২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

আসছে ১৯ ডিসেম্বর কুইন্স বরো কম্যুনিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র রাফিজুল আলমের বয়স হওয়ার কথা ছিল ১৯ বছর। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 03:29 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

নিউইয়র্কের জ্যামাইকায় দুর্বৃত্তের হামলায় আহত  এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।  

নিহত রাফিজুল আলম কুইন্স বরো কম্যুনিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আসছে ১৯ ডিসেম্বর তার বয়স হওয়ার কথা ছিল ১৯ বছর। 

গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় হিলসাইড এভিনিউয়ের একটি পিজার দোকান থেকে বের হওয়ার পরপরই তিন দুর্বৃত্তের কবলে পড়েন রাফিজুল। তার মাথায় বেইজবলের ব্যাট দিয়ে আঘাত করে হামলাকারীরা।

রাফিজুল রাস্তায় লুটিয়ে পড়লে খবর পেয়ে পুলিশ আসে।তাকে ভর্তি করা হয় জ্যামাইকা হাসপাতালে। ১০ ডিসেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

রাফিজুল তার বড় দুই ভাই এবং মা-বাবার সঙ্গে জ্যামাইকায় থাকতেন। তার বাবার নাম বদিউল আলম।, বাড়ি কুমিল্লার ধামতিতে। ১০ বছর আগে তারা যুক্তরাষ্ট্রে আসেন।

রাফিউলের ভাই রাশেদুল আলম রিমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,ঘটনাস্থলের আশেপাশের দোকানের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে পুলিশ ইতোমধ্যে দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে তদন্ত চলছে এবং অপর হামলাকারীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

রাফিজুলের লাশ বুধবার তার পরিবারের কাছে হস্তান্তর করার কথা। এরপর জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা শেষে তাকে নিউ ইয়র্কেই দাফন করা হবে।