২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মোদীর মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’: পাকিস্তান

ঢাকা সফরের সময় ‘পাকিস্তান উপদ্রব সৃষ্টি করছে এবং সন্ত্রাসবাদকে মদদ দিয়ে প্রতিনিয়ত ভারতকে বিপদে ফেলতে চাইছে’ বলে নরেন্দ্র মোদীর করা মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 05:37 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজি খলিলুল্লাহ ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের এই প্রতিক্রিয়া জানান।

পাকিস্তানের মুখপাত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, “দ্বিপক্ষীয় সম্পর্ককে ভারতের প্রধানমন্ত্রীর ‘উপদ্রব’ আখ্যা দেওয়াটা দুর্ভাগ্যজনক।”

তিনি বলেন, ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে ও সুপ্রতিবেশীসুলভ বজায় রাখায় বিশ্বাস করে।

বাংলাদেশ সফরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক উন্মুক্ত বক্তৃতায় মোদী বলেন, “পাকিস্তান প্রতিনিয়ত ভারতের জন্য উপদ্রব সৃষ্টি করছে, সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার ঘটনা ঘটিয়েই যাচ্ছে।”

একাত্তরের মুক্তিযুদ্ধের শেষে ভারতীয় বাহিনীর হাতে বন্দি ৯৩ হাজার পাকিস্তানি সেনাকে ফেরত দেওয়ার ঘটনা তুলে ধরে মোদী বলেন, “আমাদের যদি হিংস্র মানসিকতা থাকতো, তাহলে তখন কি সিদ্ধান্ত হত, তা বলা যায় না।”

খলিলুল্লাহ বলেন, “মোদীর বক্তব্য প্রতিবেশী সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের নেতিবাচক ভূমিকার বিষয়ে পাকিস্তানের বক্তব্যকেই প্রমাণ করে।

“এটা পরিতাপের বিষয় যে ভারতীয় রাজনীতিকরা শুধু জাতিসংঘ সনদ লঙ্ঘনের কাজে প্রশ্রয় দিচ্ছে তা-ই নয়, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয় স্মরণ করে গর্ববোধ করছে।”