২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার রাজনীতি বনাম জঙ্গিবাদবিরোধী লড়াই

বিভুরঞ্জন সরকার বিভুরঞ্জন সরকার

Published : 19 Sep 2013, 11:26 AM

Updated : 01 Jul 2022, 05:50 PM

দশম জাতীয় সংসদ নির্বাচন কবে, কীভাবে, কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনী প্রচারে নেমে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় প্রতিদিনই বিভিন্ন সভা-সমাবেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইছেন।

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াও বিভিন্ন স্থানে জনসভা করছেন। তবে ১৫ সেপ্টেম্বর রংপুরের জনসভায় তিনি বলেছেন, 'আমি ভোট চাইতে আসিনি। ভোট রুখতে এসেছি। একদলীয় পাতানো ভোট রুখতে হবে।'

অন্যদিকে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন। তিনিও 'অসমাপ্ত বিপ্লব' সমাপ্ত করার জন্য আরেকবার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। জয় তার বক্তৃতায় বেশ জোরের সঙ্গে এটাও বলছেন যে, বিএনপি-জামায়াত জোট আবার ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে। সন্ত্রাস-বোমাবাজি বাড়বে। জঙ্গি-বোমাবাজরা লাইন দিয়ে অপেক্ষা করছে সরকার পরিবর্তনের।

আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গত ১০ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগই জঙ্গিবাদের মদদদাতা। আওয়ামী লীগ জঙ্গিবাদকে কার্ড হিসেবে ব্যবহার করছে। বিএনপি সব জঙ্গিকে গ্রেফতার করে তাদের ফাঁসির আদেশ কার্যকর করেছে। কিন্তু আওয়ামী লীগ আটক জঙ্গিদের মধ্যে আজ পর্যন্ত কাউকে শাস্তি দেয়নি।

জঙ্গি প্রসঙ্গে মওদুদ আহমদের এই বক্তব্য দেশের অধিকাংশ মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য হবে বলে মনে হয় না। দেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে গত এক দশকের বেশি সময় ধরেই নানামুখী আলাপ-আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের কারণে দেশে জঙ্গি তৎপরতা বেড়েছে এমন অভিযোগ বিএনপি ছাড়া আর কারো কাছ থেকে শোনা যায়নি।

সমাজ-রাজনীতি সম্পর্কে সামান্য খোঁজখবর যারা রাখেন, তারা এটা স্বীকার করবেন যে, গত বিএনপি-জামায়াত জোট সরকারের আশ্রয়-প্রশ্রয়েই জঙ্গিদের বিস্তার ঘটেছে, তারা তাদের শক্তি সংহত করার সুযোগ পেয়েছিল তাদের প্রতি সরকারের নমনীয় নীতির কারণে।

ইসলামি জঙ্গিরা যে লক্ষ্য অর্জনের জন্য বোমা-সন্ত্রাসে লিপ্ত হয়েছিল, চারদলীয় জোটের মধ্যেই সেই লক্ষ্যে বিশ্বাসীদের উপস্থিতি থাকায় তারা সুবিধা পেয়েছে। এমনকি বিএনপির কিছু মন্ত্রী-এমপিও সে সময় জঙ্গিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিতি পেয়েছিল। আবার কেউ বলেছেন, আওয়ামী লীগ সরকারে থাকতেই দেশে বোমা হামলা আরম্ভ হয়েছিল।

কাজেই জঙ্গিবাদের উত্থানের জন্য শুধু বিএনপি-জামায়াত জোট সরকারকে দোষ দিয়ে লাভ নেই, এ জন্য কিছুটা দায়ভার আওয়ামী লীগকেও বহন করতে হবে। এমন কথাও কেউ বলেছেন যে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না, বর্তমান বিশ্বপ্রেক্ষাপটেই একে দেখতে হবে, বিবেচনা করতে হবে।

কারও বক্তব্যই এক কথায় বাতিল করে দেওয়ার মতো নয়। কেন, কীভাবে বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক জঙ্গিবাদের প্রসার ঘটছে, এক বাক্যে এবং একপেশে বক্তব্য দিয়ে তা ব্যাখ্যা করা ঠিক নয়। জঙ্গিবাদ মোকাবেলা করা যাবে কীভাবে অথবা দেশের মাটি থেকে ধর্মীয় জঙ্গিদের সমূলে উৎপাটন করার প্রকৃত উপায় কী– এক কথায় এসব প্রশ্নের যারা উত্তর দেন বা খোঁজেন, তারা সমস্যাটিকে গভীরভাবে তলিয়ে দেখেন বলে মনে হয় না।

রাজনৈতিকভাবে আমাদের দেশ দ্বিধাবিভক্ত হয়ে আছে। একপক্ষ যেটা বলবে, অন্যপক্ষ বলবে তার উল্টোটা। কোনো জাতীয় ইস্যুতেই একমত হওয়ার সুযোগ নেই। জঙ্গি সমস্যা মোকাবেলা করার জন্য জাতীয় ঐক্যের কথা যারা বলেন, তারাও বলতে পারেন না কীভাবে এই ঐক্য গড়ে তোলা সম্ভব। প্রায় বিপরীত ধারণায় বিশ্বাসী দুই রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য হবে কেমন করে, সে প্রশ্নের জবাব কারও জানা আছে বলে মনে হয় না।

তারপরও দেশবাসীর বিবেচনার জন্য মোটা দাগে কিছু কথা এখানে আলোচনা করা যেতে পারে। আমরা এটা দেখতে পাচ্ছি যে, জেএমবির সদস্য হিসেবে অথবা আত্মঘাতী জঙ্গি হিসেবে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের অধিকাংশই মাদ্রাসার সাবেক ছাত্র এবং অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য। ধৃত জঙ্গিদের স্বীকারোক্তি থেকে এটাও জানা গিয়েছে যে, তারা বিদেশ থেকে অর্থ সাহায্য পায়, আন্তর্জাতিক ইসলামি সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।

সে জন্য এটা বলা যায় যে, বিএনপি-জামায়াত জোট সরকারের আনুকূল্যই শুধু নয়, দারিদ্র্য এবং মাদ্রাসা শিক্ষা জঙ্গি তৈরির ক্ষেত্র হিসেবে কাজ করছে। কাজেই জঙ্গি দমন বা নির্মূল করার জন্য দেশ থেকে যেমন দারিদ্র্য দূর করা দরকার, তেমনি দরকার মাদ্রাসাগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ এবং মাদ্রাসা শিক্ষায় পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা। একই সঙ্গে জঙ্গিদের যে বিদেশি কানেকশন গড়ে উঠেছে তা ছিন্ন করাটাও খুবই জরুরি।

এই কাজগুলো যে সহজ নয় সেটা বোঝা যায় বর্তমান সরকার ক্ষমতায় এসে কঠোর অবস্থান নিয়েও জঙ্গি দমনে পুরো সফল হতে না পারা থেকে। রাতারাতি দেশ থেকে দারিদ্র্য দূর করা যেমন সম্ভব নয়, তেমনি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করার মতো রাজনৈতিক দৃঢ়তাও আওয়ামী লীগ দেখাতে পারেনি। যে-সব বৈদেশিক উৎস থেকে জঙ্গিরা অর্থ ও অন্যান্য রসদের জোগান পায়, সেই উৎসগুলো বন্ধ করার মতো রাজনৈতিক অবস্থানও সরকার গ্রহণ করতে পারেনি বা করেনি।

বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য থেকে জানা যায়, জঙ্গিরা অনেক ক্ষেত্রেই মাদ্রাসা অথবা মসজিদকে কেন্দ্র করেই তাদের তৎপরতা চালিয়ে থাকে। যদিও ইদানীং কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরও জঙ্গি সংশ্লিষ্টতার খবর জানা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসা বা মসজিদ জঙ্গি প্রশিক্ষণের ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হওয়ার খবরও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

আওয়ামী লীগের জন্য মসজিদ ও মাদ্রাসা– দুটোই অত্যন্ত স্পর্শকাতর বিষয়। রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে 'ধর্মবিরোধী' বা 'হিন্দুপ্রেমিক' দল হিসেবে প্রচার করায় তারা স্বভাবতই কিছুটা নাজুক অবস্থায় থাকে। ফলে মসজিদ-মাদ্রাসা নিয়ে বিতর্ক তারা এড়িয়ে চলে। আওয়ামী লীগবিরোধী অপপ্রচারকে অসত্য প্রমাণ করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা এমন সব আচরণ করেন বা কথা বলেন যা তাদের অসাম্প্রদায়িক রাজনৈতিক অবস্থান স্পষ্ট না করে বরং ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরই উৎসাহিত করে।

আওয়ামী লীগ এর আগেও পাঁচ বছর ক্ষমতায় ছিল। তখন দেশের মাদ্রাসা শিক্ষা সংস্কারের জন্য কোনো উদ্যোগ না নিয়ে মন্ত্রী-এমপি-নেতারা নিজ নিজ এলাকায় নতুন নতুন মাদ্রাসা গড়ে তুলেছিলেন। মসজিদগুলোতে শুধু কি ধর্মপ্রাণ মুসলমানরা গিয়ে নামাজ আদায় করেন, নাকি ধর্মব্যবসায়ী রাজনীতিকরা তাদের রাজনৈতিক মতবাদ প্রচারের কাজেও ব্যবহার করে, তা কি কখনও গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা হয়েছে?

'ধর্মপালনের স্বাধীনতায় হাত দেওয়া হচ্ছে'– এই সমালোচনার ভয়ে শঙ্কিত থাকায় আওয়ামী লীগ সাম্প্রদায়িক প্রচারণা বন্ধে বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ বা পদক্ষেপ নিতে পারে না। ক্ষমতার রাজনীতির কারণে আওয়ামী লীগও কোনো কোনো ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে এক ধরনের আপোস বা সমঝোতার নীতি নিয়ে অগ্রসর হতে দ্বিধা করে না।

দেশে কওমি মাদ্রাসাগুলো নিয়ে নানা কথা আছে। এই মাদ্রাসাগুলোয় কী পড়ানো হয়, তাদের টাকা-পয়সার উৎস কি তা জানার উপায় নেই। অথচ এই কওমি মাদ্রাসাগুলোই মূলত জঙ্গি তৈরির কারখানা বলে তথ্য পাওয়া যায়। কোনো কওমি মাদ্রাসায় যদি জঙ্গিবাদের শিক্ষা দেয়া নাও হয়, তাহলে সেখানে যে পূর্ণাঙ্গ ও আধুনিক মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয় না, সেখান থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে কেউ প্রতিযোগিতায় অংশ নিয়ে কোনো চাকরি পাওয়ার যোগ্য হয়ে ওঠে না– সে বিষয়ে সম্ভবত কেউ বিতর্ক করবেন না। অর্থাৎ শিক্ষার নামে কওমি মাদ্রাসা ছাত্ররা অশিক্ষাই গ্রহণ করে।

বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল তার এক কলামে লিখেছিলেন :

''প্রত্যন্ত গ্রামের কোনো একটি কওমি মাদ্রাসার হতদরিদ্র একজন ছাত্র এবং ঢাকা শহরের নামিদামি ইংরেজি মিডিয়াম স্কুলের আধুনিকা একটি ছাত্রীকে যদি সামনাসামনি বসিয়ে দেওয়া হয়, তাহলে তারা এক ধরনের অবিশ্বাস্যের দৃষ্টি নিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। একই দেশের একই বয়সী দু'জন ছেলেমেয়ে কিন্তু তাদের চিন্তাভাবনা, লেখাপড়া, মূল্যবোধ, মুখের ভাষা এতো ভিন্ন যে, তারা কি আদৌ কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে? আমাদের কি দায়িত্ব ছিল না যে, এ দেশের এক বয়সী ছেলেমেয়েরা যেন দেশ সম্পর্কে একই রকম ধারণা, একই রকম মূল্যবোধ, একই রকম ভালোবাসা এবং যখন প্রয়োজন তখন একই রকম ক্ষোভ নিয়ে বড় হয়– সেটি নিশ্চিত করা?''

এই দায়িত্বটি আসলে কেউ যে পালন করেনি তা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই জানি।

কওমি মাদ্রাসা শিক্ষায় ব্যাপক সংস্কার আনাটা এখন সময়ের দাবি। অথচ যারা কওমি মাদ্রাসার পৃষ্ঠপোষক তারা সংস্কারের বিরোধিতা করেন। দেশের আলেম-মাশায়েখদের কেউ কেউ একদিকে জঙ্গিদের বিরুদ্ধে বলেন, বলেন বোমা মেরে মানুষ হত্যা করা ইসলাম সম্মত নয়; অন্যদিকে যেসব কওমি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়া হয় বলে অভিযোগ আছে, সেসব মাদ্রাসায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অভিযান চালালে তার বিরোধিতাও তারা করেন। জঙ্গি বা জেএমবি'র কর্মী হিসেবে মাদ্রাসা ছাত্রদের গ্রেপ্তার করা হলে তারও বিরোধিতা করা হয়। হুমকি দেওয়া হয়, মাদ্রাসায় হাত দিলে জিহাদ শুরু করা হবে।

প্রশ্ন হল, মাদ্রাসার জন্য জিহাদ এবং জঙ্গিদের ইসলামি আইন প্রতিষ্ঠার জিহাদের মধ্যে পার্থক্য কি? জঙ্গিরা বোমা ফাটিয়ে মানুষ মেরে ইসলামি শাসন বা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করছে আর মাদ্রাসা রক্ষার নামে যারা জিহাদ করতে চান, তাদের জিহাদের পথ বা পদ্ধতি কি ভিন্ন?

পঁচাত্তর-পরবর্তী সময় থেকে সাম্প্রদায়িক রাজনীতিচর্চার এক উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে আমাদের দেশ। মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতিকে পরাভূত করার যে কথা আমরা বলে থাকি সেটা এখন অনেকটা 'মিথ' হয়ে দাঁড়িয়েছে, যা সহজভাবে মেনে নিতেও আমাদের অনেকের কষ্ট হয়।

অথচ বাস্তব সত্য হল, দেশে এখন পাকিস্তানপন্থি ধর্মীয় রাজনৈতিক ধারার পরাজিত শক্তি অনেক সবল ও সুবিধাজনক অবস্থানে আছে আর মুক্তিযুদ্ধে বিজয়ী অসাম্প্রদায়িক ধারার রাজনৈতিক শক্তি হয়ে পড়েছে দুর্বল। ওরা ঐক্যবদ্ধ, এরা বিভক্ত। এ নিয়ে কেউ বিতর্ক করতে পারেন, তাতে সত্যের কোনো হেরফের হবে না।

একটা কথা চালু আছে যে, আমাদের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু উগ্র সাম্প্রদায়িক নয়। পাকিস্তান আমলেও এই বাক্যটি যতোটা সত্য ছিলো, এখন আর ততোটা আছে বলে বিশ্বাস করতে কষ্ট হয়। যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, তারা বছরের পর বছর দেশের মধ্যে যে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক প্রচারণা চালিয়েছে, তার বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে জোরালো কোনো প্রচারণা না থাকায় পরিস্থিতি বদলে গেছে।

এক দেলাওয়ার হোসেন সাঈদী বছরের পর বছর ওয়াজ মাহফিলের নামে যে সাম্প্রদায়িক ও বিভেদাত্মক উন্মাদনা প্রচার করেছেন, তার বিপরীতে প্রগতিশীলদের পক্ষ থেকে কেউ কি অসাম্প্রদায়িক ও উদারতার পক্ষে তেমন জোরালো বক্তব্য নিয়ে দেশের মানুষের কাছে উপস্থিত হয়েছেন?

সাঈদীর ভক্তরা এতই অন্ধ যে তার ছবি চাঁদে দেখার গুজব ছড়িয়েও দেশে সহিংস তাণ্ডব চালানো যায়। মানুষের যুক্তিবোধ এমন নিষ্ক্রিয় হয়ে পড়ার দায় আমরা এড়াবো কীভাবে? দেশের ভেতরে ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি চর্চার যে ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে দীর্ঘদিন ধরে, সেটা আমরা বুঝতে চাইনি বা উপেক্ষা করেছি।

পাকিস্তানি জামানার শুরু থেকেই বামপন্থীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। দেশের শিক্ষিত মধ্যবিত্ত এবং ছাত্র যুব সমাজ দ্রুত সেই আদর্শে অনুপ্রাণিত হয়েছিলো। বায়ান্নর ভাষা আন্দোলন ছিলো এক মাইলফলক। বলা যায়, বামপন্থিদের প্রভাবেই আওয়ামী লীগও পরিবর্তিত হয়েছে, ক্রমেই অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।

মুক্তিযুদ্ধের বিজয়ের পর ধরেই নেয়া হল যে সাম্প্রদায়িকতার ভূত মানুষের ওপর আর ভর করতে পারবে না। সংবিধানে 'ধর্মনিরপেক্ষতা' শব্দটি সংযোজিত হওয়ায় দেশের মানুষ স্বাভাবিকভাবেই ধর্মনিরপেক্ষ হয়ে যাবে বলে সম্ভবত ধরে নেয়া হয়েছিল। অথচ এটা বোঝা হয়নি যে, আপনাআপনি কেউ ধর্মবিশ্বাসী হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে না।

শিক্ষা-সংস্কৃতির চর্চা এবং বিকাশ ছাড়া ধর্মনিরপেক্ষ চেতনা মানুষের মধ্যে স্থায়ী রূপ পায় না। ধর্মনিরপেক্ষতা নিয়ে স্বাধীনতার পর নানা ধরনের অপপ্রচার হয়েছে। সেসব অপপ্রচারের যুক্তিসঙ্গত জবাব দেয়ারও কোনো প্রয়োজন কেউ বোধ করেনি। এ ক্ষেত্রে আওয়ামী লীগেরও ব্যর্থতা আছে। স্বতঃস্ফূর্ততাই আওয়ামী লীগের বৈশিষ্ট্য। আওয়ামী লীগ কখনোই সাংগঠনিক দুর্বলতা দূর করে একটি সংগঠিত রাজনৈতিক শক্তি হয়ে ওঠার জন্য যা যা করা দরকার তা করেনি বা করতে উৎসাহ বোধ করে না।

ফলে মুক্তিযুদ্ধের চেতনার কথা এই দলটি বার বার উচ্চারণ করলেও দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনাটাকে পরিষ্কার করে উপস্থাপন করা সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা–এই শব্দযুগল এখন আর সেভাবে মানুষকে উদ্দীপ্ত করে না।

অন্যদিকে ধর্মভিত্তিক দলগুলো সংগঠিত ও পরিকল্পিত প্রচারণার মাধ্যমে মানুষের মনে এক ধরনের দুর্বলতার সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ধর্ম ও রাজনীতিকে তারা এক ও অভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপন করছে। ধর্ম যে ব্যক্তিগত বিশ্বাস ও চর্চার বিষয়, একে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেললে তা যে মঙ্গল বয়ে আনে না– এই কথাটি ধর্মনিরপেক্ষ বা অসাম্প্রদায়িকতার আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো (আওয়ামী লীগসহ) মানুষের সামনে যথাযথ গুরুত্ব দিয়ে তুলে ধরতে পারেনি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির চেয়ে উন্নত বা আকর্ষণীয় কোনো বক্তব্য নিয়ে দেশের মানুষের সামনে হাজির হতে পারেনি।

মানুষকে নতুন স্বপ্ন দেখানোর বদলে অতীতমুখীনতাই মূলধারার রাজনীতির বৈশিষ্ট্য হওয়ায় মানুষের মনে তা কোনো আগ্রহ সৃষ্টি করে না। এর সুযোগ নিয়েছে ধর্মব্যবসায়ীরা। তারা শক্তিশালী হয়ে উঠেছে। এখন কেবল মাঠে-ময়দানে উচ্চ স্বরে বক্তৃতা করে অথবা বিএনপি-জামায়াতের ক্ষমতায় আসার ভয় দেখিয়ে ওই শক্তিকে পরাভূত করা যাবে না।

সন্দেহ নেই, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ওই শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পায় না, পাবে না। তবে শিকড় থেকে যায়। এই শিকড় উৎপাটনের জন্য তাদের বিরুদ্ধে অব্যাহতভাবে আদর্শগত সংগ্রাম চালানোর কোনো বিকল্প নেই। আদর্শগত লড়াইয়ে বিজয় অর্জনের জন্য দরকার হবে লাগাতার প্রচারণা-লড়াই।

সে লড়াইয়ের মানসিকতা ও প্রস্তুতি আওয়ামী লীগসহ অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী দলগুলো নির্বাচনকে সামনে রেখে জোরদার রাখবে কিনা, মানুষ সে ব্যাপারে সন্দেহমুক্ত নয়। নির্বাচন নিয়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের সাংঘর্ষিক ও মুখোমুখি অবস্থার সুযোগ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী গ্রহণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অভিজ্ঞতা থেকে এটা বলা যায় যে, জঙ্গিদের ব্যাপারে আওয়ামী লীগ যতটা কঠোর বিএনপি ততটা নয়।

জঙ্গিবাদবিরোধী লড়াইকে ক্ষমতার রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করতে চাইলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বিপদমুক্ত হবে না।

বিভুরঞ্জন সরকার : সাংবাদিক ও কলাম লেখক