পাকিস্তানে দাবদাহে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে
পাকিস্তানে কয়েক দশকের মধ্যে তীব্র দাবদাহে করাচিতে মৃতের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুর্গতএলাকায় জরুরি অবস্থা জারি করেছেন।
গত সপ্তাহে রমজান শুরুর পর থেকেই পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে তাপমাত্রা বাড়ছেই।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বিবিসি’কে জানিয়েছে,পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী তাদের নির্দেশ দিয়েছেন।
হিট স্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা দিতে সেনাবাহিনীকেও চিকিৎসাকেন্দ্র খোলার নির্দেশ দিয়ে তাদের সহায়তা করতে বলা হয়েছে বলেও জানিয়েছে এনডিএমএ।
মৃতদের বেশিরভাগই নিম্ন আয়ের বয়োবৃদ্ধ মানুষ। করাচিতেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন।
করাচির সরকারি হাসপাতালগুলোতে প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কেবলমাত্র মঙ্গলবারেই মারা গেছে ৩৫০ জন।
সাম্প্রতিক দিনগুলোতে শহরটির তাপমাত্রা ৪৫ ডিগ্রিরও বশি রেকর্ড করা হয়েছে।
সিন্ধু প্রদেশের স্বাস্থ্যসচিব সায়িদ ম্যানজনেজো জানিয়েছেন, তাপদাহের শিকার বহু মানুষ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বাড়ায় করাচিতে বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে। পাশাপাশি রমজান মাস চলায় বিদ্যুৎ সরবরাহে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
গ্রীষ্মকালে পাকিস্তানে উষ্ণ আবহাওয়া অস্বাভাবিক না হলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে।
বিক্ষুব্ধ লোকজন করাচির বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ করছে। মৃত্যুর মিছিল ঠেকাতে না পারায় তারা সরকার ও শহরের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কোম্পানিকে দায়ী করছে।
প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও রমজান শুরুর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সঙ্কট শুরু হয়েছে বলে জানিয়েছেন বিবিসি’র করাচি প্রতিনিধি।
