দিল্লিতে এক নারীকে গণধর্ষণের পর হত্যা
দিল্লিতে এক নারীকে গণধর্ষণের পর নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন নিহত ওই নারী।
দিল্লি পুলিশ জানায়, শনিবার সকালে ভাসান্ত কুঞ্জ এলাকায় দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের বাগানে মৃতদেহটি খুঁজে পাওয়া যায়।
সকাল সাড়ে ৮টার দিকে বাগানের নিরাপত্তারক্ষী ঝোপের পেছনে একটি মৃতদেহ দেখতে পান। হাত-পা বাধা ওই মৃতদেহটি অর্ধউলঙ্গ অবস্থায় সেখানে পড়েছিল।
নিহত নারী দক্ষিণ দিল্লির ফাতেহপুর বেরি এলাকার বাসিন্দা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাসা থেকে কারখানায় যাওয়ার জন্য বের হয়েছিলেন। সেখানে তিনি দর্জির কাজ করতেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী একজন পুলিশ কর্মকর্তা আইএএনএসকে জানান, “হত্যা করার আগে ওই নারীকে গণধর্ষণ করা হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই নারীকে হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয়েছে।”
“শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার পর গভীর রাতেও বাড়ি না ফেরায় ওই নারীর স্বামী থানায় আসেন এবং তার নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানান।”
নিহত নারী তার পরিবারের প্রধান উপর্জনক্ষম ব্যক্তি ছিলেন। কয়েক মাস আগে একটি সড়ক দুর্ঘটনায় ওই নারীর স্বামী দুই পায়ে আঘাত পান।
তিন সন্তানের জননী ওই নারীর তিন ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওই ব্যক্তিরাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, তারা ওই ব্যক্তিদের সম্পর্কে কিছু ‘ক্লু’ পেয়েছেন। কিন্তু তদন্তের প্রয়োজনে এখনই সেসম্পর্কে গণ মাধ্যমে কিছু জানানো সম্ভব হচ্ছে না।
অভিযুক্তদের নাম প্রকাশ করতেও অস্বীকার করেছে পুলিশ।
