২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনকে ছাড়িয়ে যাবে ভারত: জাতিসংঘ

ভারতের অর্থনৈতিক অগ্রগতি ক্রমেই দ্রুততর হচ্ছে এবং অচিরেই দেশটি চীনকে ছাড়িয়ে যাবে- এমনটিই বলা হচ্ছে মঙ্গলবার প্রকাশিত একটি জাতিসংঘ প্রতিবেদনে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 10:50 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও প্রত্যাশা-২০১৫ এর অর্ধ-বার্ষিক এ প্রতিবেদনে বলা হয়েছে, বছরের মাঝামাঝি সময়ে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি)হার প্রায় ৭ দশমিক ৬ শতাংশ। ৪ মাস আগের তুলনায় যা প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেশি।

জানুয়ারিতে জাতিসংঘের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন এর (ইউএনডিইএসএ) প্রতিবেদনে বলা হয়েছিল, এ বছর ভারতের জিডিপি ৫ দশমিক ৯ শতাংশ হবে।

“কিন্তু এখন যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে ২০১৫ সালে ভারতে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৬ শতাংশ হবে এবং ২০১৬ সালে তা আরও বেড়ে ৭ দশমিক ৭ শতাংশ হবে।”

আরো দুইটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বানুমানের সঙ্গে জাতিসংঘের পূর্বানুমানের মিল রয়েছে। এ দু’টি প্রতিষ্ঠানের প্রতিবেদনেও ভারতের জিডিপি’র হার দ্রুত বাড়ছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার ইউএনডিইএসএ’র অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা ও ভারতীয় বিশেষজ্ঞ ইনগো পিটেরলি আইএএনএসকে বলেন, “মোট কথা, আমার মনে হয় ভারতীয় কর্তৃপক্ষ গত দুই বছর ধরে তাদের দায়িত্ব খুব ভালভাবে পালন করছে এবং সেটিই আসলে বিভিন্ন সূচকে প্রতিফলিত হচ্ছে।”