২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে দুর্নীতির হার ৭০-৮০ শতাংশ কমেছে: কেজরিওয়াল

ভারতের রাজধানী নয়া দিল্লিতে দুর্নীতির হার ৭০ থেকে ৮০ শতাংশ কমেছে বলে দাবি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 10:49 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

সেইসঙ্গে আগামী চার বছরের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

রোববার কয়েক হাজার অটো-রিক্সা চালকদের এক সমাবেশে আম আদমি পার্টির (এএপি) এই নেতা বলেন, “আমরা বলব না যে দিল্লিতে দুর্নীতি পুরোপুরি নির্মূল হয়েছে, তবে তা ৭০-৮০% কমে এসেছে।” 

এ সম্পর্কে কেজরিওয়াল জানান, তার মেয়ে কর্মকর্তাদেরকে ঘুষ দেয়ার প্রস্তাব করে তাদেরকে পরীক্ষা করেছে। এতে দেখা গেছে যে, কর্মকর্তারা এখন ঘুষ নেয়ার ব্যাপারে যথেষ্ট সতর্ক।

এনডিটিভি জানায়, ঘটনার বর্ণনায় কেজরিওয়াল বলেছেন, তার মেয়ে গাড়ি চালানো শেখার লাইসেন্স নিতে এক কর্মকর্তার কাছে গিয়ে তাকে ঘুষ দিয়ে প্রলুব্ধ করা যায় কি না তা দেখার চেষ্টা করে। কিন্তু এতে কাজ হয়নি।

তিনি বলেন, আমি নিজেই কর্মকর্তাকে ডেকে ব্যবস্থা করতে পারতাম। কিন্তু আমার মেয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর ওই কর্মকর্তার কাছে যায় এবং নিজের পরিচয় গোপন রাখে। প্রয়োজনীয় একটি কাগজ না নেয়ায় কর্মকর্তা তাকে লাইসেন্স দিতে অস্বীকৃতি জানানোর পর সে কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব দেয়। কিন্তু ওই কর্মকর্তা তা না নিয়ে বরং তার ফোনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলেন কোনো ভিডিও বা ছবি তোলা হচ্ছে কিনা।”

শেষপর্যন্ত মেয়ে নিজের পরিচয় দিলে গোটা বিভাগের সবাই এসে তাকে লাইসেন্স দেয়।

অটো রিক্সা-চালকদের সমাবেশে দুর্নীতি-বিরোধী হেল্পলাইন পুনরায় চালুরও ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। ওই হেল্পলাইনে ফোন করে জনগণ অটো-রিক্সা সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে পারবেন।

কেজরিওয়াল বলেন, অটো-রিক্সা চালকদের নিয়ে সাধারণ যাত্রীরা খুবই হতাশ। কারণ, তারা মাঝে মাধ্যেই যাত্রীদের নির্ধারিত গন্তব্যে যেতে রাজি হয় না, মিটার চালু করে না এবং যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে।

যদিও একই সঙ্গে অটো-রিক্সা চালকদের বিভিন্ন ধরনের সুবিধা দেয়ার ঘোষণাও দেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের বড় সমর্থক এই অটো-রিক্সা চালকরা।

অটো-রিক্সা চালকদের যেসব সুবিধা দেয়া হবে সেগুলোর মধ্যে অন্যতম হলো: আগে অটো-রিক্সা চালকরা তাদের জন্য নির্ধারিত পোশাক না পরলে দিল্লির ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারত। কেজরিওয়াল এ ব্যবস্থায় পরিবর্তন এনেছেন এবং এখন থেকে চালকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিল্লির পরিবহন বিভাগের কর্মকর্তাদের হাতে।

সেইসঙ্গে অটো-রিক্সা চালকরা যখন বাড়ি যেতে চাইবেন তখন তিনি তার গন্তব্য কোথায় সেটা লেখা বোর্ড ঝুলিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে যাত্রীরা তাকে অন্য কোথাও যেতে বাধ্য করতে পারবেন না।

এছাড়া, প্রতিবার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় এখন থেকে আর অটো-রিক্সা চালকদের অষ্টম শ্রেণী পাশের সনদ দেখাতে হবে না।

“আপনাদের সবার সৎ হওয়া উচিত এবং দিল্লির মানুষের সেবা করা উচিত। আমরাও আপনাদের সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করব।”