২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ ১০ অপরাধীর তালিকায় মোদী, ক্ষমা চাইল গুগল

গুগল ইমেজে গিয়ে বিশ্বের শীর্ষ ১০ অপরাধী লিখে সার্চ দিলেই চলে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এমন অঘটনই ঘটিয়েছে গুগল ইমেজ সার্চ ইঞ্জিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 09:13 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

বিশ্বের শীর্ষ দশ অপরাধীর তালিকা বানাতে গিয়ে এ ভুল করার জন্য শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে  ইন্টারনেট জায়েন্ট গুগল। বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে গুগল বলেছে, “যে গোলামাল বা বিভ্রান্তির কারণে এমন হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাইছি।”

গুগলের ইমেজ সার্চে সন্ত্রাসী, খুনী এবং স্বৈরশাসকদের পাশপাশি মোদীকে দেখা গেছে তালিকার র্শীষ অবস্থানেই। তালিকায় অন্যান্য বিশ্ব নেতাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি।

ভারতের অন্যান্য বিশিষ্ট নেতাদের মধ্যে আরো দেখা গেছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আইনজীবী রাম জেঠমালানি, পলাতক অপরাধী দাউদ ইব্রাহিম এবং বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে।

গুগলের এ ঘটনাটি নিয়ে গোটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে তোলপাড় শুরু হয়। ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় এবং মোদী সমর্থকরা ভুলের জন্য গুগলকে ক্ষমা চাইতে বলার পর কোম্পানিটি এর জন্য ক্ষমা চাইল।

একইসঙ্গে ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত কোনো কিছু যাতে না ঘটে সেজন্য কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে গুগল। কিন্তু গুগলে শীর্ষ ১০ অপরাধীর ইমেজ সার্চ দিলে এখনো ভেসে উঠছে মোদীর ছবি।

এ ধরনের ভুলের জন্য গুগল একটি ব্রিটিশ দৈনিককে দুষেছে। সে দৈনিকে মোদীর ছবি ভুল তথ্যদিয়ে ছাপা হয়েছে বলে দাবি করেছে গুগল।