সীমান্তে চোখ রাখতে বিএসএফে এমআই-১৭ কপ্টার
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে টহল জোরদার করতে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফকে নতুন দুটি হেলিকপ্টার দিচ্ছে দেশটির সরকার।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার নয়া দিল্লির সফদারজং বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিএসএফের বিমান উইংয়ে দুটি এমআই-১৭ হেলিকপ্টার যুক্ত করার ঘোষণা দেবেন বলে বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশে অনীহা জানিয়ে বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাশিয়ার তৈরি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারগুলো দেশের মধ্যে দুর্গম এলাকায় নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ সদস্যদের আকাশ পথে টহলের সক্ষমতা বাড়াবে।”
অত্যাধুনিক এভিওনিক্স ও নেভিগেশন সুবিধা সম্বলিত এ সব হেলিকপ্টারে নাইট ভিশন বা রাতের আঁধারে দেখার বিশেষ ব্যবস্থা থাকবে। ফলে সব আবহাওয়ায়, সব ধরনের এলাকায় দিন-রাত উড্ডয়ন করতে পারবে এ হেলিকপ্টার।
সীমান্তে পাহারার পাশাপাশি নকশালদের তৎপরতার এলাকাগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফের পক্ষ থেকে এ ধরনের হেলিকপ্টার চাওয়া হয়েছিল।
বিএসএফের বিমান উইংয়ের বহরে এর আগে চারটি বিমান ও ১৩টি হেলিকপ্টার ছিল। আগরতলা, রায়পুর, রাঁচি, শ্রীণগর ও নয়া দিল্লির সফদারজং ঘাঁটি থেকে এসব হেলিকপ্টারে কার্যক্রম পরিচালিত হয়।
“নতুন এই হেলিকপ্টার আসায় পূর্ব ও পশ্চিম সীমান্তের প্রত্যন্ত এলাকায় দায়িত্বরত আমাদের জওয়ানদের অনেক সহযোগিতা হবে,” বলেন বিএসএফের ওই কর্মকর্তা।
