২০৫০ সালে সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হচ্ছে ভারত
২০৫০ সাল নাগাদ ভারতের মোট জনসংখ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের হার ২ দশমিক ৮ শতাংশ কমবে এবং মুসলিমের হার ৪ শতাংশ বাড়বে।
সেইসঙ্গে ওই সময়ের মধ্যে ভারত অন্য যেকোন দেশের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর দেশে পরিণত হবে।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের (পিআরসি) সর্বশেষ প্রতিবেদনে একথা বলা হয়েছে। পিআরসি বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির ধরণ ও এ ব্যাপারে জনগণের মতামত বিশ্লেষণ করে থাকে।
প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ ভারতের মোট জনসংখ্যা বেড়ে প্রায় ১৭০ কোটিতে পৌঁছাবে। যেখানে হিন্দুধর্মাবলম্বীদের সংখ্যা হবে প্রায় ১৩০ কোটি, অর্থাৎ মোট জনসংখ্যার ৭৬ দশমিক ৭ শতাংশ। ২০১০ সালে যা ছিল ৭৯ দশমিক ৫ শতাংশ।
ওদিকে, মোট জনসংখ্যায় মুসলিমের হার ৪ শতাংশ বাড়বে। ২০১০ সালে দেশটির মোট জনসংখ্যার ১৪ দশমিক ৪ শতাংশ ছিল মুসলিম। ২০৫০ সাল নাগাদ যা বেড়ে ১৮ দশমিক ৪ শতাংশ হবে। সেইসঙ্গে অন্য যেকোন দেশের তুলনায় ভারতে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মুসলিমদের সংখ্যা ছাড়িয়ে যাবে ভারতের মুসলিমদের সংখ্যা।
২০৫০ সাল নাগাদ মোট জনসংখ্যায় খ্রিস্টানদের সংখ্যা কমে যাবে। ২০১০ সালে মোট জনসংখ্যায় খ্রিস্টানদের হার ২ দশমিক ৫ শতাংশ ছিল, যা কমে ২ দশমিক ২ শতাংশ হবে।
তবে যুক্তরাষ্ট্রে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যাবে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা পিআরসি। ২০১০ সালের ০ দশমিক ৬ শতাংশ থেকে ২০৫০ সালে বেড়ে ১ দশমিক ২ শতাংশে দাঁড়াবে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রে হিন্দুদের সংখ্যা ছিল ১০ লাখ ৭৯ হাজার। ২০৫০ সাল নাগাদ যা হবে ৪০ লাখ ৭৮ হাজার।
পিআরসি’র ‘ফিউচার অব ওয়ার্ল্ড রেলিজিওন্স: পপুলেশন গ্রোথ প্রোজেকশন্স, ২০১০-২০৫০’শিরোনামের ওই প্রতিবেদনে আরো বলা হয়, ২০১০ সাল থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী হিন্দু জনসংখ্যা ১শ’ কোটি থেকে বেড়ে ১৪০ কোটিতে পৌঁছাবে। এবং খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বী মানুষের পর হিন্দু ধর্মাবলম্বীরা তৃতীয় সংখ্যাগরিষ্ঠ হবে।
অন্যদিকে, ঈশ্বরে বিশ্বাসী নয় এমন ব্যক্তি, নাস্তিক ও আনুষ্ঠানিকভাবে কোন ধর্মই পালন করেন না এমন মানুষের সংখ্যা ২০১০ সালে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ ছিল। ২০৫০ সালে এ ধরনের মানুষের সংখ্যা শতাংশের হিসাবে কমবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে ২০১০ সালে হিন্দু জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি, যা সংখ্যায় প্রায় ১০২ কোটি ৪০ লাখ। ২০৫০ সালে হিন্দুদের সংখ্যা হবে ১৩৬ কোটি ৯০ লাখ।
অন্যদিকে, মুসলিম জনসংখ্যা ২০১০ সালের ৯৮ কোটি ৬৪ লাখ ২০ হাজার থেকে বেড়ে ওই সময়ের মধ্যে ১৪৫ কোটি ৭৭ লাখ ২০ হাজারে পৌঁছবে।
পিআরসি’র প্রতিবেদনে বলা হয়, আগামীতে বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বী মানুষ সবচেয়ে দ্রুত বাড়বে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রায় ছুঁয়ে ফেলবে। এভাবে ২০৭০ সাল নাগাদ জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথম অবস্থানে চলে আসতে পারে মুসলিমরা।
