শিলচরের ভাষা শহীদ স্মরণে আসছে ‘উনিশের ডাক’
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আসামের শিলচরে প্রাণ দিয়েছিলেন যে ১১ জন তাদের স্মরণে একটি শ্রবণ সংকলন নিয়ে আসছে কলকাতার গানের দল দোহার।
তাদের আত্মত্যাগের দিন ১৯ মে স্মরণে এই সংকলনের নাম দেওয়া হয়েছে ‘উনিশের ডাক’।
সংকলনটি সাজানো হয়েছে বাংলাদেশ ও ভারতের কবি-সাহিত্যিক- লেখকদের গান-কবিতা আর গদ্যে, যাতে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার সংগীত-চলচ্চিত্র ও নাট্যজগতের গুণীজনেরা।
দোহারের উদ্যোগে তৈরি এ অডিও সিডির মোড়ক উন্মোচন হবে আগামী ১৪ মে বৃহস্পতিবার। কলকাতার এলগিন রোডে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে স্বাধীন ভারতে বাংলা ভাষার জন্য প্রথম রক্ত দেওয়ার প্রথম ঘটনা ঘটে ১৯৬১ সালে। আগের বছর বহু ভাষাভাষী জনগোষ্ঠীর আসামে অহমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে উল্লেখ করে একটি সরকারি ফরমান জারি করে তৎকালীন রাজ্য সরকার।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে আসামজুড়ে বিশেষত বরাক উপত্যকায় মাতৃভাষার দাবিতে গড়ে ওঠে গণ আন্দোলন; যার চূড়ান্ত রূপ পায় ১৯৬১ সালে, রবীন্দ্র-জন্মশতবর্ষে। ওই বছরের ১৯ মে শিলচর রেলস্টেশনে অহিংস সত্যাগ্রহীদের ওপর পুলিশের নির্বিচার গুলিতে ১১ জন বাংলাভাষী মারা যান। স্বাধীন ভারতে বাংলা ভাষার অধিকার রক্ষায় সেই প্রথম কাউকে প্রাণ দিতে হয়।
ওই আত্মত্যাগের মাধ্যমে আসামের বরাক উপত্যকার মানুষ সাময়িকভাবে বাংলা ভাষার অধিকার ছিনিয়ে নিলেও পরে অনেকবার ভাষার জন্য এ জনপদের মানুষকে প্রাণ দিতে হয়েছে। বাহাত্তরে একজন, ছিয়াশিতে দুজন আর ১৯৯৬ এ বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার জন্য প্রাণ দেন সুদেষ্ণা সিনহা নামে এক তরুণী।
এতে কবি শঙ্খ ঘোষ লিখেছেন ‘উনিশে মে’ নামে কবিতা, জয় গোম্বামী পাঠ করেছেন তার কবিতা ‘শিলচর ৮ জানুয়ারি’, রণজিৎ দাশ পড়েছেন ‘ভাষার মৃত্যু’।
বাংলার জন্য প্রথম আত্মত্যাগ ও বাহান্নর ভাষা আন্দোলন নিয়ে ‘ঘুমের দেশে ঘুম পাড়াতে’ গেয়েছেন বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা।
অর্ণা শীলের কথায় শ্রীকান্ত আচার্য সুর দিয়েছেন- ‘আমি সেই দেশ খুঁজেছি কত’ গানে।এছাড়া শক্তিপদ ব্রহ্মচারীর কবিতায় সুর করেছেন জয় সরকার, গেয়েছেন লোপামুদ্রা মিত্র। শাহ আলমের পদ গেয়েছেন গোলাম ফকির, শ্রাবণী সেন বরীন্দ্রনাথের গান।
১৯৬১ এর ১৯ মের অব্যবহিত পরেই মণীশ ঘটক রচিত কবিতা আবৃত্তি করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ঢাকার হাসান আরিফ পড়েছেন সৈয়দ শামসুল হকের কবিতা। দেবশংকর হালদার পড়েছেন শঙ্খ ঘোষের ‘দশক’।
পরিচালক গৌতম ঘোষ পাঠ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রচনার অংশ।
আর দোহার গেয়েছে ‘উনিশে মে’র ঘটনার ঠিক একদিন পর রচিত কালজয়ী ভাষা শহীদের গান “শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই.... আজো উনিশে মে মানেই বরাক উপত্যকার আকাশে বাতাসে এই গান... শোনো ডাকে ওই...”
ওই বছরের ২১ মে গানটি রচনা করেছিলেন শিলচর শহরের সংগীত জগতের পথিকৃৎ শ্যামাপদ ভট্টাচার্য। গানটি প্রথম গেয়েছিলেন সংগীত শিল্পী আনন্দময়ী দেবী। সংকলনের শুরুতেই এ প্রবীণ সংগীত শিল্পীর কণ্ঠে গানটির আংশিক ব্যবহার করা হয়েছে।
অডিও সিডিটি শেষ হয়েছে বাংলার বাউল সম্রাট হিসেবে খ্যাত শাহ আব্দুল করিমের গান দিয়ে, যা গেয়েছেন এ আয়োজনের সংকলক ও পরিচালক কালিকাপ্রসাদ।
গানের দল দোহারের উদ্যোগ ‘উনিশের ডাক’ প্রযোজনা করেছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি, শিলচর। সংকলনটি প্রকাশ করছে ‘পিকাসো এন্টারটেনমেন্ট’।
