২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার হোতা লাকভি মুক্ত

পাকিস্তানের জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন  ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে হামলার অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লাকভি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 05:03 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

শুক্রবার সকালে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাওয়ালপিন্ডির কারা কর্মকর্তারা। ২০ লক্ষ টাকার বন্ড দিয়ে আদিয়ালা জেল থেকে ছাড়া পান লাকভি।

তার মুক্তিকে ‘দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আদালত ডিসেম্বরেই লাকভির জামিন মঞ্জুর করে। কিন্তু বিশেষ অধ্যাদেশের আওতায় তাকে আটক রাখা হয়েছিল। বৃহস্পতিবার লাহোর হাইকোর্ট এ অধ্যাদেশ খারিজ করে দেয়।

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের নভেম্বরে সন্ত্রাসী হামলায় জড়িত ৭ জনের মধ্যে লাকভি অন্যতম।ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।

হামলার জন্য দায়ী করা হয় পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা জঙ্গি গোষ্ঠীকে। লাকভি এ দলের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ আছে।

ভারতের কর্মকর্তারা ২৬/১১ মুম্বাই হামলার দাগী আসামি হিসাবে লাকভির নাম বলার পর ২০০৮ সালের ৭ ডিসেম্বরে তাকে আটক করেছিল পাকিস্তান।

শুক্রবার জেল থেকে লাকভির মুক্তির পর লস্কর-ই-তৈয়বা সংশ্লিষ্ট দাতব্য সংগঠন জামাত-উদ-দাওয়া’র মুখপাত্র বলেছেন, “তিনি এখন মুক্ত এবং নিরাপদ জায়গায় আছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি ঠিক কোথায় আছেন তা আমরা এ মুহূর্তে বলতে পারছি না।”

গত বছর ডিসেম্বর থেকেই একের পর এক অভিযোগে জামিন পেতে থাকেন লাকভি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র সমালোচনা করে। এরপরই বিশেষ অধ্যাদেশবলে লাকভিকে আটক রাখে পাক সরকার। কিন্তু তাও আদালত খারিজ করে দেয়ায় মুক্তি পেলেন লাকভি।

পুরনো খবর:

পাকিস্তান আদালতের আদেশে মুক্তি পাচ্ছেন লাকভি