ভারতের উত্তরপূর্বাঞ্চলে বড় ধরনের অভিযানের নির্দেশ
ভারত সরকার সেনবাহিনীকে ন্যাশনাল ‘সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড’ (এনএসসিএন) এর খাপলাং বিভাগ ও এর মিত্রদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সেনাবাহিনীর একটি গাড়িবহরে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২০ সেনা নিহতের ঘটনার পর এ নির্দেশ এল।
এদিন বিকালেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দভাল সেনাপ্রধান জেনারেল দালবীর সিংয়ের সঙ্গে বসে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নতুনভাবে গঠিত বিদ্রোহীদের জোট ইউএনএলএফডব্লিউএসইএ কে দমনের জন্য সেনাবাহিনীকে বড় ধরনের অভিযান চালানোর আহ্বান জানিয়েছি।”
“মিয়ানমারে তাদের মূল ঘাঁটি এবং সেখান থেকেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। দিন দিন তাদের আক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে।”
‘বড় ধরনের এ অভিযান’ সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ত্রিপুরা ছাড়া ওই অঞ্চলের অন্য কোন রাজ্য থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন তুলে নেয়া হবে না।
বাম-শাসিত ত্রিপুরা রাজ্যে বিদ্রোহী দলগুলোকে কঠোরহস্তে নিয়ন্ত্রণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বাংলাদেশের বর্তমান সরকার এ ব্যাপারে তাদের অনেক সাহায্য করেছে।
এ কারণে ত্রিপুরা থেকে বিশেষ আইন তুলে নেয়ার সিদ্ধান্ত হয়।
মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের চান্দেল জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় বিদ্রোহীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর ষষ্ঠ দূর্গা রেজিমেন্টের ওই সেনা সদস্যরা প্রাণ হারায়।
পরে এনএসসিএস’র (খাপলাং বিভাগ) ওই হামলার দায় স্বীকার করে।
খাপলাং গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের গেরিলাবাহিনীর ‘অভিজাত একটি দল’ এবং মণিপুরে তাদের মিত্র কেওয়াইকেএল ও কেসিপি থেকে আসা বাহিনী এ হামলা চালিয়েছে।
“আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এ হামলা চালানো হয়েছে।”
এনএসসিএস’র অন্যান্য বিভাগের মত এনএসসিএস (খাপলাং) ভারতের সঙ্গে ২০০০ সাল করা যুদ্ধবিরতি চুক্তি মেনে আসছিল। কিন্তু এ বছর মার্চ মাসের পর খাপলাং ১৪ বছরের ওই চুক্তি বাতিল করে এবং চুক্তির শর্ত ভঙ্গ করে।
একমাস পর ১৭ এপ্রিল বার্মিজ নাগা বিদ্রোহীদের প্রধান ভারত বিরোধী বিদ্রোহী জোট গঠন করে, যা ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ওয়েস্টার্ন সাউথ ইস্ট এশিয়া (ইউএনএলএফডব্লিউএসইএ) নামে পরিচিত।
আরো বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন ওই জোটে যোগ দেয়। মণিপুরের শক্তিশালী বেশ কয়েকটি বিদ্রোহী দল যার মধ্যে রয়েছে।
খাপলাংয়ের মূল ঘাঁটি মিয়ানমারের দুর্গম সাগাইং অঞ্চলে। এই জঙ্গি সংগঠনটি নিয়মিত উত্তরপূর্ব ভারতের বিভিন্ন বিদ্রোহী সংগঠনগুলোর সদস্যদের নিজেদের ঘাঁটিতে আশ্রয় দিয়ে আসছে। ভারত সরকাররের ব্যাপক প্রচেষ্টার পরও তাদের প্রতিহত করা যাচ্ছে না।
গত দুই মাসে খাপলাং যোদ্ধাদের নেতৃত্বে ইউএনএলএফডব্লিউএসইএ বাহিনী মিয়ানমার সীমান্তবর্তী ভারতের তিন রাজ্য নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশে ভারতের সেনা ও আধা-সামরিক বাহিনীর উপর অন্তত ছয়টি হামলা চালিয়েছে।
ওই সব হামলায় ৩৫ সেনা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
খাপলাংয়ের নিরাপদ ঘাঁটি মিয়ানমার। খাপলাং নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক খারাপের দিকে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।
