ভারতীয় কার্টুনিস্ট আর কে লক্ষণ হাসপাতালে
ভারতের খ্যাতনামা কার্টুনিস্ট আর কে লক্ষণ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার তাকে পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়। ৯৪ বছর বয়স্ক এ কার্টুনিস্টের শরীরের নানা অঙ্গ ঠিকমত কাজ করছে না। তাকে ইনটেনসিভ কেয়ারে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
‘দ্য কমন ম্যান’ কার্টুনের জন্য সর্বাধিক পরিচিত আর কে লক্ষণ। রাজনীতিবিদদের নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুনের মধ্য দিয়ে ভারতীয় সমাজের দর্পন তুলে ধরায় কৃতিত্বের দাবিদার তিনি।
১৯৫১ সাল থেকে ৫ দশকেরও বেশি সময় ধরে তার দৈনিক কার্টুন ‘ইউ সেইড ইট’ প্রকাশিত হয়েছে ভারতের বহুল প্রচলিত পত্রিকা ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র প্রচ্ছদ পাতায়।
২০০৫ সালে ভারত সরকার আর কে লক্ষণকে পদ্ম বিভূষণ পুরস্কারে ভূষিত করে। ২০০১ সালের ডিসেম্বরে পুনেতে উন্মোচন করা হয় ৮ ফুট লম্বা ‘কমন ম্যান’ এর ব্রোঞ্জ মুর্তি।
অসুস্থতার কারণে কয়েকবছর আগে কার্টুন আঁকা ছেড়ে দিয়েছিলেন লক্ষণ। ২০১০ সালে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি।
