিটিকে কোডন বলে। যেমন অ,ঞ,এ,ঈ ক্ষার অণুর আদ্যক্ষর নিয়ে অঅএ বা অঅঅ একটি কোডন যা লাইসিন নামের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। কাজেই চৌষট্টিটি কোডন দিয়ে বিশটি অ্যামিনো অ্যাসিড নির্দেশিত হবে। ফলে একটি অ্যামিনো অ্যাসিডের জন্য অনেক সময়ে একের অধিক কোডন নির্ধারিত থাকে। এই হলো পৃথিবীতে জীবনের কেতাব যেখানে কোডন-অক্ষরের সমন্বয়ে তৈরি হয় অ্যামিনো শব্দ। অ্যামিনো-শব্দের সমাহারে তৈরি হয় প্রোটিন-বাক্য। এসব বাক্য দিয়ে তৈরি হয় অধ্যায় (অঙ্গ-প্রত্যঙ্গ), অধ্যায়ের সমাহারের হয় বই (দেহ)। আরো মজার ব্যাপার অ-ক্ষার শুধুই ঞ-ক্ষারের সাথে জোড় গঠন করে এবং এ অবশ্যই সর্বদা ঈ-এর সাথে জোড় গঠন করে। ফলে ডিএনএ'র কুন্ডলীর একপাশের ফিতায় কোডনের ক্রম থেকে অন্যপাশের ফালিতে কী থাকবে তা পরিস্কার বোঝা যায়। এই পরিপূরকতা জীবনের জন্য খুবই উপযোগী।
ডিএনএ'র কোডন-বার্তা কীভাবে প্রোটিনে রূপান্তরিত হয় ? সেও এক অতি চমৎকার জৈবনিক সংঘটন। ডিএনএ'র জিন থেকে প্রোটিন তৈরির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত চমকপ্রদ, কয়েক বিলিয়ন বছরব্যাপী এই প্রক্রিয়া কোষের অভ্যন্তরে ঘটে চলেছে। চলুন দেখা যাক এই ঘটনা কীভাবে ঘটে। প্রোটিন সংশ্লেষণের সময়ে ডিএনএ'র প্যাঁচ খুলে যায়। তখন যেকোনো একপাশের ফিতা বা টেমপ্লেট অনুযায়ী (অর্থাৎ কোডনের ক্রম অনুসারে) তার অনুলিপি একটি আরএনএ'তে স্থানান্তরিত হয়। আরএনএ হলো রাইবোজ শর্করা-ভিক্তিক নিউক্লিক অ্যাসিড (যেখানে ডিএনএ হলো ডি-অক্সিরাইবোজ শর্করা ভিত্তিক নিউক্লিক অ্যাসিড)। বিশেষ এই আরএনএ'টির নাম মেসেঞ্জার আরএনএ বা বাহক আরএনএ। বাহক বা এম-আরএনএ'তে মূল ডিএনএ'র কোডনের পরিপূরক একটি কোড স্থানান্তরিত হয়। এই পুরো প্রক্রিয়াটির নাম ট্রান্সক্রিপশন বা অনুলিপন। আরেক ধরনের আরএনএ এই কাজে ব্যবহৃত হয় যার নাম ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। এর কাজ হলো অ্যামিনো অ্যাসিড সরবরাহ করা। কোষের অভ্যন্তরে প্রোটোপ্লাজমে ভাসমান বিশ্বজনীন সেই কুড়িটি অ্যামিনো অ্যাসিডের সেট টি-আরএনএ'দের সাথে সুন্দরভাবে নির্দিষ্ট বন্ধন তৈরি করে। তারপর এম-আরএনএ'র বাণী পড়ে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সবরবাহ দেয় টি-আরএনএ। আর পুরো কাজটা ঘটে রাইবোজোম নামের এক অত্যাশ্চর্ম আণবিক মেশিনে। এই আণবিক কম্পিউটার মেশিনটির কাজ হলো এম-আরএনএ'র কোডনগুলি পড়া এবং তদনুযায়ী টি-আরএনএ বাহিত অ্যামিনো অ্যাসিড সরবরাহ করা। এভাবে প্রোটিন সংশ্লেষিত হয়। একটি প্রোটিনের জন্য যে কয়টি কোডন প্রয়োজন হয় সেটিই হলো জিন। অর্থাৎ একটি প্রোটিনের জন্য রয়েছে একটি জিন যার মধ্যে থাকে একাধিক কোডন; যার মধ্যে আবার থাকে তিনটি করে ক্ষার অণু (অ,ঞ,এ বা ঈ )। অনুলিপনের এই কাজটি অত্যন্ত বিশ্বস্ততার সাথে নির্ভুলভাবে কোষের রাইবোজোম সম্পন্ন করে। এই একই প্রক্রিয়া পৃথিবীর সকল জীবকোষে প্রায় সার্বজননীনভাবে সংঘটিত হয়। তাই সত্যিই পৃথিবীতে একটিই জীবন প্রবাহিত হচ্ছে।
ডিএনএ'র কোডন অনুক্রমে আকস্মিক কিছু পরিবর্তন দেখা দেয়। দেখা গেল, হঠাৎই হয়ত কোনো অক্ষর নেই। কাজেই সংশ্লিষ্ট প্রোটিন সিন্থেসিস বাধাগ্রস্ত হবে। এতে জীবের দেহে পরিবর্তন আসে। একে বলে মিউটেশন। অধিকাংশ সময়ে মিউটেশন জীবদেহের বা কোষের জন্য কোনো ভালো কিছু বয়ে আনে না। কিন্তু কদাচিৎ দুয়েকটা পরিবর্তন পরিবেশে কোষের জীবনধারণে একটা বড় সুবিধে করে দেয়। প্রতিযোগীদের তুলনায় সে তখন একটা বাড়তি সুবিধা পায়। ফলে প্রজাতির বিবর্তন ঘটে। সে নতুন পরিবেশে নতুন করে বাঁচে। তাই মিউটেশন জীবন-সংগ্রামের এক অপরিহার্য সহায়ক। যেমন আমাদের দেশে সামান্য সর্দিকাশি হলেই আমরা অ্যান্টিবায়োটিক সেবন করি। এরা অত্যন্ত উচ্চশক্তির ওষুধ যা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাসকে সমূলে উৎপাটন করে। কিন্তু অতিসেবনের ফলে দেখা যাচ্ছে জীবাণুদের দেহকোষের ডিএনএ'তে মিউটেশনের ফলে তাদের এমন মিউট্যান্ট তৈরি হয়েছে যারা অ্যান্টিবায়েটিক-রোধী। তাই আজকাল দেখা যাচ্ছে যক্ষ্মারোগের পুনরাগমন, যদিও এই নতুন ধারাটি এখনো নিয়ন্ত্রণের মধ্যে আছে। আজকালকার মশাদের ডানা বেশ শক্তপোক্ত দেখা যায়, ফ্যানের বাতাসেও তারা ভালোই উড়তে পারে। এটাও ক্রমবিকাশের উদাহরণ। আজ থেকে দশবছর পর যে অ্যারোসোল আমরা এখন ব্যবহারে করি সেটা কোনো মশাই মারতে পারবে না। কারণ মশাদের ও মাইক্রো-বিবর্তন ঘটবে। তারাও চটজলদি অ্যারোসোল-নিরোধী প্রোটিন আবিষ্কার করবে। একই ধরনের কাজ মানুষও কৃত্রিমভাবে করে জেনেটিকালি মডিফায়েড শস্যে। শস্যের ডিএনএ'তে এমন পরিবর্তন করা হয় যাতে তারা কীটপতঙ্গকে দূরে সরিয়ে রাখতে পারে। ফলে প্রাকৃতিকভাবেই কীটনাশকতার কার্য সাধিত হয়। টন-কে-টন রাসায়নিক কীটনাশকের দরকার পড়ে না যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এভাবে জীবনের বিকাশ বিবর্তনের ক্রমধারায় প্রাকৃতিক পরিবেশের সাথে নিরন্তর সংগ্রামের মাধ্যমে বিকশিত হয়ে চলেছে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের প্রথম গল্পগ্রন্ত্রের নামের সাথে প্রাকৃতিক পরিবেশে জীবন সংগ্রামের এই 'উৎস থেকে নিরন্তর' সংগ্রামের নামের যাথার্থ্য দেখা যায়।
কোষের বংশবিস্তার ও তথ্য প্রক্রিয়াকরণের কর্মকান্ডের পাশাপাশি আরো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিপাকক্রিয়া। কোষকে বেঁচে থাকতে হলে শক্তির প্রয়োজন। বংশবিস্তার, ডিএনএ অনুলিপন এবং কোষ-প্রাচীরের ভেতরে-বাইরে নন-ইকুইলিব্রিয়াম বজায় রাখা– এসবের জন্যই শক্তি প্রয়োজন। কোষ এই শক্তি সংগ্রহ করে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে। সাধারণত এসব খাদ্য প্রকৃতিতে বিভিন্ন জটিল অণু আকারে থাকে। সেসব জটিল অণুকে ভেঙ্গে সরল অণুতে নিয়ে আসতে হয়। বিশেষ করে এমনভাবে তাদের সঞ্চয় করে রাখা দরকার, যাতে অণুগুলো খুব জটিলও নয় আবার খুব সরলও নয় এমন থাকে, আবার শক্তি সঞ্চয় করেও রাখা গেল। এই কাজটি পৃথিবীর সকল জীবন্ত কোষ এটিপি (অ্যাডিনোসিন ট্রাই ফসফেট) অণুর সাহায্যে সম্পন্ন করে। এটিপির মধ্যে থাকে দুটি শক্তি-সমৃদ্ধ ফসফো-অ্যানহাইড্রাইড বন্ধন। কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়ায় এই বন্ধন দুটি ভেঙ্গে গিয়ে শক্তি নির্গমন করে। তাই এটিপিকে সার্বজনীন শক্তি-উৎস বলা যায়। পৃথিবীতে যত জীবকোষ দেখা যায় তারা সবাই মোটামুটি তিনটি উপায়ে বাইরের খাদ্য-উৎস হতে এটিপি তৈরি করে। এই তিনটি উপায় হলো : গ্লাইকোলাইসিস (শর্করা বিভাজন), সালোক সালোকসংশ্লেষণ (ফটোসিন্থেসিস) ও শ্বসন। শর্করা বিভাজনের প্রক্রিয়াটি সবচেয়ে প্রাচীনতম প্রক্রিয়া যা অক্্িরজেনের অনুপস্থিতিতে এটিপি সংশ্লেষণ করে। সালোকসংশ্লেষণ সূর্যের আলোকে ব্যবহার করে এবং শ্বসন একটি সবাত ক্রিয়া অর্থাৎ বাতাসের অক্সিজেনকে ব্যবহার করে। মজার ব্যাপার, উদ্ভিদ কোষ তিনভাবেই এটিপি তৈরি করতে পারে। কিন্তু প্রাণিকোষে ক্লোরোপ্লাস্ট না থাকায় এরা সালোকসংশ্লেষণ বাদে শুধু অন্য দুটি উপায়ে এটিপি তৈরি করে।
বংশবিস্তার ও তথ্য প্রক্রিয়াজাত এবং বিপাক হলো জীবনের দুটি প্রাথমিক ও মৌলিক শর্ত। এই দুটো প্রক্রিয়ার উদ্ভব প্রাণের উদ্ভবের চিরন্তন সমস্যার সমাধানে উল্লেখযোগ্য অবদান রাখে। পৃথিবীর আদিম পরিবেশে কীভাবে এইসব রাসায়নিক বিক্রিয়ার উদ্ভব হয়, কীভাবে এইসব ছোট ছোট ন্যানোমেশিনের (রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি) উদ্ভব হলো সেসবই পৃথিবীতে প্রাণের উদ্ভব রহস্যের চাবিকাঠি ধারণ করে। জীবনের মূল প্রক্রিয়া জানার পর স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে এই প্রক্রিয়াগুলির উদ্ভব কী করে, কেমন করে হলো? প্রাগৈতিহাসিক পৃথিবীর কেমন পরিবেশেই বা প্রথম প্রাণময় কোষের আবির্ভাব ঘটেছিল? প্রাগৈতিহাসিক পৃথিবীর আবহাওয়া খুবই অন্যরকম ছিল। তার সাথে আজকের আকাশ-বাতাসের কোনো মিলই নেই। প্রায় চার বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর ঘূর্ণন ছিল দ্রুত, চাঁদ ছিল বর্তমানের তুলনায় চার গুণ নিকটবর্তী (ফলে প্রতি তিনঘন্টা অন্তর আজকের তুলনায় অনেক শক্তিশালী জোয়ার-ভাটা হতো), বাতাসে মেথেন, পানি, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ও কার্বন-ডাই-অক্সাইডের প্রধান্য ছিল। অক্সিজেনের লেশমাত্র কোথাও ছিল না। নাইট্রোজেন নীল রং বিক্ষেপ করে বলেই আজকের আকাশ নীল দেখায়। কিন্তু তখন তো নাইট্রোজেনের প্রাধান্য ছিল না, তাই আকাশ ছিল রক্তিম বর্ণের, সূর্য দেখতে নীলচে রঙের ছিল। প্রবল বাতাসের প্রবাহ ও তিন ঘন্টা অন্তুর আদিম সমুদ্রের জোয়ারে সেই সময়ের নরক-তুল্য পৃথিবী দেখলে কে বলত এই গ্রহেই একসময় সুজলা-সুফলা শস্য-শ্যামল প্রান্তর দেখা দেবে!
আদিম পৃথিবীর বাতাবরণের সাথে শুক্রগ্রহের বাতাবরণের মিল ছিল বলে মনে করা হয়। এখন সেখানে পুরু মেঘমন্ডলের উপস্থিতি লক্ষ করা যায় এবং এই মেঘমণ্ডলের নিচে গ্রিনহাউজ গ্যাসের কারণে পৃষ্ঠের তাপমাত্রা ৪৬০ ডিগ্রি সেলসিয়াস থাকে। এই তাপমাত্রায় তরল পানির উপস্থিতি সম্ভব নয়। তাই শুক্রগ্রহে প্রাণের সম্ভাবনা কম। একইভাবে সূর্য থেকে বেশি দূরে অবস্থিত বলে মঙ্গলের তাপমাত্রা খুবই কম। তাই এই দুই গ্রহে প্রাণের সম্ভবনা কম। তবে এদের উৎপত্তি হয়েছিল মোটামুটি একই কাঁচামাল দিয়ে। প্রথম দিকে পৃথিবীতে হাইড্রোজেন, হিলিয়াম, মেথেন, পানি, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইডের প্রাধান্য ছিল। উদ্বায়ী বিধায় প্রথম দুটি গ্যাস শীঘ্রই মহাশূন্যে হারিয়ে যায়। নাইট্রোজেন ব্যতীত বাকি গ্যাসগুলো সূর্যের অবলোহিত রশ্মির দ্বারা আলোক-বিশ্লেষণ (ফটোলাইসিস) প্রক্রিয়ায় ভেঙ্গে মৌলিক গ্যাসে পরিণত হয়। পৃথিবীতে তরল পানির সমুদ্র থাকায় ফটোলাইসিস প্রক্রিয়ায় যে কার্বন-ডাই-অক্সাইড ও সালফার-ডাই-অক্সাইড উৎপন্ন হয় সেসব ঐ সমুদ্রে দ্রবীভূত হয়ে যায়। কালক্রমে এরা শিলীভূত হয়ে বিভিন্ন শিলার অংশে পরিণত হয়। কয়েক কোটি বছর পর পৃথিবীর আকাশ নীল হয়ে আসে। কিন্তু তার আগ পর্যন্ত পৃথিবীর বাতাবরণে বিজারকদের উপস্থিতি বেশি ছিল (অর্থাৎ হাইড্রোজেন, মেথেন, অ্যামোনিয়ার প্রাধান্য) বলে অনেকেই মনে করেন। এই অবস্থায় পৃথিবীতে প্রাণের জন্য অপরিহার্য কিছু বৃহদাণু তৈরি হয়ে থাকতে পারে বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন। তাঁরা মনে করেন তখনো পৃথিবী যথেষ্ট জীবননোপযোগী হয়নি, তখনো বাতাস ও মাটিতে কার্বন ও নাইট্রোজেনের সহজলভ্যতা প্রতিষ্ঠিত হয়নি। এমনি সময়ে কিছু প্রাথমিক হাইড্রোকার্বন চেইন, অ্যারোম্যাটিক যৌগ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি তৈরি হয়ে থাকতে পারে। এদেরকে ভিত্তি করেই পরবর্তীতে প্রাণের বিকাশ ঘটেছে বলে অনেকে মনে করেন। এ সংক্রান্ত একটা অত্যন্ত মজাদার ক্লাসিক এক্সপেরিমেন্ট আছে।
আলেক্সান্দার ওপারিন এবং জে.বি.এস. হ্যালডেনের মতো অনেক বিজ্ঞানীই মনে করতেন যে আদিম পৃথিবীর বিজারক-বাতাবরণ জৈব-যৌগ সংশ্লেষণের অত্যন্ত উপযোগী একটি মাধ্যম। বাতাসে যদি হাইড্রোজেন বা হাইড্রাইড-সমৃদ্ধ গ্যাসের আধিক্য থাকে তবে সেই বাতাসকে বিজারণ-ক্ষম বা রিডিউসিং অ্যাটমোস্ফিয়ার বলা যায়। এইরকম বাতাবরণে জৈবযৌগ তৈরি হতে পারে কি-না সেটা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিলেন স্ট্যানলি মিলার। ১৯৫৩ সালে তিনি নোবেল-লরিয়েট বিজ্ঞানী হ্যারল্ড ইউরে'র ছাত্র। মিলার পরীক্ষাগারে আদিম পৃথিবীর বাতাবরণের একটা ক্ষুদ্র সংস্করণ তৈরি করতে সক্ষম হলেন। একটি কাঁচের ফ্লাস্কে বাতাস নিষ্কাশন করে তাতে মেথেন, পানি, হাইড্রোজেন ও অ্যামোনিয়া গ্যাস ভরলেন। পানিকে ফুটিয়ে বাষ্পও তৈরি করলেন। ধাতব ইলেকট্রোড দিয়ে বৈদ্যুতিক স্পার্কেরও ব্যবস্থা করলেন। অর্থাৎ আদিম পৃথিবীর বাতাবরণে যা যা ছিল তার সবই পরীক্ষাগারে তাঁর যন্ত্রপাতিতে ছিল, এমনকি বজ্রপাতকে বৈদ্যুতিক স্পার্কের সাহার্য্যে সিমুলেট করা হলো। অতঃপর পরপর কয়েকদিনের উপর্যুপরি স্পার্ক এবং একই গ্যাস-মিশ্রণ বারবার চালনার শেষে তিনি কমলা-লাল রঙের একটা দ্রবণ পেলেন। অত্যন্ত কৌতূহলের বিষয় এই যে, এই দ্রবণে বিশটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে দশটিই পাওয়া যায়; আরও ছিল আরএনএ'র রাইবোজ সহ অন্যান্য শর্করা। তাছাড়া আরএনএ'র গাঠনিক উপাদান নাইট্রোজেন-সমৃদ্ধ ক্ষার-অণু অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরেসিলও পাওয়া গেল। ফ্লাস্কের গ্যাস-মিশ্রণে উপর্যুপরি বৈদ্যুতিক স্পার্কের ফলে স্ফুলিঙের অতিবেগুনী রশ্মি দ্বারা ফরমালডিহাইড তৈরি হয় যা পরে অ্যামোনিয়া ও হাইড্রোজেন সায়ানাইডের সাথে মিলে তৈরি করে অ্যামিনোনাইট্রাইল। এটাই পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড। অন্যদিকে অ্যাডেনিন তৈরি হয় হাইড্রোজেন সায়ানাইডের পাঁচটি অণুর সম্মিলনে। মেথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন সমৃদ্ধ গ্যাস-মিশ্রণে বজ্রপাত হলে বা বৈদ্যুতিক স্ফুলিঙ্গের উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইড ও ফরমালডিহাইড তৈরি হয়। এই দুটি উপাদান এমনকি আন্তঃনাক্ষত্রিক গ্যাসেও পাওয়া গেছে। কাজেই এরা শুধু পৃথিবীতে নয়, নভোমন্ডলেও উপযুক্ত রাসায়নিক পরিবেশে তৈরি হতে পারে। ফরমালডিহাইডের পলিমারাইজেশনের ফলে রাইবোজ সহ অন্যান্য শর্করা পাওয়া যায়। কাজেই মিলার প্রমাণ করলেন যে প্রাণের জন্য অপরিহার্য প্রায় সকল অণুই প্রাচীন পৃথিবীর বিজারক বাতাবরণের উপস্থিতিতে তৈরি হতে পারে। এটা কোনো ম্যাজিক নয়, শ্রেফ রসায়ন। পর্যাপ্ত দীর্ঘকাল (মিলিয়ন-বিলিয়ন বছরের পরিসরে) এই প্রক্রিয়া পৃথিবীর মতো পরিসরে আরো অন্যান্য গ্যাসের উপস্থিতিতে প্রাণের মূল উপাদানগুলো তৈরি হতে পারে। তবে দেখা গেছে, এই পরিবেশে অক্সিজেনের উপস্থিতিতে পুরো ব্যাপারটাই কেঁচে যায়। তাই প্রাচীনতম কোষ অবশ্যই অক্সিজেন নিত না, এটা ছিল তার জন্য বিষ। আমাদের জন্য যেমন উক্ত পরিবেশ সাংঘাতিক বিষাক্ত। আমরা অবশ্য জানি যে, পৃথিবীর প্রাচীনতম শিলায় জারণ-ক্রিয়ার কোনো চিহ্ন নেই– এর অর্থ হলো আদিম পরিবেশে অক্সিজেনের নিশ্চিত অনুপস্থিতি।
মিলারের পরীক্ষার কিছু সীমাবদ্ধতাও আছে। এই পরীক্ষণের নানা ভ্যারিয়েশন অনেকেই পর্যবেক্ষণ করেছেন। কাজেই প্রিমিটিভ কেমিস্ট্রির বিষয়ে আমাদের জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তবে একটা ব্যাপার কৌতূহলোদ্দীপক যে, অ্যামিনো অ্যাসিড তৈরির পথে মধ্যবর্তী ধাপ হলো ফরমালডিহাইড ও হাইড্রোজেন সায়ানাইড তৈরি করা। মহাশূন্যে বিভিন্ন উল্কা ও ধূমকেতুতে এবং অন্তঃনাক্ষত্রিক গ্যাসেও কিন্তু এদের সুস্পষ্ট অস্তিতে¦র সন্ধান পাওয়া গেছে। মহাশূন্যে সবচেয়ে সহজলভ্য কঠিন বস্তু সম্ভবত পানির জমাট বরফকণা। তাছাড়া অন্তঃনাক্ষত্রিক গ্যাসে মেথানল ও এথানলের (সাধারণ মদ) উপস্থিতি দেখা গেছে। এমনকি সায়ানো এসিটিলিনের মেঘও দেখা গেছে। এই যৌগটি হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করে আরএনএ'র ক্ষার-অণুগুলো তৈরি করে। আরেকটি ব্যাপার, প্রকৃতিতে অ্যামিনো অ্যাসিডের দুরকম ত্রিমাত্রিক গঠন দেখা যায়; বাঁ-হাতি গঠন ও ডান-হাতি গঠন। এরা পোলারিত আলোকে যথাক্রমে বাম দিকে ও ডান দিকে ঘুরিয়ে দেয়। জীবন্ত কোষে বাঁ-হাতি অ্যামিনো অ্যাসিডের প্রধান্য দেখা যায়। কিন্তু মিলার-জাতীয় পরীক্ষায় দুই-দিকের অ্যামিনো অ্যাসিডই দেখা যার। তবে গ্রহাণুর থেকে প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডে বাঁ-হাতি অ্যাসিড বেশি দেখা যায়। এর অন্তর্নিহিত কারণ আজো অজ্ঞাত। তাছাড়া জীবন যে শুধু গ্রহের পৃষ্ঠে বাতাবরণের উপস্থিতিতে সৃষ্টি হবে তা-ও নয়। গভীর সমুদ্রের তলদেশে সেখানে দুটি মহাদেশীয় প্লেট একে অপর থেকে বিপরীতদিকে চলে যাচ্ছে, সেখানে অস্বাভাবিক টানের সৃষ্টি হয়। এই অঞ্চলে ভূ-ত্বকের পুরুত্ব খুব কম থাকে এবং এখানে অনেক ছিদ্র বা াবহঃং দেখা যায়। এইসব ছিদ্র্র দিয়ে মহাসমূদ্রের পানি ভূ-ত্বকের নিচের ম্যাগমার সংস্পর্শে আসে। ফলে এখানে পানির চাপ খুবই বেশি থাকে। অত্যাধিক চাপের ফলে স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়। তাই এইসব অঞ্চলের তাপমাত্রা ৪০০-৪৫০ ডিগ্রি হওয়া সত্ত্বেও বাস্প তৈরি হয়না। এইসব অঞ্চলের নাম হাইড্রোকার্বন ভেন্ট্স্। এ রকম চরম ও পরম পরিবেশেও বিজ্ঞানীরা প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। প্রাচীন পৃথিবীতে এইরকম অঞ্চলের সংখ্যা বেশিই ছিল, তাই এইসব অঞ্চলেও প্রাণের বিকাশ হওয়া কিছু বিচিত্র নয়।
প্রাচীন পৃথিবীতে প্রাণ সৃষ্টির পূর্বে 'প্রি-বায়োটিক' পরিবেশে চরম ও পরম শর্তের অধীনে প্রাণসৃষ্টির সহায়ক জৈবযৌগের উদ্ভব ঘটেছিল। সেই পরিবেশ আজকের জীবজগতের জন্য হবে বিষবৎ। কিন্তু সেই বিষাক্ত প্রি-বায়োটিক সুপেই উন্মেষ ঘটেছিল প্রথম প্রাণের, আজ থেকে অন্তত তিন দশমিক আট বিলিয়ন বছর আগে। আমরা দেখেছি, বিভিন্ন জৈব যৌগ, শর্করা, বিজারণ-ক্ষম পরিবেশের উপস্থিতি, প্রচুর অগ্ন্যুৎপাত, পাশাপাশি উল্কাপাত– এসবের উপস্থিতিতে প্রাণের প্রাথমিক নিউক্লিয়টাইডগুলোর উদ্ভব হয়। আমরা আরো জানি, ডিএনএ'তে প্রোথিত জেনেটিক তথ্য অনুসারে প্রোটিন সংশ্লেষ হয়। প্রোটিন না থাকলে জীবদেহ থাকে না, ডিএনএ বা কোড না থাকলে প্রোটিন সংশ্লেষণ হয় না। তাহলে প্রচলিত লোক-প্রবাদ 'ডিম আগে না মুরগি আগে'র মতো প্রশ্ন করা যায়, ডিএনএ-জাতীয় জেনেটিক নীলনকশা আগে না প্রোটিন আগে ? ডিএনএ না আরএনএ আগে (কারণ আরএনএ ছাড়া ডিএনএ'র অনুলিপি হয় না)? বিপাক আগে না দেহ আগে?
সবকিছু বিবেচনা করে বিজ্ঞানীরা আজকাল বলছেন খুব সম্ভবত আরএনএ'ই সবার আগে জীবনের উদ্বোধন করেছে। বিপাকীয় ক্রিয়াকলাপ আসলে নানারকমের দরকারী রাসায়নিক বিক্রিয়ার সমাহার যেগুলো পরবর্তীতে বা একই সময়ে অন্য কোনোভাবে প্রকৃতিতে বিরাজমান ছিল। পরবর্তী সময়ে ধীরেধীরে ঐসব দরকারী কাজগুলোও কোষের ভেতর আত্তীকৃত হয়ে গেছে। যেমন মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে এবং সম্ভবত কোনো এক সময়ে এরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ ব্যাকটেরিয়া ছিল। পরে কোষের ভেতর আত্তীকৃত হয়েছে। জীবজগতে এরকম সিমবায়োসিস বা মিথোজীবিতা বিরল নয়। একসময়ে সম্ভবত ক্লোরোপ্লাস্টেরও স্বাধীন সত্তা ছিল, এখন এটি উদ্ভিদকোষের অপরিহার্য প্রত্যঙ্গ। প্রিবায়োটিক পরিবেশে আরএনএ'র মতো একটা টেমপ্লেটের, যে নিজেই নিজের কপি করতে পারে, উপস্থিতি জীবনের গতিকে বহুলাংশে ত্বরান্বিত করে। এই বৃহদাণুটি তখন জীবনের নীলনকশার আদর্শ বার্তাবাহক হিসেবে হাজির হয়। আর তাই প্রাথমিক সরলতম প্রাণ এই আরএনএ'কে ঘিরেই উদ্ভব হয়। জীবনের জটিলতা যত বৃদ্ধি পায়, ততোই আরো ভালো হাতিয়ারের বা মাধ্যমের সন্ধান শুরু হয়। তাই কালক্রমে আরএনএ'র জায়গায় ডিএনএ কোষের নিউক্লিয়াসে স্থান পায়। কিন্তু আদিম সরলতম প্রক্রিয়াদির দুয়েকটি আজো অকৃত্রিম রয়ে গেছে। আর সেসব প্রিবায়েটিক স্বাক্ষর থেকেই মানুষ চিনে নিচ্ছে তার প্রাগিতিহাস।
১৯৬০-এর দশকের শেষের দিকে কার্ল উয়েস, লেসলি ওরগেল এবং ডিএনএ-খ্যাত ফ্রান্সিস ক্রিক আলাদাভাবে 'আরএনএ জগতের' প্রস্তাব করেন। ওঁরা বললেন যে পৃথিবীর প্রাচীন পরিবেশটি এমন ছিল যাতে আরএনএ উদ্ভূত হতে পারে। এই প্রস্তাবনার নাম তাই 'আরএনএ ওয়ার্ল্ড'। বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণে বিজ্ঞানীরা তাই আজকাল মেনেই নিয়েছেন আরএনএ জগতের অবশ্যম্ভাবিতা। অনেক ভাইরাসের মধ্যে যেমন শুধুই আরএনএ থাকে; ডিএনএ'র গাঠনিক উপাদান ডি-অক্সি রাইবো নিউক্লিওটাইডদের (নাইট্রোজেন-সমৃদ্ধ ক্ষার- অণু যারা ডি অক্সি রাইবোজ শর্করা ও ফসফেট গ্রুপের মধ্যে বন্ধন তৈরি করে) সংশ্লেষণে রাইবোনিউক্লিওটাইড (আরএনএ'র উপাদান) লাগে, এমনকি ডিএনএ'র অনুলিপন প্রক্রিয়াটি আজো, সেই প্রাচীনতম কালের মতোই আরএনএ দ্বারা সাধিত হয়। তাই স্বভাবতই আরএনএ'কে ডিএনএ'র বড় ভাই ভাবা স্বাভাবিক। এমনকি প্রশ্ন উঠেছিল যে, আরএনএ'র গাঠনিক উপাদান সহজলভ্য, ভালো কথা, কিন্তু ওগুলো মিলে আরএনএ'র লম্বা ফিতা তৈরি হলো কীভাবে? অর্থাৎ পলিমারাইজেশনের কাজটি করল কোন এনজাইম? এর জবাব ১৯৮৩ সালে পাওয়া যায়। টমাস কেক ও সিডনি আল্টমান প্রমাণ করলেন যে আরএনএ'র নিজেরই অনুঘটন-ক্ষমতা আছে, অর্থাৎ সে নিজেও এনজাইম! এখন আমরা জানি যে, কোনো কোনো আরএনএ নিজেই নিজেকে (এবং অন্যকেও) কাটতে পারে, জোড়া লাগাতে পারে, (রাইবোজোমের ভেতরকার) আরএনএ নিজেরাই নিজেদের রেপ্লিকেট করতে পারে, এমনকি প্রোটিন সংশ্লেষণেও অনুঘটকের কাজ করতে পারে। আরএনএ'ই যেন আমাদের সকল কাজের কাজী (অন্তত প্রি-বায়োটিক পরিবেশে)! তবে কিছু বিপাকীয় রাসায়নিক বিক্রিয়ার ব্যাখ্যা আরএনএ দিতে পারে না, যেমন দিতে পারে তথাকথিত লোহা-গন্ধকের রাসায়নিক মডেল (আয়রন-সালফার ওয়ার্ল্ড)। এই রাসায়নিক মডেল কিছু শক্তি-উৎপাদনকারী বিপাক-কর্মকান্ডের সুন্দর রাসায়নিক সমাধান দেয়। সম্ভবত এ দুটো প্রক্রিয়ায় আদি পরিবেশে একত্রে কাজ করেছে।
এই হলো, সংক্ষেপে, পৃথিবীতে প্রাণের উদ্ভবের বৈজ্ঞানিক কথামালা এবং তত্ত্ব ও তথ্য। এটা এখনো কোনো প্রমিত মডেল নয়। এখনো এখানে আছে কিছু অসমাহিত প্রশ্ন, একটা প্রশ্ন যেমন, এমন কী হতে পারে যে নিউক্লিয়টাইডদের আমদানী হয়েছে উল্কা/গ্রহাণুর থেকে? কিন্তু মোটামুটি সব বিজ্ঞানীই একমত যে কোনো একক প্রার্থী নয়, সবেতে মিলেই গেয়েছে জীবনের জয়গান। এখানে প্রোটিন বিনে যেমন আরএনএ বিপাক করতে পারে না, তেমনি সেল্ফ-রেপ্লিকেটিং জেনেটিক কোড ছাড়া প্রোটিন বংশ-বিস্তার করতে পারে না। তাই কার্ল সেগান এনসাক্লোপিডিয়া ব্রিটানিকায় 'লাইফ' প্রবন্ধে লিখেছেন,
"এভাবেই সূর্য ও পৃথিবীর মাঝে জীবনের উদ্ভব হয়েছে। তারপর সে সূর্যের শক্তিকে নিজের কাজে লাগিয়ে পরিবেশকে নানাভাবে প্রভাবিত করেছে। কিছু কিছু পরীক্ষা ব্যর্থ হয়েছে এবং ফলে সেইসব জীব নির্বংশ বা পরিত্যক্ত হয়েছে। অন্য লাইনে পরীক্ষা সার্থক হয়েছে এবং পৃথিবীতে তারাই এখন প্রধান্য বিস্তার করেছে। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের ধারায় জীবনের নানা ধারা-উপধারা আজ বায়োস্ফিয়ারে বিরাজ করছে।"
তথ্যসূত্র:
১. 'অরিজিন্স অব লাইফ অ্যান্ড দ্য ইউনিভার্স', পল লারকুইন, ২০০৩।
২. 'হোয়াট ইজ লাইফ,' এরউইন শ্রোয়েডিঙ্গার, ১৯৪৪.
ফারসীম মান্নান মোহাম্মদী: বিজ্ঞান গবেষক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
