২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পুলিশের গুলিতে ২০ চন্দনকাঠ পাচারকারী নিহত

ভারতে চন্দনকাঠ পাচারকারীদের বিরুদ্ধে এক অভিযানে পুলিশের গুলিতে ২০ পাচারকারী নিহত হয়েছেন।

রয়টার্স

রয়টার্স

Published : 08 Apr 2015, 01:53 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

মঙ্গলবার অন্ধ্র প্রদেশের চিতোর জেলার বনে পাচারকারীদের পাথর নিক্ষেপের জবাবে পুলিশ গুলি চালায় বলে দাবি করেছে। নিহত সবাই পার্শ্ববর্তী তামিলনাডু জেলার বাসিন্দা। 
 
অপরদিকে ভারতের বিরোধীদলগুলো ও মানবাধিকার সংস্থাগুলো পুলিশের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, অন্ধ্রের বনে যাদের হত্যা করা হয়েছে তারা নিরস্ত্র খেটে খাওয়া মানুষ। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা। 
 
এক সংবাদ সম্মেলনে অন্ধ্রের পুলিশ প্রধান জে ভি রামুদু জানিয়েছেন, প্রায় ১০০ জন পাচারকারী ১২ জনের পুলিশ টাস্কফোর্সের দলটিকে লক্ষ করে পাথর ছুঁড়তে শুরু করে। 
পাচারকারীরা কুঠার ও রামদা’র মতো ধারালো অস্ত্রে সজ্জিত ছিল বলে জানিয়েছেন তিনি। 
 
আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয় বলে তিনি দাবি করেছেন। 
 
নিহত ২০ জনের মধ্যে ৯ জন চিতোর জেলায় এবং বাকি ১১ জন আরো এক কিলোমিটার দূরে দ্বিতীয় সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন রামুদু। 
 
আঞ্চলিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফোরাম ঘটনার তদন্ত দাবি করে নিহতদের নিরস্ত্র মজুর বলে দাবি করেছে। 
 
ফোরামের মহাসচিব ভি কে কৃষ্ণা বলেছেন, “আমাদের ধারণা, এটা একটা সাজানো এনকাউন্টারের ঘটনা। পুলিশ এদের ঠাণ্ডা মাথায় খুন করে এখন এসব নাটক সাজাচ্ছে।
 
অন্ধ্র প্রদেশের বনে লাল চন্দনকাঠের মজুদ রয়েছে। মূল্যবান এসব গাছ কাটা, পরিবহন করা ও বিক্রি করা পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু চীন ও জাপানে এই কাঠের আসবাবের উচ্চমূল্য থাকায় আইন লঙ্ঘণ করে এসব গাছ কাটা ও পাচার করে চোরাচালানীরা।