২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রস্তাব

ভারতের মুসলমানদের ভোটাধিকার বাতিল করার প্রস্তাব দিয়ে সমালোচনার ঝড় তুলেছেন কট্টর হিন্দু দল শিবসেনার নেতা সঞ্জয় রাউত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 11:51 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’-তে প্রকাশিত এক নিবন্ধে দলটির ঊর্ধ্বতন নেতা ও রাজ্যসভার এমপি রাউত এ প্রস্তাব দেন। এতে মুসলিমদের নিয়ে ভারতে ভোটব্যাঙ্কের রাজনীতি বন্ধ হবে বলে মত দিয়েছে দলটি।

রাউত নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের মন্তব্যও টেনে আনেন।

বাল ঠাকরের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, মুসলিমদের যতদিন ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হবে ততদিন তাদের কোনও ভবিষ্যৎ নেই। ফলে  মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেয়া মাত্রই ভারতে যেসব রাজনৈতিক দল নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে থাকে, তাদের মুখোশ খুলে যাবে।

বাল ঠকরে আজ থেকে পনেরো বছর আগেই ভারতে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন উল্লেখ করে রাউত বলেন, মুসলিমদের ভোটাধিকার কয়েকবছরের জন্য বন্ধ থাকলে তাদের ভোটের জন্য তদবিরও বন্ধ হয়ে যাবে, এটিই ছিল তার বক্তব্য।

‘দ্য হিন্দুস্তান টাইমস’ জানায়, সামনায় নিবন্ধটি প্রকাশ পাওয়ার পরই ধর্ম নিয়ে ভারতে বিতর্ক সৃষ্টি হয়েছে।  শিবসেনার ঊর্ধ্বতন নেতার এ ধরনের কথা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। বিরোধিরা তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

 বিরোধী কংগ্রেস দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন,  “এ ধরনের মন্তব্য আমাদের শুনতে হচ্ছে, এটি অত্যন্ত জঘন্য ব্যাপার। আমরা এখনও একটি গণতান্ত্রিক দেশেই বাস করছি– কোনও তালেবানি রাষ্ট্রে না।”

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুকী শিবসেনা নেতার এ মন্তব্যকে দুর্ভাগ্যজনক ও বেআইনি আখ্যা দিয়েছেন।  তবে রাউত এসব সমালোচনায় আমল না দিয়ে বরং নিজ বক্তব্যের পক্ষেই সাফাই গেয়েছেন।