ভারতে পরীক্ষায় নকল সরবরাহ, গ্রেপ্তার ৩শ'
ভারতের বিহার রাজ্যে মাধ্যমিক স্কুল সর্টিফিকেট পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় প্রায় তিনশ'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও কমপক্ষে ৭৫০ জন পরীক্ষার্থীকে নকলের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অভিভাবক এবং বন্ধু-বান্ধবদেরকে ভবনের দেয়াল বেয়ে উঠে নকল সরবরাহ করার চিত্র দেখা গেছে।
এর জের ধরে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে তিনশ’ জনকে গ্রেপ্তার করা হয়। যারা গ্রেপ্তার হয়েছে তাদের বেশির ভাগই পরীক্ষার্থীদের বাবা-মা। আর পরীক্ষা কক্ষে নকল করার দায়ে ওই ৭৫০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী এ ঘটনায় দু:খ প্রকাশ করে বলেছেন, পুরো বিহারের চিত্র এমন নয়। তিনি অভিভাবকদের সাবধান করে দিয়ে বলেন, এতে কেবল ভবিষ্যতে সন্তানের ক্ষতিই হবে।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী পি কে শাহি বলেছেন, অভিভাবকদের সহায়তা ছাড়া পরীক্ষায় নকল করা ঠেকানো যাবে না।
তিনি বলেন, 'প্রতিটি শিক্ষার্থীকেই তিন থেকে চারজন নকলে সাহায্য করেছেন। তার মানে ষাট থেকে সত্তর লাখ মানুষ পরীক্ষার্থীদের নকলে সাহায্য করছেন। এই বিপুল সংখ্যক মানুষকে সামাল দিয়ে শত ভাগ সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠান করা কি সরকারের একার দায়িত্ব?”
