২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান শান্তি আলোচনায় মোল্লা ওমরের সমর্থন

আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা সমর্থন করেছেন দেশটির তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 09:34 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ওই বিবৃতিতে মূলত মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল-ফিতর উপলক্ষ্যে একটি বার্তা দেন মোল্লা ওমর। এতে সরাসরি আলোচনার কথা উল্লেখ না করলেও ওমর বলেন, “শত্রুদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় ইসলাম বাধা দেয় না”।

গত সপ্তাহে পাকিস্তানের উদ্যোগে আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। এটিই  ছিল উভয় পক্ষের প্রথম মুখোমুখি আলোচনা।

গত বছর ডিসেম্বরে নেটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর উপর তালেবান হামলা অনেক বেড়ে গেছে।

গুঞ্জন ছিল, তালেবান নেতা মোল্লা ওমর সরকারের সঙ্গে আলোচনা সমর্থন করেননি। সর্বশেষ প্রকাশিত বিবৃতিটি ওই গুঞ্জনের অবসান ঘটিয়েছে।

তালেবান ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বিদেশি বাহিনীর দখল থেকে দেশকে উদ্ধারে এ আলোচনা একটি ‘বৈধ’ উপায় হতে পারে।

“রাজনৈতিক উপায়ে ইসলামিক পন্থায় পবিত্র লক্ষ্য অর্জিত হলে অস্ত্রধারী জিহাদিরাও তা অনুসরণ করবে।”

বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নিয়েও কথা বলা হয়। সম্প্রতি আফগানিস্তানে আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। আইএস জঙ্গিরা তালেবান জঙ্গিদেরকে হটিয়ে আফগানিস্তানের বেশ কিছু এলাকার দখল নিয়েছে এবং বেশ কিছু তালেবান জঙ্গিকে দলে ভিড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আমরা আমাদের সব মুজাহিদ ভাইদের একত্রিত থাকার নির্দেশ দিচ্ছি। সেই সঙ্গে যারা আমাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।”