ট্রেনের টয়লেটে জন্ম, রেললাইনে পড়েও বাঁচল শিশু
ভারতে রাজস্থানে ট্রেনের শৌচাগারে জন্মের পর পিছলে রেললাইনে পড়ে গিয়েও বেঁচে গেছে এক শিশু।
শিশুটির মায়ের নাম মানু। শারীরিক অস্বস্তি বোধ করায় গর্ভবতী মানু ট্রেনের শৌচাগারে গিয়েছিলেন।
রেললাইনের পাশে একটি গুদামের প্রহরী লাইনের কাছে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে যান এবং সদ্যজাত শিশুটিকে উদ্ধার করেন। এরপর তিনি বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান।
ভারতের বেশিরভাগ ট্রেনের শৌচাগারের একটি ফাঁকা জায়গা থাকে এবং যাত্রীদের মল-মূত্র রেলরাস্তার ওপর গিয়ে পড়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মানু তার মায়ের সঙ্গে সুরতগড় থেকে হনুমানগড় যাচ্ছিলেন। হনুমানগড় স্টেশন থেকে কয়েক মাইল আগে দেবলি রতন এলাকায় শিশুটির জন্ম হয়।
উত্তর-পশ্চিম রেলওয়ের মুখপাত্র তরুণ জাইন বিবিসিকে বলেন, “ট্রেন গন্তব্যে পৌঁছানোর পর মানুকে হনুমানগড় টাউন হাসপাতালে ভর্তি করা হয়।”
“আর শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে শিশুটিকেও টাউন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
টাউন হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা এসপি রহিল্লা বলেন, “মা ও শিশু দুজনই বর্তমানে সুস্থ আছে।”
“তবে শিশুটি কম ওজন নিয়ে জন্ম গ্রহণ করেছে। তার ওজন মাত্র দুই কেজি। তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।”
