২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতের ঝাড়খন্ডে ১২ মাওবাদী বিদ্রোহী নিহত’ 

ভারতের ঝাড়খন্ডে এক সংঘর্ষের ঘটনায় অন্ততপক্ষে ১২ জন মাওবাদী বিদ্রোহীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 03:53 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

মঙ্গলবার রাজ্যের প্রধান শহর রাচি থেকে ১৪০ কিলোমিটার দূরের পালামৌ জেলার বাকোরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

পুলিশের কাছে খবর আসে, একটি জিপে করে ওই এলাকা দিয়ে মাওবাদীরা যেতে পারে। এ খবর পেয়ে জেলা পুলিশের একটি দল ও বিশেষায়িত কোবরা ব্যাটালিয়ানের একটি দল বাকোরিয়া গ্রামে গিয়ে অবস্থান নেয়। 

ভোররাত আড়াইটার দিকে জিপ গাড়িটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় প্রস্তুত হয়ে থাকা নিরাপত্তা বাহিনী সেটি থামানোর চেষ্টা করে। 

নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখে জিপের আরোহীরা গাড়ি থেকে নেমে গুলি করতে শুরু করে। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে দুপক্ষের মধ্যে প্রায় ঘন্টাখানেক সময় ধরে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ১২ মাওবাদী নিহত হয় বলে দাবি করেছে পুলিশ। 

পুলিশের অভিযান বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এসএন প্রধান এনডিভিকে বলেছেন, “এখন পর্যন্ত আমরা ১২ জন নকশালের মৃতদেহ খুঁজে পেয়েছি। মৃতদেহগুলোর মধ্যে জোনাল কমান্ডার আরকেজির লাশও আছে। তিনি কমিউনিস্ট সেন্টারের সদস্য আঞ্চলিক প্রধান অরবিন্দজির খুব ঘনিষ্ঠ ছিলেন।”   

ঘটনাস্থলে একটি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সম্ভবত এদের সঙ্গে আরো গাড়ি ছিল, তাদের কয়েকজন হয়তো পালাতে পেরেছেন।” 

ঘটনাস্থল থেকে একটি অ্যাসল্ট রাইফেলসহ আটটি অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।