রাজস্থানে সোয়াইন ফ্লুতে ৭৩ জনের মৃত্যু
ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এরফলে চলতি বছরে মাত্র মাসখানেক সময়ের মধ্যেই রাজ্যটিতে এই ফ্লুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩ জনে।
রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, “বৃহস্পতিবার জয়পুর, দাওশা এবং যোধপুর থেকে এই মৃত্যুর খবরগুলো এসেছে। পাশাপাশি আরো ১৯ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার সংবাদও এসেছে।”
রাজস্থানে এই রোগের আতঙ্ক ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ২৭০ জনেরও বেশি মানুষ জয়পুরে রাজ্যটির সর্ববৃহৎ সরকারি এসএমএস হাসপাতালে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন কিনা তা পরীক্ষা করাতে আসেন।
একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার পর্যন্ত ৪৩৭ জন এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে পরীক্ষার ফলাফলে দেখা গেছে। এদের মধ্যে শুধু জয়পুরেরই রয়েছেন সর্বোচ্চ ১৫২ জন।
অনেক এলাকায় এইচ১এন১ ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত ট্যাবলেটের স্বল্পতাও রয়েছে বলে খবর পাওয়া গেছে।
