২০৫০ নাগাদ জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত
ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার চীনের চাইতেও বেশি এবং ২০৫০ সালের মধ্যে ভারত জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় স্বায়ত্ত্বশাসিত সংস্থা হিসাবে কাজ করা ‘ন্যাশনাল পপুলেশন স্টেবিলাইজেশন ফান্ড’ (এনপিএসএফ) শনিবার এ তথ্য দিয়েছে।
ভারতে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৬ শতাংশ। এ হার বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনের চাইতে বেশি। এ ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ভারতই বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হবে বলে জানিয়েছে ‘দ্য হিন্দু’ পত্রিকা।
ভারতের জনসংখ্যা এরই মধ্যে ১২৭ কোটি ছাড়িয়েছে। শনিবার এনপিএসএফ দেশটির বর্তমান জনসংখ্যা ১২৭ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৬৯ বলে জানায়।
বর্তমান হিসাব অনুযায়ী চীনের জনসংখ্যা আনুমানিক ১৩৯ কোটি বলে জানালেও এনপিএসএফ এর এক কর্মকর্তা বলেন, ভারতে জনসংখ্যা বর্তমানের ১ দশমিক ৬ শতাংশ হারে বাড়তে থাকলে ২০৫০ নাগাদ চীনকে টপকে জনসংখ্যা দাঁড়াবে ১৬৩ কোটিতে।
শনিবার ভারতে জনসংখ্যা বৃদ্ধির এ হারে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তিনি ২০২৮ সালের মধ্যেই ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন রাজ্যসভায়।
তবে ভারতের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে অকার্যকর আখ্যা দেননি তিনি। বরং সরকারের চেষ্টায় ভারতে মোট প্রজনন (সন্তান জন্ম) অর্থাৎ, টিএফআর-এর হার নিম্নগামী হয়েছে বলে উল্লেখ করেন নাড্ডা।
