২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলার আন্তর্জাতিকীকরণ সময়ের দাবি

সীনা আক্তার

Published : 26 Feb 2014, 11:01 PM

Updated : 01 Jul 2022, 05:49 PM

ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা-সংস্কৃতি উৎসবের মাস, যার সূচনা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। একুশ মানে আমাদের গর্ব, এক সফল ভাষা আন্দোলন এবং আমাদের আত্মপরিচয়ের অহংকার। এ মাসে নানা আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ভাষা-সংস্কৃতি উদযাপন করি, দৃঢ় করি। মাসব্যাপী বইমেলা সে আয়োজনের একটি অংশ। একুশের বইমেলাকে আমার কখনও শুধুমাত্র বই প্রকাশ এবং বিক্রির বাজার মনে হয় না। বরং এই মেলা ঘিরে সব আয়োজন আমাদের ভাষা-সাহিত্য-সংস্কৃতির ধারক, বাহক এবং প্রচারক। এই মেলা চলাকালীন একুশে ফেব্রুয়ারিতে আমরা ভাষাশহীদদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করি।

আবার আমাদের সামাজিক সংস্কৃতিতে আরও একটি আকর্ষণীয় এবং বর্ণাঢ্য দিন পহেলা ফাল্গুন, যা আমরা উদযাপন করি এ মেলা চলাকালীন সময়ে। তাই ফেব্রুয়ারি মানে শোক-শ্রদ্ধা-ভালোবাসা, রঙিন-উজ্জ্বল উৎসব এবং গর্বিত আত্মপরিচয় উদযাপনের মাস।

আমাদের অনেকের কাছে একুশের বইমেলা প্রাণের মেলা। কিন্তু বাংলা ভাষা-সংস্কৃতির এই বিশেষ আয়োজন কি সর্বজনীনতা বা সকল শ্রেণির মানুষের মাঝে মেলবন্ধন (Integration) তৈরি করতে পেরেছে? যেমন, কয়েক মাস আগে বাংলা একাডেমীতে অনুষ্ঠিত 'হে' ফেস্টিভালে যারা একাডেমী চত্ত্বর মুখর করেছেন, একুশে বইমেলায় তাদের পদচারণা আছে কি? অন্যদিকে ৫ মে শাপলা চত্ত্বরে যে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিল, একুশে বইমেলায় তাদের উপস্থিতি কেমন? মাসব্যাপী আলোকিত এ আয়োজনে আমাদের প্রেরণা এবং ভালোবাসা সম্পর্কে ভিনদেশিরা কতটা জানেন?

যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন তারা ইংরেজি বইয়ের প্রতি বেশি আগ্রহী, কিন্তু এই মেলায় ইংরেজি বই প্রায় নেই বলা যায়। আর এ কারণে এই শ্রেণির পাঠক-দর্শক একুশে মেলার প্রতি প্রায়ই আগ্রহ দেখান না। এতে মূলধারার সংস্কৃতির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়। আমি এতে তাদের কোনো দোষ দেখি না; কারণ মানুষ সে বিষয়েই একাত্ম বোধ করে যা তার কাছে বোধগম্য ও আনন্দদায়ক।

Image
সংস্কৃতি একটি প্রবহমান বা চলমান প্রক্রিয়া, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতিতে অনেক কিছু সংযোজিত হয়েছে

সংস্কৃতি একটি প্রবহমান বা চলমান প্রক্রিয়া; সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতিতে অনেক কিছু সংযোজিত হয়েছে। যেমন, দেশে এখন বিপুল সংখ্যক ছেলেমেয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন, করছেন এবং এদের অনেকে ইংরেজিতে লেখালেখিতে অভ্যস্ত। দেশে উল্লেখযোগ্য সংখ্যক ইংরেজি পত্রিকা আছে। এছাড়া আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিদেশে পড়ালেখা-চাকরি-ভ্রমণের কারণে ইংরেজি ভাষা অনেকেরই দৈনন্দিন জীবনের অংশ। ফলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা এখন আমাদের সংস্কৃতির একটা অংশ। এর সঙ্গে বাংলা ভাষার কোনো দ্বন্দ্ব দেখি না।

অন্যদিকে কওমী মাদ্রাসায় পড়ুয়াদের বাঙালি সংস্কৃতির মূলধারা থেকে অনেক দূরে অবস্থান করতে দেখা যায়। শ্রেণিগত এবং (অথবা) রাজনৈতিক বিশ্বাসের কারণে আমাদের সমাজ-সংস্কৃতিতে একটা বিভাজন স্পষ্ট; যার নেতিবাচক পরিণাম ধর্মীয়-জাতিগত-শ্রেণিগত বিভেদ, যা দেশের শান্তি ও অগ্রগতি বাধাগ্রস্ত করে। ইতোমধ্যে এর নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। বাঙালি সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণার অভাবে মাদ্রাসা, বিশেষ করে কওমী মাদ্রাসায় পড়ুয়া অনেকের মধ্যে দেশের মূলধারার সংস্কৃতির প্রতি সন্দেহ, আস্থার অভাবসহ নেতিবাচক মনোভাব লক্ষণীয়।

বাংলায় পড়ুয়া মধ্যবিত্ত, ইংরেজি পড়ুয়া এবং কওমী মাদ্রাসায় পড়ুয়া– এদের মধ্যে আস্থা-বিশ্বাসের সম্পর্ক তৈরিতে একুশে বইমেলা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। কারণ এ মেলা আমাদের সামাজিক সংযোগ ও মিথস্ক্রিয়ার স্থান– আমাদের সংস্কৃতির মূল সুর পর্যবেক্ষণ, অনুধাবন ও অনুভব করার একটা উপলক্ষ্য, নিজ সংস্কৃতির শিকড় ও এর আদর্শ সম্পর্কে জানা-শোনা-বোঝা, মানে নিজ আত্মপরিচয় দৃঢ় করে গর্বিত হওয়া। তাই ধর্মবিশ্বাস, আদর্শ, শ্রেণি, জাতি নির্বিশেষে সকলের জন্য এই মেলাকে সর্বজনীন করা এবং সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করা বাংলা একডেমীর দায়িত্বের মধ্যে পড়ে।

ভাষা-সংস্কৃতি-সাহিত্যের প্রতি আমাদের ভালোবাসা-আবেগের প্রতিচ্ছবি একুশের বইমেলা। এই মেলা ও এর আয়োজন এখন অনেক পরিণত, অনেক ব্যাপক। সাহিত্য-সংস্কৃতির সফল এই বিশেষ আয়োজনে কেন আমরা ভিনদেশিদের আমন্ত্রণ জানাব না, তাদের দেখার সুযোগ দেব না? একুশের চেতনা যেমন আমাদের গর্ব, তার ধারাবাহিকতায় এই মেলার আয়োজন আমাদের গর্ব, বর্ণময় পহেলা ফাল্গুন আমাদের আনন্দ উৎসব। আমাদের এইসব অহংকার অন্যদের জানিয়ে, দেখিয়ে আমরা কেন আরও বেশি গর্বিত হব না?

যে কোনো দেশের ভাষা-সাহিত্য-উৎসব সে দেশের সংস্কৃতিকে উপস্থাপন করে। এই বইমেলার সঙ্গে বিদেশি দর্শক, প্রকাশক, ক্রেতার যোগাযোগ বাড়লে আমাদের সাহিত্য-সংস্কৃতির প্রচার-প্রসারের সুযোগ বাড়বে যা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধই করবে। বাস্তবতার কারণে বাংলা একাডেমী যেমন এবার বইমেলাকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত করে আয়োজন করেছে, ঠিক একইভাবে আমাদের ভাষা-সংস্কৃতি বিস্তারে এই মেলার আন্তর্জাতিকীকরণ এখন সময়ের দাবি মাত্র।

এ মেলার লক্ষ্য-উদ্দেশ্য অর্জন, অর্থাৎ বাংলা ভাষা-সংস্কৃতির বিস্তৃতি শুধুমাত্র একাডেমী কর্তৃক ইংরেজি অনুবাদের মাধ্যমে আশা করা যায় না। কারণ ভিনদেশের সাহিত্য পড়ে সে দেশের সংস্কৃতি সম্পর্কে খুব সামান্য ধারণা পাওয়া যেতে পারে। একটা জাতির সংস্কৃতি বুঝতে হলে এর উৎসে যেতে হয়, দেখতে হয়, অনুধাবন করতে হয়। যেমন, বিদেশে বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে পরিচিত, কিন্তু আমরা যে সৌদী বা আফগানিস্তানের মতো নই, বরং জাতিগতভাবে আমাদের ধর্মীয় প্রকাশ এবং সংস্কৃতি স্বতন্ত্র– সেটা সবাইকে জানানো দরকার।

কারণ আমাদের এই স্বতন্ত্র, উদার, সহঅবস্থানের সংস্কৃতি সম্পর্কে অনেকেরই ধারণা নেই। বিদেশে আমাদের নেতিবাচক সংবাদ, যেমন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে প্রচার পায়, সে তুলনায় আমাদের অহংকার, সাংস্কৃতিক বন্ধন, বর্ণাঢ্য উদযাপন– এসবের প্রচার প্রায় নেই-ই বলা যায়। সেজন্য একুশে বইমেলা আন্তর্জাতিকীকরণের মাধ্যমে মাসব্যাপী আমাদের ভাষা-সাহিত্য-সংস্কৃতির প্রদর্শন ও প্রচার হতে পারে।

এতে বিদেশি প্রকাশকরা স্বচক্ষে ভাষা-সংস্কৃতি-সাহিত্য নিয়ে আমাদের আবেগ-ভালোবাসার গভীরতা অনুভব করতে পারবেন। তারা আমাদের সাহিত্য ইংরেজিতে অনুবাদে উৎসাহিত হতে পারেন এবং আমাদের লেখকরা ইংরেজিতে লেখায় উৎসাহিত হবেন। সাহিত্য-সংস্কৃতিপ্রেমী ভ্রমণকারীরা বইমেলা ভ্রমণে উৎসাহী হবেন। বোধগম্য কারণেই আমাদের সংস্কৃতির প্রদর্শন বর্তমান আন্তর্জাতিক বইমেলা বা 'হে' ফেস্টিভালের মাধ্যমে হয় না। এর জন্য একুশে বইমেলার দ্বার উন্মোচন দরকার, অন্যদের আমন্ত্রণ জানানো দরকার।

Image
বিদেশে আমাদের নেতিবাচক সংবাদ যেভাবে প্রচার পায়, সে তুলনায় আমাদের অহংকার, সাংস্কৃতিক বন্ধন, বর্ণাঢ্য উদযাপনের প্রচার প্রায় নেই

এতে অনেকেই হয়তো একুশের চেতনা 'গেল গেল' রব তুলবেন, কিন্তু আমি এর কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা ভাষা-সংস্কৃতি এখন স্বমহিমায় প্রতিষ্ঠিত এবং ইতোমধ্যে জাতিসংঘ দ্বারা স্বীকৃত। তাই আমাদের সংস্কৃতিতে ভিনদেশি ভাষা-সংস্কৃতির আধিপত্য, আগ্রাসনের সংশয় এক ধরনের হীনমন্যতা ও নিরাপত্তাহীনতা প্রকাশ করে। এছাড়া ইন্টারনেটের যুগে দরজা-জানালা বন্ধ করে ভিন্ন সংস্কৃতির স্রোত বাধাগ্রস্ত করা যাবে না। বরং ভিন্ন সংস্কৃতিকে মোকাবেলা করতে হলে বিশ্বে আমাদের ভাষা-সংস্কৃতির অবস্থান শক্তিশালীকরণের মাধ্যমেই সেটা সম্ভব।

সবশেষে বলতে চাই, এ বইমেলা 'আমাদের' ভাষা-সংস্কৃতি প্রচার ও প্রসারের একটা বিশেষ উপলক্ষ্য। তাই অনেকের মতো আমি এর কোনো প্রতিপক্ষ চাই না। আন্তর্জাতিকীকরণের নীতিমালা সেজন্য আমাদের স্বার্থরক্ষক হতে হবে।

উদাহরণ হিসেবে বলা যায়, বাংলা ব্যতীত ভিন্ন বা ইংরেজি ভাষার বই নিয়ে কেবল ভিনদেশিরা এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন, অন্তত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেমন ৫ থেকে ৮ বছর। এতে কেউ হয়তো বৈষম্য ও সংকীর্ণতার কথা তুলতে পারেন কিন্তু আমি তা জোরালোভাবে অস্বীকার করি। নিজের দেশ-সংস্কৃতির স্বার্থরক্ষা কখনও বৈষম্যের মধ্যে পড়ে না। প্রায় সব সচেতন, আত্মমর্যাদাশীল জাতিই তা করেন।

দেশে-বিদেশে আমাদের ভাষা-সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস, বিশেষ করে একুশে বইমেলা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। আর সেটা সম্ভব হতে পারে এ মেলার সর্বজনীনতার মাধ্যমে– এ মেলাকে আন্তর্জাতিকীকরণের মাধ্যমে।

ড. সীনা আক্তার: লন্ডন স্কুল অব ইকোনমিকসের পোস্ট গ্রাজুয়েট।