২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষ পোশাক!

ভারতে চিকিৎসা বিজ্ঞানে ভর্তিচ্ছুদের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় বিশেষ পোশাক (ড্রেস কোড) পরার ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 09:37 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

পরীক্ষার হলে প্রতারণার অভিযোগে এবছর চিকিৎসা বিজ্ঞানের ভর্তি পরীক্ষা বাতিল হয়ে যায়।

গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট ছয় লাখের বেশি পরীক্ষার্থীর পরীক্ষা পুনরায় গ্রহণের নির্দেশ দেয়।

নতুন করে পরীক্ষায় অংশগ্রহণকারীদের হাফ-হাতা পাতলা জামা পরার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া শার্টের বোতাম খুব বড় হওয়া যাবে না।

পরীক্ষার্থীরা কানে দুল পরতে পারবে না। ক্যালকুলেটর, কলম, হাতব্যাগ কিংবা ওয়ালেটও বহন করা যাবে না। জুতার ক্ষেত্রেও বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। অপেক্ষাকৃত খোলামেলা জুতা পরতে বলা হয়েছে।

ভারতে হাতেনাতে এমন কয়েকজন পরীক্ষার্থীকে ধরা হয়েছে যারা ব্লুটুথ ও মোবাইল সিম ব্যবহার করে পরীক্ষার হল থেকে প্রশ্ন ফাঁস এবং উত্তর সংগ্রহ করছিল। এইসব যন্ত্রাংশ তাদের শার্টের সঙ্গে সেলাই করা ছিল। 

গত কয়েক বছর ধরে বেশ কয়েকজন পরীক্ষার্থী হাতেনাতে ধরা পড়েছে যারা ছোট্ট এয়ারফোন, বাটন-হোল ক্যামেরা এবং অতিক্ষুদ্র এয়ারফোন ব্যবহার করে পরীক্ষায় নকল করছিল।

এছাড়া, বিশেষ ধরনের কলম ব্যবহার করতেও দেখা গেছে। যেগুলোর মাধ্যমে প্রশ্নপত্র স্ক্যান করে সেই ছবি ব্লুটুথের মাধ্যমে বাইরে পাঠানো হয়েছিল।

এ ধরনের আরো বেশ কিছু যন্ত্র যেগুলোর মাধ্যমে পরীক্ষার হল থেকে প্রশ্নপত্রের ছবি তুলে সেগুলো বাইরে পাঠানো হচ্ছিল এবং বাইরে থেকে কেউ তার উত্তর বলে দিচ্ছিল।

পরীক্ষার্থীদের এ ধরনের প্রতারণা বন্ধ করতেই বিশেষ পোশাক পরার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।