‘পুলিশ শুধু করছে পরখ কার কতটা চর্ম পুরু’
ইংল্যান্ডে “তখনকার দিনে দলগুলোর বড় বড় চাঁইরা রুদ্ধশ্বাস উদ্বেগের সাথে অপেক্ষা করতো বার্তাবাহকদের জন্য, গিল্ডহল থেকে যারা খবর নিয়ে আসতো পরের বারো মাস তাদের জীবন এবং জমিদারি বন্ধুর নাকি শত্রুর দয়ার ওপর কাটবে।… অন্যদিকে যে সব ডাকাবুকো আর উদ্যমী মানুষ রাজনীতির খেলার ঝক্কিতে তাদের জীবন এবং জমিজমা জমা রাখতো, এমন একটা বিপজ্জনক বাজি ধরার স্বভাবের কারণেই তারা প্রকৃতিগতভাবেই অর্জন করেছিলো বেপরোয়া আর দুর্ধর্ষ চরিত্র। আমাদের বিশ্বাস বিরোধী দলের নেতা ততটুকু নিরাপদ থাকতেন, যতটুকু নিরাপদ থাকতো বড় রাস্তার ঠ্যাঙারে ডাকাত… বিপ্লব এই ভয়ঙ্কর দুর্দশা থেকে আমাদের মুক্ত করেছে।”
বর্ণনাটা ইংল্যান্ডেরই, রাজার স্বৈরতন্ত্রী ক্ষমতা থেকে সংসদের ক্ষমতা প্রতিষ্ঠার কথাই বলছেন হুইগপক্ষের অন্যতম ইতিহাসবিদ লর্ড ম্যাকওলে। এর আগে যে পক্ষই নির্বাচিত হোক না কেন, কয়েদখানা কিংবা দেশছাড়া হওয়া বিপক্ষের অনিবার্য নিয়তি ছিলো, ফাঁসির দড়িতে ঝোলা মানুষের সংখ্যাও কম হতো না। ১৬৮১ সালের নির্বাচনে জিতে হুইগ দলের লর্ড শ্যাফটসবারি রাজকীয় কর্তৃত্ব অগ্রাহ্য করেছিলেন, ১৬৮২ সালের নির্বাচনে পরাজয়ের খবর পাওয়া মাত্র তিনি হল্যান্ডে পালিয়ে প্রাণরক্ষা করেন। যে পরিস্থিতির আলোচনায় এই প্রসঙ্গের অবতারণা, অনেকগুলো বিসদৃশ উপাদানের পরও মৌলিক কিছু মিল চোখে না পড়ার উপায়ই নেই। পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার মাপকাঠি হিসেবে প্রকাশ্য রাস্তায় বিরোধী পক্ষীয় ‘গণপ্রতিনিধি’কে বেধড়ক মারপিট করতে পারার ঘটনাকে বিশেষ বিবেচনায় রাখার কথা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গণমাধ্যমে জানিয়েছেন। তার নিজের আসনে বিএনপি নেতার নামে মোবাইল চুরি, ভ্যানিটি ব্যাগ ছিনতাইসহ অগুনতি মামলা হয়েছে। উল্টোদিকে যাকে পেটানোর সুবাদে এই পদোন্নতি, তার দল ক্ষমতায় থাকাকালে পরিস্থিতি আলাদা ছিলো কোথায়? ২০০১-২০০৬ সালে জয়নাল আবদীন ফারুক আর সাদেক হোসেন খোকাদের জায়গায় ছিলেন মোহাম্মদ নাসিম, তোফায়েল আহমেদসহ আরও অনেক নেতা। জনগণ ভোট দিয়ে পাঁচ বছরের জন্য মোটামুটি দেশটাকে লিজ দিয়ে দেন, নিজের পকেট ভরার পাশাপাশি পরকে নাস্তানাবুদ করার সকল আইনী বেআইনী এখতিয়ার পেয়ে যান নির্বাচিতরা।
মুশকিল হয় উভয় দলের সাফাইকাররা যখন আগেকার আমলের দৃষ্টান্ত দিয়ে নিজেদের আমলটাকে জায়েজ করার চেষ্টা করেন; বাংলাদেশ নামের মধুভাণ্ডের দখল নিয়ে এই যে দুই জোটের লড়াই, সেটার অংশ হিসেবে কারণ পরস্পরকে পেটানোর, রক্তাক্ত করবার এই অংশটা আসলে চিত্রনাট্যের লঘু অংশ। গুরুতর অংশ আসলে এই একই পুলিশ বাহিনীকে যখন লেলিয়ে দেয়া হয় এই দেশলুণ্ঠনের প্রক্রিয়ার যারা অংশ না, তেমন সব আন্দোলন সংগ্রামের ওপর। কিন্তু সেটা নিয়েই আলোচনা বরং অপেক্ষাকৃত কম হয়।
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বামমোর্চা আয়োজিত এমনই এক কর্মসূচিতে অসংখ্য নেতাকর্মীকে আহত করার পাশাপাশি পুলিশ পায়ে শটগান ঠেকিয়ে গুলি করে আহত করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক সৈকত মল্লিককে, গুরুতর আহত সৈকত এখনো শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজে। গণতান্ত্রিক বামমোর্চার পক্ষ থেকে সেদিন পুনর্বার জ্বালানির দাম বৃদ্ধি করা হলে হরতালের ঘোষণা দেয়া হয়; প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলো দুটি প্রধান রাজনৈতিক জোট গণতান্ত্রিক বাম মোর্চা এবং সিপিবি ও বাসদ গত ১৬ জানুয়ারি যে হরতালটি পালন করে; এই হরতালেরও উল্লেখযোগ্যতম দিক ছিলো পুলিশের ঝাঁঝালো তরল কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ। একই দাবিতে বিএনপিও হরতাল পালন করে ৬ জানুয়ারি, কিন্তু সকলেই বোঝেন এবং জানেন জ্বালানি মূল্য বৃদ্ধি বিএনপির হরতালের মূল প্রতিপাদ্য ছিল না, কেননা এই বৃদ্ধিতে তাদের অতীত কৃতিত্ব বর্তমান সরকারের চেয়ে একধাপও পিছিয়ে নেই। ফলে কার্যত একই দাবিতে ডাকা দুই হরতালের মাঝে চরিত্রগত পার্থক্যটা খুব স্পষ্ট, বিএনপির হরতাল ছিল পরেরবারের নির্বাচনে তারাই যেন ডাকাতির অধিকারটিকে একচেটিয়া করতে পারে সেই লক্ষ্যে জনগণের দৃষ্টি আড়াল করার একটা প্রচেষ্টা। প্রগতিশীল শক্তিগুলোর হরতাল ছিল লুণ্ঠনের এই প্রক্রিয়াটিকে বন্ধ রাখতে জনগণকে সংগঠিত করার একটি ধাপ। ১৬ তারিখের হরতালে বিএনপির সমর্থনের প্রসঙ্গে প্রথম আলোতে প্রকাশিত গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির ব্ক্তব্যে যেটি পরিস্কার হয়েছে: ‘জনগণের অধিকার রক্ষার এই হরতালে আমরা দেশবাসীর সমর্থন চেয়েছি। যে কেউ সমর্থন দিতে পারে। কিন্তু বিএনপি সরকারই কুইক রেন্টালের এই নীতি গ্রহণ করেছিল। এ ক্ষেত্রে বিএনপি-আওয়ামী লীগ একই অবস্থানে।’ বিএনপি যে আওয়ামী লীগের পাল্টা কোন শক্তি নয়, বরং মুদ্রারই অপর পিঠ, তাই এই বক্তব্যে পরিস্কার হয়েছে।
রাজনৈতিক পাল্টা শক্তি হিসেবে দেশে যারা ধীরে হলেও গড়ে উঠছে, সেই প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের পীড়নের পাশাপাশি রাষ্ট্র তার নিপীড়নের যন্ত্রগুলোকে জনগণের বিভিন্ন দাবি দাওয়ার আন্দোলনকেও দমন করার কাজে ব্যবহার করছে। গত বেশ কিছুদিন ধরেই এই দমনের উল্লেখযোগ্য শিকার হয়ে সংবাদ শিরোনাম হয়েছেন বিদ্যালয় শিক্ষকরা। দিনের পর দিন পুলিশের কাঁদানে গ্যাস আর লাঠিচার্জে মাধ্যমিক স্তরের শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়েছে; মাত্র ছয় মাস আগে ১৫ মে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ওপর একই রকম দানবীয় কায়দায় ঝাঁপিয়ে পড়েছিলো পুলিশ,অথচ তাদের দাবি যে সম্পূর্ণ যৌক্তিক ছিল তা প্রমাণিত হয়েছে গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণার মধ্য দিয়েই। এই দাবিতে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করছেন ১৯৯১ সাল থেকে,২২ বছরের আন্দোলন,লাঠিপেটা এবং লাঞ্ছনার শিকার হয়ে তারা তাদের দাবির ন্যায্যতা প্রমাণ করতে পেরেছেন। যে সময়ে প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ করে গণমাধ্যম জুড়ে সরকারের বাহবা কুড়োবার চেষ্টা দেখছি, ঠিক একই দাবি করে মাধ্যমিক স্তরের শিক্ষকরা ঘাড়াধাক্কা খাচ্ছেন!
এই ঘটনার আরও দুটো দিক আছে, প্রথমত শিক্ষকদের গলাধাক্কা দেয়ার দায়িত্বে নিযুক্ত কর্মকর্তারা দাবি করছেন শিক্ষকদের মাঝে জামায়াত-শিবির আছে, শিক্ষামন্ত্রীও সেই ইঙ্গিত করলেন। মাত্র কিছুদিন আগে বিশ্বজিৎ হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশজুড়ে শিবির দমনের নামে ছাত্রলীগ কতটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, তার নাম ঘটনাক্রমে মুসলমাসম্প্রদায়ভুক্ত হলে ‘শিবিরনিধন’ এর যজ্ঞে তথাকথিত গণপিটুনির শিকারদের তালিকাতেই ঢুকে পড়তো। আন্দোলন দমন করতে শিক্ষকদেরও একই কায়দায় চিহ্নিত করা থেকে আমরা শঙ্কিত না হয়ে পারি না। দ্বিতীয়ত,‘বেআইনী জমায়েত’ এই অজুহাতে প্রেসক্লাব আর শহিদ মিনার থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে । সর্বশেষ যে মুক্তাঙ্গনটি সকলে ব্যবহার করতে পারতেন,তাও আর সভা-সমাবেশের কাজে ব্যবহার করতে দেয়া হচ্ছে না। নাগরিকদের ক্ষোভ এবং প্রতিবাদকে ভাষা দেয়ার জায়গা তাহলে কোথায়? সভা-সমাবেশের অধিকার তো সংবিধান স্বীকৃত, তাহলে কোন নীতিমালা অনুযায়ী রাষ্ট্র একটি জমায়েতকে আইনী কিংবা বেআইনী হিসেবে চিহ্নিত করছে? বাধ্য হয়েই মানুষ রাস্তা দখল করে সমাবেশ করছে,এবং এটাকেই আবার ব্যবহার করা হচ্ছে প্রতিবাদ দমনের অজুহাত হিসেবে। উচ্চ আদালতের একটি অস্পষ্ট আদেশকে ব্যবহার করে এমনকি শহীদ মিনার থেকেও শিক্ষকদের ধাওয়া করে উচ্ছেদ করা হয়েছে।
কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার এইভাবে ব্যবহার করতে পারছে, এর বিরুদ্ধে খুব বিশাল কি কোন নাগরিক চেতনা লক্ষ্য করা যাচ্ছে? গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশের নৃশংস হামলায় আমরা বড়জোর কিছু আহাউহুই শুনতে পাই; শিক্ষকরা তুলনামূলক ভাবে একটু বেশি মান্যগণ্য, দরদী বুদ্ধিজীবী মৃদু/কঠোর প্রতিবাদ করে পত্রিকায় উপসম্পাদকীয় স্তম্ভ পর্যন্ত লেখেন। আমাদের সমাজে একটা অদ্ভুদ ধরনের প্রতিবাদের প্রক্রিয়াও চালু হয়েছে, সেটাকে বলা যেতে পারে ‘নিষ্ক্রিয়-সহমর্মিতা/সহমত’ জানিয়ে রাখা। এই অদ্ভুদ বিষয়টা প্রথম খেয়াল করি সংবিধান-গণতন্ত্র-নারীর অধিকার বিষয়ে আগের আমলে নিয়মিত সোচ্চার একজন আইন জগতের একজন সন্মানিত ব্যক্তিত্বকে সংবিধানের সর্বশেষ সংশোধনীটি যে ভাবে রাষ্ট্রধর্মকে আইনী ভিত্তি প্রদান করেছেন তার প্রতিবাদে আয়োজিত একটি আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হলে—তিনি বললেন, আমাকে কেন আসতে হবে? আমি তো এর প্রতিবাদে ইতিমধ্যেই লিখেছি!
শিক্ষকদের মার খাবার এই ঘটনায়ও দেখা যাবে শিক্ষককূলের মাঝে সমাজে যারা সর্বাধিক সন্মনিত, সেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কারও কারও ক্ষোভ-আক্ষেপ প্রকাশিত হয়েছে পত্রিকার পাতায়। কিন্তু আহত শিক্ষকদের পাশে দাঁড়াবার, দরিদ্র এই শিক্ষকদের বেদনাকে ভাষা দেয়ার কোন কার্যকর পদক্ষেপ বুদ্ধিজীবী সমাজের মাঝে অনুপস্থিত। ওই রকম শিক্ষক ছিলেন ড. আহমদ শরীফ, তসলিমা নাসরিনের সাথে বহু ভিন্নমতের পরও মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দিলে তসলিমার বাড়ি পাহারা দেয়ার ঘোষণা দেয়ার সাহস যার ছিল, এবং তা করেও দেখিয়েছিলেন। তাঁর ব্যক্তিত্ব আর প্রবলতা আরও বহু মানুষকে হাজির করতো প্রতিবাদে। আহমদ শরীফরা পাকিস্তান বিরোধী যে জাগরণের ফল, সেই লড়াকু মনোবৃত্তি পরের প্রজন্মের বুদ্ধিজীবীদের মাঝে বিরলপ্রায়। হাজারো মতভিন্নতা থাকুক, চোরাগোপ্তা হামলায় আহত আসিফ মহিউদ্দীনের পাশেও তেমন কোন সংগঠিত উপস্থিতি দেখা গেলো না। নাগরিক উদ্যোগের ধারাবাহিকতাহীনতা এবং শৌখিন চরিত্র, ‘দলীয়মিত্র’ বুদ্ধিজীবীদের বড় জোড় একবার ভিন্নমত জানিয়ে রাখা এবং সর্বোপরি এই ধরনের সমালোচনার কোন ধারাবাহিকতা না থাকা সরকারের জন্য খুবই সুবিধাজনক একটি পরিস্থিত সৃষ্টি করেছে।
কিন্তু শিক্ষকদের এই আন্দোলন আরও কয়েকটি গূরুত্বপূর্ণ প্রশ্নকে সমাজে সামনে নিয়ে এসেছে, সামনের দিনে আইন-শৃঙ্খলা বাহিনী কিভাবে ব্যবহৃত হবে তার সূচনা লক্ষণ হিসেবেও এটিকে অভিহিত করা যেতে পারে। গত নব্বই এবং পরবর্তী দশকে এদের প্রধান ব্যবহার ছিলো ক্ষমতার প্রতিদ্বন্দ্বীকে দমন; গার্মেন্ট-শিক্ষক-শ্রমিক-ছাত্রসহ আর সব নাগরিক আন্দোলন ছিল অনেকটাই ছাড়া ছাড়া; শুধু একটা বড় ব্যতিক্রম নব্বইয়ের মৌলবাদবিরোধী আন্দোলন। কিন্তু বিএনপি-আওয়ামী লীগ নির্বিশেষে লাগামহীন দুর্নীতি আর লুণ্ঠন দেশের অর্থনীতির ওপর যে চাপ বৃদ্ধি করেছে, তাতে নাভিশ্বাস হয়ে ওঠা জনসাধারণের বিভিন্ন অংশ ক্রমশই আরও বেশি হারে রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছেন। ফলে লাঠি বন্দুক এবং চাপাতির লক্ষ্যবস্তুও যে ক্রমাগত পাল্টাতে থাকবে, তাতে সন্দেহ করার কারণ নেই। কিন্তু এখনও পর্যন্ত এই আন্দোলনগুলোর একটি বড় দুর্বলতা হলো এগুলো বেশিরভাগ সময়ে অর্থনৈতিক দাবিদাওয়ার মাঝেই সীমিত থাকে। তাদের দাবিটা পূরণ করতে গেলে যে বাড়তি সম্পদটা লাগবে, সেটা আসবে কোথা থেকে, সেই নির্দেশটা থাকে না। এবং এরই অভাবে প্রতিটি আন্দোলন পরস্পর বিচ্ছিন্ন হয়ে থাকে, একটি আন্দোলন আর একটি আন্দোলনের সহানুভূতি থেকে বঞ্চিত হয়, আরও মোটা দাগে বললে তা রাজনৈতিক হয়ে ওঠে না।
সর্বশেষ শিক্ষকদের আন্দোলনেও এই অপূর্ণতাটা ছিলো। যে দেশে দশ হাজার কোটি টাকার সমরাস্ত্র কেনা হয় সংসদে কোন আলোচনা ছাড়াই, হলমার্ক কেলেঙ্কারির মত ঘটনাতে একজন মানুষই ক্ষমতার যোগসাজসে বহু হাজার কোটি টাকা লোপাট হয়, শেয়ার বাজারে সাধারণ মানুষের গলায় ছুরি চালিয়ে আরও লাখো লাখো মানুষকে সর্বস্বান্ত করা হয়, সরকারী ভাষ্যমতে যেখানে কুইক রেন্টালে ভর্তুকি ছাড়িয়ে যায় হাজার বিশেক কোটি টাকা, ডেসটিনিসহ কোন কেলেঙ্কারিই কোনটাই হাজার কোটির নিচে না, সেখানে শিক্ষকদের সাথে সভায় মাননীয় মন্ত্রীরা সম্পদের অভাবের কথা বলে তাদের পিঠে হাত বুলিয়ে বাড়ি ফেরত পাঠাবার কথা ভাবতে পারেন। শিক্ষকদের প্রতি সরকারের সবিশেষ ‘দয়া’র কথা সবিস্তারে লিখেছে দৈনিক জনকণ্ঠ : “এর আগে মঙ্গলবার বেসরকারী স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ গুণ করে ১০০ টাকার স্থলে ৫০০ টাকা করা হয়েছে। তাদের চিকিৎসা ভাতাও ১৫০ টাকার স্থলে দ্বিগুণ অর্থাৎ ৩০০ টাকা করা হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ল।”
তো মাধ্যমিক শিক্ষকদের বাড়িভাড়া পাঁচগুন(!) করে পাঁচশো টাকা হয়েছে, চিকিৎসা ভাতাও এখন আর ১৫০ টাকা নয়, তিনশো টাকা। মাননীয় শিক্ষককূল এতে যদি সন্তুষ্ট না থাকেন, তো তাদেরই দায় কোন কোন খাত থেকে তাদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ আসতে পারে তা আঙুল দিয়ে দেখিয়ে দেয়া, সেই কাজটি করতে গেলেই রাষ্ট্রের দিকে তাদের তর্জনী তাক করতে হবে, যে রাষ্ট্র বিএনপি-আওয়ামী আমল নির্বিশেষে তাদের সাথে একই আচরণ করে আসছে। তখন কিন্তু চেতনাগত দিক দিয়ে তাদের আন্দোলনের সাথে গার্মেন্ট শ্রমিকের আন্দোলনের, বর্ধিত বেতন ফির প্রতিবাদে রাস্তায় নামা শিক্ষার্থীদের আন্দোলনের কিংবা জ্বালানিমূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতালের খুব পার্থক্য থাকবে না। বিচ্ছিন্নভাবে একই শত্রুর বিরুদ্ধে জনগণের নানান অংশ যে লড়াই পরিচালনা করছেন, সংহতির এই বোধটা তাদের মাঝে গড়ে উঠলে—সত্যি যে পীড়নের শিকার তারা হবেন একইভাবেই, কিন্তু দাবি আদায় করার কার্যকর ক্ষমতাও তাদের তখনই গড়ে উঠবে। এই রকম সংহতির বোধ যে আরও বৃহত্তর ভাবমানস গড়ে তোলে, তাই তো ষাটের দশকের গণজাগরণ ডাক্তার মুর্তজার মত চিকিৎসক, শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মত প্রকৌশলী, জহির রায়হানের মত চলচ্চিত্রকার, আহমদ শরীফ আর বদরুদ্দীন উমর এর মত পণ্ডিতসহ আরও অনেককে যুক্ত করেছিল জনগণের কাতারে।
সংহতির বোধটির বিপরীত চিত্রই এখনো প্রবল। গার্মেন্ট কর্মীরা সংগঠিত হতে পারছেন না, সেখানে প্রবল রাষ্ট্রীয় সন্ত্রাস প্রাণপণে সচেষ্ট তাদের জোটবদ্ধ হওয়া প্রতিহত করতে। তাদের ‘উস্কে’ দেয়ার দায়ে মোশরেফা মিশু কিংবা মন্টু ঘোষ দিনের পর দিন বন্দী থাকেন, গুম খুন, পঙ্গু করে দেয়ার ঘটনাও অসংখ্য। এতগুলো দুর্ঘটনায় একজন মালিকেরও শাস্তি না হলেও শ্রমিক নেতারা সর্বক্ষণই থাকেন কড়া নজরদারিতে। এই তীব্র দমন-পীড়ন মোকাবেলা করেই ধীরে হলেও সেখানে শ্রমিকদের সংস্থাগুলো গড়ে উঠছে। বাংলাদেশের মত একটি দেশে কিন্তু তৃণমূল পর্যায়ের প্রাথমিক-মাধ্যমিক স্তরের শিক্ষকরা বাকি সব সংগ্রামের মাঝে সেতুবন্ধ রচনার কাজটিতে কার্যকর ভূমিকা রাখতে পারতেন। কিন্তু বাস্তব পরিস্থিতি একদম উল্টো। শিক্ষকরা নানান পতাকায় সংগঠিত হলেও কার্যত লুটেরাদের বিভিন্ন দলের প্রভাবাধীনেই এই সংগঠনগুলো অস্তিত্বশীল। ডাকাত দলের মতাদর্শিক সাথী হয়ে রাষ্ট্রের কাছ থেকে ন্যায্য কোন কিছুই আদায় করা যাবে না, এই বোধটি আন্দোলনরত শিক্ষকদের যেমন উপলদ্ধি করতে হবে, রাজনৈতিক কর্মীদেরও দায় তাদের মাঝে লেজুড়বৃত্তি মুক্ত সত্যিকারের পেশাজীবী সংগঠন গড়ে তোলার প্রয়াস গ্রহণ।
গূরুত্বপূর্ণ যে এই ঘটনাগুলো ঘটছে এমন একটা সময়ে যখন গণমানুষের দীর্ঘদিনের দাবি যুদ্ধাপরাধীদের বিচারের একটা প্রক্রিয়া চলমান। বিভিন্ন সময়ে এই বিচার নিয়ে সরকারের মন্ত্রী ও মুখপাত্রস্থানীয় ব্যক্তিবর্গ পরস্পরবিরোধী, কখনো কখনো বিভ্রান্তিকর, কখনো কখনো হঠকারী কথাবার্তা বহুবার বললেও যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নটিতে কোন রকম ছাড় দেয়া হলে যে এত দমন-পীড়ন করেও টিকে যাওয়া সরকারের আসনের পায়াতেই টান পড়বে, সেটা তারা টের পান। অসংখ্য সীমাবদ্ধতা আর প্রশ্নের পরও এই মামলার রায়ের একটি ঐতিহাসিক তাৎপর্য হলো স্বাধীনতার অনতিকাল পর থেকেই ক্ষমতাসীন সবগুলো পক্ষ যুদ্ধাপরাধীদের সাথে আপোষ করে এদেরকেই ক্রমাগত শক্তিশালী করে এসেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জেগে ওঠা মানুষের উচ্চতর চেতনা আর আকাঙ্ক্ষাকে দমন করার মতাদর্শিক শক্তি হিসেবে যেমন, তেমনি লাঠিয়াল বাহিনী হিসেবেও; সেই রাষ্ট্র এই রায়ের মধ্য দিয়ে অবশেষে প্রশ্নটির আইনগত ও নৈতিক বৈধতা স্বীকার করতে বাধ্য হয়েছে। সরকার যদি একে কৌশল হিসেবেও ব্যবহার করতে চেয়ে থাকে, এই ব্যবহারটি সম্ভব হচ্ছে একটিমাত্র কারণে, সেটি হলো যুদ্ধাপরাধীদের প্রতি অধিকাংশ মানুষের কার্যকর ঘৃনা। ফলে সরকার যে কোন বৈধ সংগ্রামকে যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখিয়ে ফায়দা লোটার যেমন চেষ্টা করছে, সংগ্রামীদের দায়িত্ব তেমনি বিচার প্রক্রিয়াকে খণ্ডিত ও বিলম্বিত করার যে কোন চেষ্টার বিরুদ্ধে জনমত গড়ে তোলার পাশাপাশি নিছক রাজনৈতিক কৌশল হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নটিকে ব্যবহারের চেষ্টাকেও প্রতিহত করা; সরকার যে কোন রকমের গাফিলতি কিংবা বিচারের প্রশ্ন থেকে সরে আসার কোন প্রবণতা এই চরম রাজনৈতিক প্রশ্নে দেখালে প্রতিরোধ গড়ে তোলা।
আবারও ফিরে আসি শুরুর উদাহরণটাতেই। হুইগ আর টোরিদের রক্তাক্ত কাটাকাটি খেলার অবসান উচ্চতর কোন গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের মাধ্যমে ঘটেনি, বরং উচ্চতর গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশটাই ঘটেছিলো কৃষক-কারিগর শ্রেণীর নানান আন্দোলনে, সেগুলোর অগ্রগতিতে, এবং রাষ্ট্রের ওপর ক্রমাগত চাপবৃদ্ধির ফলাফল হিসেবে। এই আন্দোলনগুলো কখনো কখনো ধর্মের নতুন নতুন ব্যাখ্যার মোড়কে আবৃত হলেও চেতনার দিক দিয়ে ছিলো বৈপ্বলবাত্মক; আরও পরে য়ুরোপীয় গণতন্ত্রের চূড়ান্ত চেহারাটা প্রদান করলো নতুন জেগে ওঠা শ্রমিক শ্রেণী আর কখনো কখনো তাকে ভাষাজোগানো মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা সংগ্রামী মানুষেরা। আজকে য়ুরোপে গণতন্ত্র বলে যা কিছু প্রতিষ্ঠত– ভোটাধিকার, সার্বজনীন শিক্ষা, নারীর অধিকার, আইনের দৃষ্টিতে সাম্য—সবই এই সংগ্রামেরই ফল। ‘বিমূর্ত’ কোন গণতন্ত্রের আসমান থেকে উদয় হয়নি, বরং রাজপথে অজস্র লড়াইয়ের পথেই নির্মিত হয়েছে, ঠিক যে লড়াইটি আজ চালাচ্ছেন আমাদের বিদ্যালয় শিক্ষক, গার্মেন্ট কর্মী, শিক্ষার্থীসহ জনগণের বিভিন্ন অংশ।
রাজনীতি যদি শাসকদের ক্ষুদ্র একটা অংশের পকেট ভরার কাড়াকাড়ির খেলাই কেবল হয়, তবে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগসহ আর সকল কিছুরই ঠিক যা হবার কথা, তাই হচ্ছে বাংলাদেশে। কিন্তু যে সম্পদ আজ প্রতিনিয়ত লুণ্ঠন হচ্ছে, তা মানুষের জীবনের বিকাশের কাজে ব্যবহার করতে গেলে সাধারণ মানুষের এই লড়াইগুলোকেই আরও শক্তিশালী করতে হবে। বিএনপির হাজারটা হরতালেও কিছু নিশ্চয়ই হতো না, কিন্তু বামপন্থীদের হরতালের পরিণতিতে সরকার বর্ধিত বিদ্যুতের মূল্য আংশিক হলেও প্রত্যাহার করেছে। শিক্ষার্থীরা সংগ্রাম করেই জনগণ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ এখনো নাগালের মাঝে রাখতে পেরেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আজাদ চৌধুরীর কোষাধ্যক্ষ সেই নব্বই এর দশকেই ঘোষণা করেছিলেন সেখানকার বেতন হওয়া উচিত দশ হাজার টাকা। দুই যুগের শিক্ষক আন্দোলনের ফল চাকরি জাতীয়করণ। এই সব নিরেট অর্থনৈতিক সংগ্রামগুলোকে আরও ঘনীভূত করা এবং জনগণের সম্পদ লুণ্ঠনে, অপচয়ে নাকি জাতীয় বিকাশে ব্যবহৃত হবে, সেই প্রশ্নটাকে আরও সামনে নিয়ে আসাটাই জরুরি।
গণতন্ত্রের আর কোন বাড়তি অর্থ নেই সাধারণ মানুষের শিক্ষা-জীবিকা-সাংস্কৃতি-বিনোদন-বাসস্থানের অধিকারের বাইরে; গণতন্ত্রের ন্যূনতম অর্থ তাই রাজনৈতিকভাবে সাধারণ মানুষের ক্ষমতায়ন। জীবনের এবং চিন্তার যে বিপুল বৈচিত্র অর্জন সম্ভব, যে সুবিশাল সম্ভাবনাগুলো প্রতিনিয়ত শুকিয়ে ঝরে যাচ্ছে, তার থেকে উদ্ধারের একটিই পথ: সম্পদ বন্টন এবং ক্ষমতার পরিচালনা—এই সব কিছুতে জনগণের এখ্তিয়ার প্রতিষ্ঠা।
