তেরেসার উত্তরসূরি নির্মলার প্রয়াণ
মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটির উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই।
মঙ্গলবার ৮১ বছর বয়সে তিনি মারা যান।
১৯৯৭ সালের মার্চে মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা মাদার তেরেসা দায়িত্ব ছেড়ে দেয়ার পর সিস্টার নির্মলা এই সেবা সংস্থাটির সুপিরিয়র জেনারেলের পদে আসীন হন।
ওই বছরের ৫ সেপ্টেম্বর শান্তিতে নোবেল পুরস্কারজয়ী তেরেসা মারা যান।
২০০৯ সালের ২৪ মার্চ পর্যন্ত নির্মলা প্রতিষ্ঠানটির দায়িত্বে ছিলেন। এরপর সিস্টার ম্যারি প্রেমা তার স্থলাভিষিক্ত হন।
ক্যাথলিকদের বৈশ্বিক সদরদপ্তর মাদার হাউজের এক সূত্র জানিয়েছে, “বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ (মঙ্গলবার) দুপুর ১২.০৫-এ (স্থানীয় সময়) তিনি শিয়ালদার যে আশ্রমে থাকতেন সেখানে মারা যান।”
কলকাতার আর্চ বিশপ থমাস ডি সুজা আইএএনএসকে বলেন, “বুধবার বিকাল ৪টায় মাদার হাউজে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সিস্টার নির্মলাকে সেন্ট জোন্স কবরস্থানে সমাহিত করা হবে।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিস্টার নির্মলার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “সেবার জন্যই সিস্টার নির্মলার জীবন উৎসর্গীকৃত ছিল। দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সেবা করেছেন তিনি। তার এই প্রয়াণে আমি বিমূঢ়। তার আত্মা শান্তি লাভ করুক।”
মোদী আরো বলেন, “সিস্টার নির্মলার প্রয়াণে আমি মিশনারিজ অব চ্যারেটি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
১৯৩৪ সালে সালে রাচির এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন নির্মলা। ১৭ বছর বয়সে হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর তিনি মিশনারিজ অব চ্যারিটিতে যোগ দেন।
দরিদ্র ও বঞ্চিতদের জন্য মাদার তেরেসার সেবামূলক কাজে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি।
রাষ্ট্রবিজ্ঞানে এম সিস্টার নির্মলা মিশনারিজ অব চ্যারিটির একটি শাখার প্রধান হিসেবে ১৯৭৬ সালে যোগ দিয়ে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপরই তিনি প্রতিষ্ঠানটির সুপিরিয়র জেনারেল পদে আসীন হন।
২০০৩ সালে তিনি দ্বিতীয় মেয়াদে ওই পদে নির্বাচিত হন। ২০০৯ সালের ১৩ মার্চ তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পরদিন সিস্টার নির্মলা স্বাস্থ্য সমস্যার কারণে দায়িত্বপালন থেকে বিরত থাকার ইচ্ছাপ্রকাশ করেন।
২০০৯ সালে সিস্টার নির্মলাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ভারতের দ্বিতীয় বেসামরিক সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণে ভূষিত করা হয়।
