২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষিতা হেনাকে কোন অপরাধে দোররা মারা হলো?

বেবী মওদুদ

Published : 31 Mar 2011, 09:29 PM

Updated : 01 Jul 2022, 05:53 PM

শেষ পর্যন্ত শরিয়তপুরের কিশোরী হেনা হত্যা মামলা সর্বোচ্চ আদালতে উঠেছে এবং এর ন্যায় বিচারের জন্য প্রয়াস চালানো হচ্ছে। আমরাও সেটা চাই। হেনার লাশের দু'বার ময়নাতদন্ত হয়েছে। প্রথম বারের ময়নাতদন্তের রিপোর্টে কোর্ট সন্তুষ্ট না হওয়ায় কবর থেকে দ্বিতীয়বার লাশ তোলা হয়। তারপর আবার ময়নাতদন্ত এবং এবার একবারে নতুন রিপোর্ট। তার শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। প্রথম রিপোর্ট চিকিৎসকদের কারসাজি, বানানো এবং মিথ্যা হিসেবে পরিগণিত হয়েছে। কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে ঐ চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘটনা। কিশোরী হেনার ওপর হামলা করে তাকে ধর্ষণ করে তারই প্রতিবেশি সম্পর্কে ভাই হিসেবে পরিচিত। এরপর হেনার চীৎকার শুনে সবাই ছুটে এলেও ধর্ষকের স্ত্রী তাকে নির্যাতন করে গোপন অঙ্গ ঝলসে দেয়। হেনার বিরুদ্ধে গ্রাম্য সালিশের বিচার করে ফতোয়া জারি করে তাকে দোররা মারা হয়। দোররা মারার সময় সে মাটিতে পড়ে যায়। কিন্তু নির্যাতনের যন্ত্রণায় হেনাকে হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন পর সে মৃত্যুবরণ করে।

এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এ হচ্ছে হত্যা। নিষ্ঠুর পাশবিক নির্যাতনের শিকার হয়ে কিশোরী হেনা নিহত হয়েছে। এটাই হলো সত্য কথা। ফতোয়ার বিচার বসিয়ে তাকে কয়েকটি দোররা মারা হয়েছিল, কিন্তু পরে হাসপাতালে তার মৃত্যুকে ধর্ষকের সমর্থকরা আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করে। ফতোয়ার বিরুদ্ধে যখন মামলা দায়ের করা হলো, তখন কোর্টকে প্রথম ময়নাতদন্তের সাজানো রিপোর্টটি দেয়া হয়। এই রিপোর্টের জন্য সিভিল সার্জন ও তার সহকারি চিকিৎসকরা সমান অপরাধী। তারাও এই পাশবিক নির্যাতনের কোন আলামতের কথা কেন লিখলেন না? কাদের প্রভাবে এই হত্যাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করলেন?

হেনাকে ধর্ষনের পর স্বামীর পক্ষে কেমন করে যেতে পারে তার স্ত্রী? তারপরও তিনি একজন নারী হয়েও হেনাকে পাশবিকভাবে নির্যাতন করার সাহস দেখাল কীভাবে? স্বামীর জঘন্য অপরাধকে আড়াল করে তিনিও তো নিজেকেও অপরাধী হিসাবে দাঁড় করালেন। শুধু তাই নয়, হেনার ওপর পাশবিক নির্যাতন করার অপরাধেও তার বিচার ও শাস্তি হওয়া উচিত। গ্রাম্য সালিশের বিচারে ফতোয়া দেয়া যাবে না, এটা তো সরকারি সিদ্ধান্ত। দেশে যে প্রচলিত আইন আছে সেই আইনে বিচার হবে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে। বিশেষ আদালতও গঠন করা হয়েছে। তারপরও নড়িয়া থানার গ্রামে কীভাবে বিচারের নামে প্রহসন করা হলো? প্রশাসন ও থানা পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোয় যে কোনও খবর রাখে না? গ্রাম্য সালিশী বসিয়ে ধর্মের নামে এভাবে ফতোয়া দিয়ে দোররা মারা হলো, যেখানে ইউনিয়ন পরিষদের সদস্য উপস্থিত ছিলেন। একজনও কি সচেতন মানুষ ছিলেন না এই বিচার ও দোররা মারা বন্ধ করার জন্য? যেখানে মূল অপরাধীদের শুধু মাত্র শাস্তি হওয়া উচিত ছিল, সেখানে অপরাধের পাশবিক শিকার হেনাকেও শাস্তি দেয়া হলো কেন? হেনার কী অপরাধ? সে ধর্ষিতা হয়েছে এটাই কী তার বড় অপরাধ? আর যে ধর্ষণ করলো তাকে রেহাই দেয়া হবে কেন? অপরাধ তো ধর্ষকের। সে একটি নিরিহ মেয়ে। বিবাহিত, সন্তানের পিতা এবং চল্লিশ বছর বয়স্ক তাকে ধর্ষন করলো– এ কেমন মানসিক বিকৃতি? ধর্ষিতা আর ধর্ষককে এক পাল্লায় কেন মাপা হবে? হেনা তো ধর্ষণের শিকার। তার তো কোন অপরাধ প্রমাণিত হয়নি। তাকে দোররা মারা হবে কেন? এই একই ঘটনা আমরা দেখেছি কমলগঞ্জের নূরজাহান, মধুখালির নূরজাহান, কসবার স্বপ্নাহারের প্রতিও।

এভাবে অপরাধ না করেও অনেক মেয়েকেই আমরা দোররার অভিশাপে নির্যাতিত অপমানিত হতে দেখেছি। এলাকার প্রশাসন, সচেতন ব্যক্তিবর্গ যদি পাশে এসে দাঁড়ান তাহলে এসব গ্রাম্যসালিশী বসিয়ে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে ফতোয়া ঘোষণার মাধ্যমে মধ্যযুগীয় পন্থায় কোন মেয়ের উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার করা হতো না। মেয়েদের জীবন কি জীবন নয়, যে তাকে কলূষিত করে দিব্যি অপরাধীরা ঘুরে বেড়াবে? আর মেয়েটি অপমান নির্যাতনের অভিশাপ নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুকেই শ্রেয় হিসেবে বিবেচনা করবে? বেঁচে থাকার অধিকার কেন তার থাকবে না?

আমাদের পুরুষপ্রধান পরিবার ও সমাজ ব্যবস্থায় মেয়েদের জীবনের কোন মূল্য নেই। ধর্ষকের চেয়ে ধর্ষিতার প্রতিই থাকে সকলের গালমন্দ নির্যাতন। নারী অসহায়, দরিদ্র বলে তাকে বঞ্চিত অবহেলিত নির্যাতিত শোষিত দেখতেই সকলে পছন্দ করে।

আমাদের নারী সংগঠনগুলি এখন এনজিও আদর্শের হয়ে যাওয়ায় রোকেয়া, সুফিয়া কামালের মত কেউ সোচ্চার প্রতিবাদও করতে চান না। ঘটনাস্থলে গিয়ে মেয়েটির পাশে দাড়াতে চান না। অথচ তারা দাতাদের সাহায্য নিয়ে বিদেশ সফর, সেমিনার, কর্মশালা করে দেশে নারী নেত্রী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকেন। এর চেয়ে লজ্জাজনক বিষয় আমার জানা নেই। স্বার্থ ত্যাগ করে যারা একদিন সমাজে কল্যাণে কাজ করেছেন, নারীর অধিকার নিয়ে লড়াই করেছেন, পথে নেমেছেন, সমাজকে সচেতন করতে প্রচেষ্টা চালিয়েছেন, তাঁদের আদর্শ কেন আমরা বিস্মৃত হই? দেশের মহিলা মন্ত্রণালয়, সরকারী বেসরকারি নানা সামাজিক সাংস্কৃতিক নারী সংগঠনগুলো কি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ফতোয়ার অভিশাপ এবং দোররার নির্যাতন থেকে নারীকে মুক্ত করতে পারেন না? ফতোয়া অর্থ কি শুধু নির্যাতন? ফতোয়া দেবার অধিকার কি সবাই রাখেন? তাহলে ধর্ম বিশারদ আর ধর্মান্ধ ধর্মব্যবসায়ীদের মধ্যে পার্থক্য কোথায়? একুশ শতকের বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে সহজ করে তুলছে, শ্রম ও প্রতিভা বিকাশের নানা সুযোগ সৃষ্টি করছে, সেখানে কেন আমাদের অসহায় দরিদ্র মেয়েদের ধর্ষণ ও নির্যাতনের শিকার হতে হবে? আমরা সভ্যতা ও মানবিকতার যত বড়াই করি না কেন নারী নির্যাতনের দায়ভার থেকে কোনভাবেই রক্ষা পেতে পারি না।

জানি না, ধর্ষণ, হত্যা, ফতোয়া, দোররা, পতিতা, তালাক, যৌতুক, নির্যাতন ইত্যাদি শব্দগুলো কোন দিন এদেশ থেকে মুছে যাবে কি না।
৩১.৩.২০১১

বেবী মওদুদ :লেখক ও সাংবাদিক।