২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পশ্চিমবঙ্গে প্রথম দলীয় অফিস খুলল বিজয়ের টিভিকে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোই তাদের মূল লক্ষ্য।

পশ্চিমবঙ্গে প্রথম দলীয় অফিস খুলল বিজয়ের টিভিকে

ছবি: আনন্দবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 10:29 PM

Updated : 27 Sep 2026, 10:29 PM

চমক দিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জিতে সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গে অফিস খুলল চিত্রনায়ক থেকে নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)’।

আনন্দবাজার পত্রিকার খবর অনযায়ী, পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমানের ফাগুপুরে রোববার বিজয়ের দল টিভিকের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন দলটির রাজ্য আহ্বায়ক চৈতালি রায়সহ বিভিন্ন জেলার নেতারা।

টিভিকে নেতারা বলছেন, পশ্চিমবঙ্গে আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোই তাদের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোর দেওয়া হবে।

টিভিকের পশ্চিমবঙ্গের আহ্বায়ক চৈতালি বলেন, “তামিলনাড়ু থেকে নির্দেশ এসেছে যে, সব রাজ্যে দলের সংগঠন তৈরি হচ্ছে; সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারের প্রাথমিক পর্বে সামাজিক কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’’

ফাগুপুরে দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে টিভিকের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল বলে দাবি চৈতালির। আগামীদিনে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তার এবং সামাজিক কর্মসূচি চালানোর পরিকল্পনাও রয়েছে বলে তথ্য দেন দলটির নেতারা।

গত লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে সক্রিয় রাজনীতিতে পা দেন তামিল সুপারস্টার বিজয়। ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’-খ্যাত বিজয় বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।