২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগাল্যান্ডে ধর্ষণের অভিযোগ নিয়ে বিতর্ক

ভারতের নাগাল্যান্ডে ধর্ষণে অভিযুক্তকে জেল থেকে টেনে বের করে এনে পিটিয়ে হত্যার পর ওই ধর্ষণের অভিযোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 10:58 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

নাগাল্যান্ডের মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেলেও নিহতের পরিবার বলছে, রিপোর্টে ধর্ষণের কথা উল্লেখ নেই।

ডিমাপুর ধর্ষণ মামলা নিয়ে তদন্তের পর নাগাল্যান্ড পুলিশ জানিয়েছে, ডাক্তারি প্রতিবেদনে নাগা শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

ওদিকে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে গণপিটুনিতে নিহত সৈয়দ ফরিদ খানের ভাই জামালউদ্দিন খানের দাবি, ডাক্তারি প্রতিবেদনে ধর্ষণের উল্লেখ নেই।

জামালউদ্দিনের অভিযোগ, ডিমাপুর পুলিশের অবহেলার কারণেই জনতা তার ভাইকে জেল থেকে বের করে নিয়ে পিটিয়ে হত্যা করতে সক্ষম হয়েছে।

“কিভাবে তারা আমার ভাইকে বাংলাদেশি বলল এবং হত্যা করল?”

জামালউদ্দিন জানান, তিনি এবং তার আরেকজন ভাই কামাল খান বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টে কর্মরত।

এছাড়া, তার ভাই সৈয়দ হুসাইন খান ভারতের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

তার পরিবার দীর্ঘদিন ধরে আসামের করিমগঞ্জ জেলায় বাস করে আসছে।

ভারতের কেন্দ্রীয় সরকার এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য নাগাল্যান্ড সরকারকে চাপ প্রয়োগ করছে।

এরই মধ্যে এ ঘটনার পেছনে থাকা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উন্মত্ত জনতা ডিমাপুর সেন্ট্রাল জেল ভেঙে ভেতরে ঢুকে ধর্ষণ মামলায় বিচারাধীন সৈয়দ ফরিদ খানকে পিটিয়ে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে দেয়।

নিষ্ঠুর এ হত্যাকাণ্ডে ভারত জুড়ে নিন্দার ঝড় ওঠে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে।
আসামের ব্যবসায়ী ফরিদের বিরুদ্ধে মামলা করা ওই শিক্ষার্থীর দাবি তাকে ফরিদ দুইবার ধর্ষণ করেছে।

নাগাল্যান্ড পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, ডাক্তারি প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

ওই শিক্ষার্থীর পোশাক ও হাত থেকে নমুনা নিয়ে তা রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওদিকে, আসামের মূখ্যমন্ত্রী তরুণ গগই শনিবার তার হাতে থাকা কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে বলেছিলেন, ধর্ষণের কোন ঘটনা ঘটেনি। সেইসঙ্গে আসল বিষয়টি সবার সামনে আনতে তিনি নাগাল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানান।

এ ঘটনার পর চারদিন পেরিয়ে গেলেও ডিমাপুরে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে।

করিমগঞ্জের ডেপুটি কমিশনার সঞ্জিব গোহাইন বড়ুয়া জানান, ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টরে করে ফরিদের মৃতদেহ করিমগঞ্জ জেলায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পূর্ণ নিরাপত্তায় শেষকৃত্য করা হয়।