২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভূমিকম্পে ৫০ বিদেশি নিহত

নেপালে শক্তিশালী ভূমিকম্পে ৫০ জন বিদেশি পর্যটকের মৃত্যু খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের মধ্যে অন্তত ৩৮ জন ভারতীয় নাগরিক।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 09:27 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

শনিবার এক বিবৃতিতে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ২৫ এপ্রিলের ভূমিকম্পে ৫০ জন বিদেশি নাগরিক নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন।

এদের মধ্যে ভারতের ৩৮ জন নিহত ও ১০ জন আহত, চীনের তিন জন নিহত ও নয় জন আহত, হংকংয়ের একজন আহত, ফ্রান্সের দুইজন নিহত ও পাঁচজন আহত, যুক্তরাষ্ট্রের তিনজন নিহত ও একজন আহত, ইতালির পাঁচজন আহত, জার্মানির চারজন আহত, নেদারল্যান্ডসের দুইজন আহত, জাপানের একজন নিহত ও দুইজন আহত, অস্ট্রেলিয়ার একজন নিহত এবং দুইজন আহত, তুরস্কের একজন আহত, ডেনমার্কের একজন আহত, রাশিয়ার একজন আহত, এস্তনিয়ার একজন নিহত, সুইডেনের একজন আহত এবং স্পেনের একজন নিহত হয়েছে।   

আহত ভারতীয় নাগরিকদের টিচিং হাসপাতাল ও পাটান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভূমিকম্পের পর এক হাজার ইইউ নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জনানো হয়।

নেপালে নিযুক্ত ইইউ দূত রেনজি তীরিঙ্কা বলেন, কর্তৃপক্ষ ইইউ ভূক্ত দেশগুলোর প্রায় এক হাজার নাগরিকের কোন খোঁজ পাচ্ছে না।

কাঠমান্ডুতে তিনি সাংবাদিকদের বলেন, “তারা নিখোঁজ। যদিও তাদের বর্তমান অবস্থা কি তা আমরা জানি না।”

তারা জীবিত আছেন বলে আশা প্রকাশ করেছেন ইইউ’র অন্য একজন কর্মকর্তা।

ভূমিকম্পে এখন পর্যনত নিহতের সংখ্যা ৬৮৪১। আহত হয়েছে ১৪ হাজারের বেশি মানুষ।

হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ বেশ কিছু দুর্গম পাহাড়ী অঞ্চলে এখনও পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে ভূমিকম্পের পর এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের মধ্য থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে উদ্ধারকর্মীরা।