২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ঝুঁকির মুখে ঐতিহাসিক নানা স্থাপনা

নেপালে এ্রপ্রিলের শক্তিশালী ভূমিকম্পে শতাব্দী পুরনো কয়েক হাজার ঐতিহাসিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো ভেঙে ফেলতে হবে বলেই মনে করা হচ্ছে। ঐতিহ্যবাহী এসব স্থাপনা নেপালে পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 10:34 PM

Updated : 26 Jul 2022, 12:00 PM

নেপাল সরকার ভূমিকম্পে ভীষণভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ভবনগুলো ভেঙে ফেলার কাজ শুরু করেছে।

২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপাল জুড়ে ছয়শ’র বেশি মন্দির, মূর্তি ও জাদুঘর ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে বিশ্বঐতিহ্য হিসেবে ঘোষিত ধারাহারা টাওয়ারও রয়েছে।

১৮৩২ সালে ২০০ ফুট উঁচু এই ধারাহারা টাওয়ার নির্মাণ করা হয়েছিল। দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল টাওয়ারটি। কিন্তু তা যেন মিশে গেছে মাটির সঙ্গে।

নেপাল সরকার অবশ্য ইতিহাসের সাক্ষী এইসব স্মারক মেরামত করে পুনরায় আগের আকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

কিন্তু অনেক ব্যক্তিগত বাড়িঘর বিশেষ করে ভক্তপুর এলাকায় যেসব ঘরবাড়ি ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেগুলো পুরোপুরি ভেঙে ফেলা হতে পারে।

ভক্তপুর জেলা প্রশাসক অনিল কুমার ঠাকুর রয়টার্সকে বলেন, “ওইসব ভবন যেগুলো অন্যগুলোর জন্য ঝুঁকিবহ হয়ে উঠেছে সেগুলো ভেঙে ফেলা হবে।”

“যদি ভবনগুলোর মালিক নিজেরা সেগুলো ধ্বংস না করে তবে প্রশাসনের পক্ষে থেকে সেগুলো ভাঙা হবে।”

দ্বাদশ শতকে গড়ে ওঠা ভক্তপুর ইউনেস্কোর বিশ্বঐতিহ্যের অন্তর্ভূক্ত। কিন্তু ভূমিকম্পের পর পুরো অঞ্চল এখন শুধু ধ্বংস হয়ে যাওয়া স্মারকের জঞ্জাল দেখতে পাওয়া যায়।

পঞ্চদশ শতকে নির্মিত ধাত্তাত্রেইয়া মন্দিরটিও ভক্তপুরেই অবস্থিত। ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া এই মন্দিরটির বাকি অংশ সরিয়ে ফেলার কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

ভক্তপুরে এরমক একটি পুরনো বাড়ির মালিক ভগবতী দেব। প্রায় তিনশ বছর আগে নির্মিত এই ভবনটির জানালার ফ্রেমগুলো শাল কাঠের তৈরি এবং পুরো ফ্রেমে নকশা খোদাই করা।

রোববার সেনাবাহিনীর লোকজন ভবনটির ছাদে দড়ি বেঁধে সেটি সরিয়ে ফেলার চেষ্টা করলে আশেপাশের ভবনগুলো কেঁপে ওঠে। সেইসঙ্গে পুরনো ওই ফ্রেমগুলোও নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়ায় ভবন সরিয়ে ফেলার কাজ বন্ধ করে দেয়া হয়।

দেব রয়টার্সকে বলেন, “বিয়ের পর থেকে আমি এই বাড়িতে বাস করছি।”

“যখন তারা বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করল আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছিল। আমি কেঁদে ফেলেছিলাম। কান্না ছাড়া আমাদের আর কিই বা করার আছে।”

দেবের পুত্র দেবেশ বলেন, আমার পরিবার বাড়ির জানালাগুলো সরিয়ে ফেলার চেষ্টা করবে। প্রতিটি জানালার ফ্রেমের দাম তিন হাজার মার্কিন ডলার। যদি সেগুলো খুলে নিতে পারি তবে তা বিক্রি করে নতুন একটি বাড়ি বানানোর অর্থ জোগাড় করতে পারব।

কাঠমান্ডুর কাছে আরেকটি ঐতিহ্যবাহী শহর সানখু। সেখানকার অধিবাসীরা বলেন, পুরনো বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিতে সরকার তাদের ২৬ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তারপর সেগুলো ভাঙার কাজ শুরু হবে।

ভক্তপুরের বাসিন্দা রবীন্দ্র পুরি ক্ষোভের সঙ্গে বলেন, “ভূমিকম্পে যতগুলো বাড়ি ধ্বংস হয়েছে তার থেকে অনেক বেশি এখন লোকজন ধ্বংস করবে।”

“ভক্তপুর কি ছিল! পৃথিবীর আর কোথাও এত সুন্দর শহর নেই। এটি নেপালের সবচেয়ে সুন্দর শহর ছিল।”