মিয়ানমারে ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬০
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে ডুবে যাওয়া ফেরির মৃত যাত্রীর সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে।
শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরিটির বহু যাত্রী নিখোঁজ ছিলেন।
মিয়ানমারের আন্তর্জাতিক টিভি চ্যানেল জানিয়েছে, শুক্রবার রাতে পশ্চিম উপকূলীয় শহর তাঙ্গগাপ থেকে রাখাইন রাজ্যের প্রধান শহর সিত্তউয়ির যাওয়ার সময় রাষ্ট্রিয় মালিকানাধীন ‘অং দাকুন-৩’ ফেরিটি প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যায়।
দ্বিতল ওই ফেরিটিতে ৪০০’শ বা তারও বেশি যাত্রী ছিল। এদের মধ্যে ১৭০ জন যাত্রীকে সরকারি-বেসরকারী সংস্থার উদ্ধারকর্মীরা উদ্ধার করেছেন।
রাখাইনের মায়িবোন এলাকার জনপ্রতিনিধি অং উয়িন অনলাইন সাইট ইলেভেন মিয়ানমারকে বলেছেন, “আমি শুনেছি, তারা ৬০টি লাশ ও ১৭০ জনকে জীবিত উদ্ধার করেছে।”
ডুবে যাওয়া ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মিয়ানমারের অভ্যন্তরীণ নৌপরিবহন বিভাগের মুখপাত্র খিন মাং টুন বলেছেন, “জীবিত যাত্রীর খোঁজে আমরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছি।”
তবে ঘটনাস্থলের কাছাকাছি উপকূলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তাদের বিশ্বাস আরো বেশি মানুষ মারা গেছেন।
তাঙ্গগাপের বাসিন্দারা জানিয়েছেন, ‘অং দাকুন-৩’ নামের সরকারি ওই ফেরিটিতে টিকেট ছাড়া অতিরিক্ত যাত্রী থাকায় মৃতের সংখ্যা আরো অনেক বেশি হবে বলে মনে করছেন তারা।
ছোট, পুরানো নৌযান ব্যবহার ও অতিরিক্ত যাত্রী বহন করার কারণে মিয়ানমারের সাগরে নৌ-দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা।
