সন্ত্রাসী দলে জড়িত সন্দেহে চীনে ২০ পর্যটক গ্রেপ্তার
সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে চীন ২০ সদস্যের একটি বিদেশি পর্যটক দলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। ওই দলে ভারতের একজন নাগরিকও রয়েছে।
দক্ষিণ আফ্রিকার দাতব্য সংস্থা ‘গিফ্ট অব দ্য গিভারস ফাউন্ডেশন’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি তাদের ফেইসবুক পাতায় জানায়, দলটিতে দক্ষিণ আফ্রিকার ১০ জন, যুক্তরাজ্যের ৯ জন এবং ভারতের একজন পর্যটক আছেন। ৪৭ দিনের ভ্রমণের অংশ হিসেবে তারা চীনের ঐতিহাসিক স্থান ভ্রমণ করছিলেন।
“১০ জুলাই স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে ইনার মোঙ্গলিয়ান শহরের এরদোস বিমানবন্দরে তাদেরকে আটক করা হয়।” ভারতীয় পর্যটকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তবে দাতব্য সংস্থাটি পর্যটকদের নাম-পরিচয় সম্পর্কে কিছু জানায়নি। ভারত চীনে অবস্থিত তাদের দূতাবাসের মাধ্যমে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে।
নয়াদিল্লির একজন কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা আইএএনএস কে বলেন, “চীনে আটক আমাদের নাগরিক যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি।”
দক্ষিণ আফ্রিকার সংস্থাটি আরো জানায়, “পর্যটকদের মোবাইল ফোন বায়েজাপ্ত করা হয়েছে। দূতাবাস থেকে বা পর্যটকদের পরিবারের কাউকে তাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।”
“কোন রকম অভিযোগপত্র ছাড়াই তাদের আটক করা হয়েছে। তাদের কারো সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। এমনকি কোন আইনী প্রতিনিধির সঙ্গেও তাদের কথা বলতে দেয়া হচ্ছে না।”
গ্রেপ্তারের ৪৮ ঘণ্টা পর রোববার ট্যুর অপারেটরের পক্ষ থেকে বলা হয়, এরদোসে কোন একটা সমস্যা হয়েছে। এরপরই আটক পর্যটকদের বিষয়টি সবার নজরে আসে।
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের দূতাবাসের কর্মকর্তারা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সংস্থাটি জানায়, চীন ২০ জনের মধ্যে ১১ জনকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে তাদের চীন ছাড়ার বিমানে ওঠার আগ পর্যন্ত বন্দি রাখা হবে।
“বাকি ৯ জনকে আটক রাখা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সন্ত্রাসীদের প্রচারণামূলক ভিডিও দেখছিল। ওই ৯ জনের মধ্যে ৫ জন দক্ষিণ আফ্রিকার, ৩ জন যুক্তরাজ্যের এবং একজন ভারতের নাগরিক।”
যুক্তরাজ্যের বেশ কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। তবে তাদের কেউই বিস্তারিত তথ্য জানাতে পারেনি।
