সোনিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, লোকসভায় হট্টগোল
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাপক হট্টগোলের এক পর্যায়ে ভারতের লোকসভা সংক্ষিপ্ত সময়ের জন্য মুলতবি ঘোষণা করতে হয়েছে।
সোমবার লোকসভায় প্রশ্ন-উত্তর পর্ব চলাকালে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ কংগ্রেস নেতাদের উদ্দেশ্য করে বলেন, সোনিয়া গান্ধী সাদা-চামড়ার মানুষ না হলে কি কংগ্রেস তার নেতৃত্ব মেনে নিত?
সঙ্গে সঙ্গে এ মন্তব্যের প্রতিবাদ জানান কংগ্রেস নেতারা। তারা চিৎকার করে স্লোগান দিতে থাকেন। হট্টগোলের এক পর্যায়ে স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করতে বাধ্য হন।
বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশের কার্যক্রম শুরুর পরপরই কংগ্রেস এমপি জয়তিরাদিতিয়া সিন্ধিয়া বিষয়টি স্পিকারের কাছে উত্থাপন করেন।
তিনি বলেন, “লোকজন নারীদের বিরুদ্ধে তাদের বিবৃতি দিচ্ছে। সোনিয়া গান্ধী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং । এ ধরনের মন্তব্য শুধুমাত্র এ দেশের নারীদের জন্যই অবমাননাকর নয় বরং এজন্য পুরো ভারতবাসীর লজ্জায় মাথা নিচু করা উচিত।”
“এ ধরনের মন্তব্যের জন্য শুধু ক্ষমা চাইলেই চলবে না। আমরা গিরিরাজের পদত্যাগ দাবি করছি। এছাড়া, প্রধানমন্ত্রীরও এজন্য ক্ষমা চাওয়া উচিত।”
সংসদ বিষয়ক মন্ত্রী এম. ভেঙ্কাইয়া নাইডু বলেন, এ বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত। কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রীকে টেনে আনা উচিত হবে না।
লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন গিরিরাজের মন্তব্যের নিন্দা করেছেন। বিষয়টি নিয়ে পরে আলোচনা হবে বলে জানান তিনি।
