পিটিয়ে নারী হত্যা: ১১ আফগান পুলিশের জেল
আফগানিস্তানে কুরআন পোড়ানোর মিথ্যা অভিযোগে প্রকাশ্য রাস্তায় এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ১১ পুলিশ সদস্যকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
গত মার্চে রাজধানী কাবুলে ২৮ বছর বয়সী ফারখুন্দাকে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে মৃতদেহ পুড়িয়ে দেয়। যদিও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারখুন্দা কোরআন পোড়াননি।
ঘটনাস্থলের কাছেই ১৯ জন পুলিশ ছিল। তারা উত্তেজিত জনতাকে আটকাতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে।
এ ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তোলে। নারীদের প্রতি এত হিংস্র ব্যবহারের প্রতিবাদে দেশে-বিদেশে ক্ষোভের ঝড় ওঠে।
এ মাসের শুরুতে ফারখুন্দাকে হত্যার অভিযোগে ১২ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। তাদের মধ্যে চারজনেকে মৃত্যুদণ্ড এবং বাকি আট জনেক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় হয়।
মঙ্গলবার বিচারক সফিউল্লাহ মোজাদ্দিদি বলেন, বাকি আট পুলিশের বিরুদ্ধে কোন প্রমাণ পাওয়া না যাওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
শাস্তি পাওয়া ১১ জন সম্পর্কে তিনি বলেন, “দায়িত্বে অবহেলার কারণে আপনাদের এক বছর করে কারাদণ্ড দেয়া হল।”
“তবে এটাই চূড়ান্ত রায় নয়। বিবাদীরা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।”
