২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদী মন্দির খোলার পরিকল্পনা বাতিল

জীবিত অবস্থায় কোন ব্যক্তির নামে মন্দির খুব সম্ভবত এবারই প্রথম দেখতে চলেছিল ভারতবাসী। তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। কিন্তু মোদীর ভক্তরা এ মন্দির উদ্বোধনের পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 07:52 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

নিজের রাজ্য গুজরাটের রাজকোটের কোঠারিয়া রোডের পাশে এ মন্দির নির্মাণ করেছিল মোদীর কয়েক শ’ ভক্ত। গালে দাড়ি, গায়ে হাফ হাতা পাঞ্জাবি, তার ওপর জহর কোট, গলায় পদ্ম ফুল আঁকা একটি উত্তরীয়- চির পরিচিত সেই পোশাকে মোদীর মূর্তিও বসানো হয়েছিল সেখানে।

কিন্তু ভক্তদের এ ধরনের মন্দির খোলার পরিকল্পনায় খুবই বিষ্মিত এবং মর্মাহত হন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ট্যুইট করে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মোদী।

তিনি বলেন 'পত্রিকায় দেখলাম আমার নামে মন্দির তৈরি করা হয়েছে। এতে আমি খুবই হতভম্ভ। এটি অত্যন্ত দু:খজনক এবং ভারতের ঐতিহ্য পরিপন্থি। আমাদের সংস্কৃতি এ ধরনের মন্দির নির্মাণ করতে শেখায়নি। যারা এটা করেছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব তারা যেন এটা না করেন।'

সময় ও সম্পদ ভারতের কল্যাণকর কাজে ব্যয় করার বার্তা দেন মোদী।

আগামী রোববার এ মন্দির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু মোদির ওই বার্তার পরই তার ভক্তরা এ পরিকল্পনা বাতিল করে।