নাশকতার শঙ্কায় ঢাকা-আগরতলা বাস বন্ধ
হরতাল-অবরোধে যানবাহনে অব্যাহত নাশকতার প্রেক্ষিতে শ্যামলী পরিবহন তাদের ঢাকা-আগরতলা পথে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
ত্রিপুরা রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনকে (টিআরটিসি) বাস সার্ভিস বন্ধের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
টিআরটিসির ব্যবস্থাপনা পরিচালক আরএম মালাকার জানান, নিরাপত্তার কারণে তারা গতমাসেই ঢাকার সঙ্গে বাস সার্ভিস বন্ধ করে দিয়েছিলেন। তবে শ্যামলী পরিবহন সপ্তাহে তিনদিন ঢাকা-আগরতলা বাস চালাচ্ছিল।
গত ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের চলা অবরোধে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
গত জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতার মধ্যে ২০১৩ সালের সেপ্টেম্বরে টিআরটিসির ঢাকামুখী ‘মৈত্রী’ বাসে আগুন দেওয়া হয়েছিল। একটি দুর্ঘটনার পর নরসিংদীতে আক্রান্ত হয়েছিল বাসটি।
কয়েক মাস বন্ধ থাকার পর গতবছর আবার সীমিত পরিসরে টিআরটিসির বাস চলাচল শুরু হলেও নতুন করে নাশকতা শুরু হওয়ায় জানুয়ারি থেকে মৈত্রীর চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় টিটিআরসি।
২০০৩ সালে আগতলা-ঢাকা রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়।
