২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের ঈদের মিষ্টি প্রত্যাখ্যান পাকিস্তানের

অনেক দিন ধরে হয়ে এলেও সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ঈদে এবার মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়নি ভারত ও পাকিস্তানের সীমান্ত রক্ষীদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 09:03 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

শনিবার ঈদুল ফিতরে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বরাবরের মতো মিষ্টি পাঠালেও পাকিস্তানের পক্ষ থেকে তা ফেরত দেওয়া হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।

পাঞ্জাবের ওয়াগা সীমান্তে বিএসএফের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠানো হয়েছিল বলে বাহিনীর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এম এফ ফারুকী সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “প্রতি ঈদে আমরা তাদের মিষ্টি পাঠাই। এবারও পাঠিয়েছিলাম। কিন্তু পাকিস্তান রেঞ্জার্স তা গ্রহণ করেনি।”

মিষ্টি প্রত্যাখ্যানের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির দৈনিক ডন বলেছে, ঈদের দিনও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছে ভারতের সীমান্ত রক্ষীরা। 

পাঞ্জাব সংলগ্ন জন্মু ও কাশ্মির সীমান্তে গত কিছু দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি এক বিএসএফ জওয়ান প্রতিপক্ষের গুলিতে নিহতও হন।

বিএসএফ কর্মকর্তা ফারুকী বলেন, “আমরা সীমান্তে শান্তি চাই।”

তবে এবার জম্মু ও কাশ্মির সীমান্তে বিএসএফের পক্ষ থেকে আগের মতো পাকিস্তানের সীমান্ত রক্ষীদের মিষ্টি পাঠানো হয়নি। 

বিএসএফের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান গুলি চালানোয় এবার ওই রাজ্যের সীমান্তে শুভেচ্ছা বিনিময়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।