২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচণ্ড বৃষ্টিপাতে গুজরাটে ব্যাপক ক্ষয়ক্ষতি

টানা বৃষ্টিপাতে ভারতের গুজরাট রাজ্যে সরকারি ও ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 03:01 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

রাজ্যের বন্যাদুর্গত এলাকাগুলোতে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। হেলিকপ্টার থেকে খাবার ফেলে দুর্গত এলাকার পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে সরকার। 
 
বিবিসি বলছে, বন্যাদুর্গত নিচু এলাকাগুলো থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় এক হাজারজনকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে আনা হয়েছে। 
 
ব্যাপক ক্ষতিগ্রস্ত সৌরাষ্ট্র জেলার অনেক ঘরবাড়ি টানা বৃষ্টির ধকল সামলাতে না পেরে ধসে পড়েছে। ৯০ বছরেও গুজরাটে এমন বন্যা হয়নি বলে অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে। 
 
সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় আমরেলি জেলার ৬০০ গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক এলাকার ফসল তলিয়ে গিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিতিন প্যাটেল। 
 
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ চলছে বলেও জানিয়েছেন তিনি। 
 
বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনের মধ্যে ২৩ বার খাবার প্যাকেট ফেলেছেন তারা। 
 
ব্যাপক বৃষ্টিতে জুনাগড়ের গির বনাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বনটি বর্তমানে এশীয় সিংহের একমাত্র আবাস। বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত বনটি থেকে সিংহরাও বের হয়ে আসছে বলে খবর বেরিয়েছে।
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার স্বাভাবিক সময়ের দুই সপ্তাহ আগেই ভারতজুড়ে বর্ষা ঋতু শুরু হয়ে গেছে বলে শুক্রবার এক আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন। 
 
আবহাওয়ার পূর্বাভাসে এ বছর বর্ষায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বলে বলা হয়েছে। 
 
এরই মধ্যে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য কাশ্মিরেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। গেল বছর এই রাজ্যটিতে বন্যায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। রাজ্যটির ঝিলম নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
 
ব্যাপক বৃষ্টিপাতের কারণে উত্তরাখন্ড রাজ্য কর্তৃপক্ষ কেদারনাথ ও হিন্দুদের অন্যান্য তীর্থে পুণ্যার্থীদের যাতায়াত বন্ধ করে দিয়েছে। 
তবে এসব বৃষ্টিপাত উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের গ্রীষ্মকালীন ফসলের জন্য, বিশেষ করে ধান, গম, সয়াবিন ও তুলার জন্য শাপেবর হবে বলে মনে করছেন দেশটির কৃষিবিদরা।