২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধ্র প্রদেশে মেলায় পদদলিত হয়ে মৃত ২৭

ভারতের অন্ধ্র প্রদেশে গোদাবরী নদীর তীরে স্নান করতে গিয়ে হুড়াহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৭ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 07:25 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বিবিসি’র খবরে বলা হয়, রাজামুন্দ্রি জেলায় মহা পুষ্করম মেলা উপলক্ষ্যে হিন্দু পুণ্যার্থীরা গোদাবরী নদীর তীরে স্নানের জন্য জড়ো হয়েছিল। স্থানীয় সময় সকাল ৮টার দিকে একসঙ্গে অনেকে হুড়াহুড়ি করে ঘাটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের অধিকাংশই বয়স্ক মানুষ। তাদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

১২ দিন ব্যাপী এ পুস্করম মেলায় প্রায় আড়াই কোটি মানুষ অংশগ্রহণ করে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ শ্রীনিভাসন রায় বলেন, “প্রথম দল নদীতে স্নান সেরে উঠে আসার সময় নির্দিষ্ট সময়ে স্নান সারতে দ্বিতীয় দল হুড়মুড় করে ঘাটে ঢোকার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে।”

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু টুইটারে জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন। সেইসঙ্গে নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।