২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ম বাঁচাতে চাই অন্তত চারটি সন্তান’

ধর্ম বাঁচাতে হিন্দু নারীদের অন্তত চারটি সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি সাক্ষী মহারাজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 07:42 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

বিশেষজ্ঞদের ধারণা, সম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতেই সাক্ষী এ ধরনের মন্তব্য করেছেন।
সাক্ষীর এই বক্তব্যকে ‘হাস্যকর’ ও ‘উস্কানিমূলক’ বলে মন্তব্য করেছেন বিরোধীদল কংগ্রেস পার্টির মুখপাত্র সঞ্জয় ঝা ।

কংগ্রেস পার্টির আরেক নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী ট্যুইটারে লেখেন, “ভাবটা এমন যেন নারীরা শুধু সন্তান জন্ম দেয়ার জন্যই জন্মগ্রহণ করেছে।”

গত মাসে সাক্ষী মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে একজন দেশপ্রেমিক বলে মন্তব্য করেছিলেন।

ভারতের সর্বশেষ জাতীয় নির্বাচনে উত্তর প্রদেশের একটি আসনে জয়লাভ করেন সাক্ষী। উল্টো-পাল্টা মন্তব্য করে প্রায়ই বিতর্কের জন্ম দেয়া কট্টরপন্থি হিন্দু এই নেতা গেরুয়া রংয়ের পোশাক পরেন।

সম্প্রতি এক সমাবেশে মুসলিম পুরুষদের ব্যাঙ্গ করে সাক্ষী বলেন, “চার স্ত্রী ও ৪০ সন্তানের ধারণা ভারতে কাজে আসবে না”। তিনি আরো বলেন, হিন্দু ধর্মকে রক্ষা করতে হিন্দু নারীদের অবশ্যই অন্তত চারটি সন্তানের জন্ম দেয়ার সময় এসেছে।”

বিবিসি’র দিল্লি প্রতিনিধি গীতা পান্ডে জানান, ভারতের কট্টরপন্থি হিন্দুদের মতে মুসলিম নারীরা ‘সন্তান জন্ম দেয়ার যন্ত্র’ এবং সংখ্যার দিক দিয়ে ভারতের হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে ছাড়িয়ে যাওয়ার জন্যই মুসলিমরা এ পন্থা অবলম্বন করে বলে তাদের অভিযোগ।

ভারতের মোট জনসংখ্যার ৮০ শতাংশের বেশি হিন্দু। যেখানে মুসলমানের সংখ্যা ১৪ শতাংশেরও কম। গত কয়েক মাসে বিতর্কিত মন্তব্য করে বিজেপি’র বেশ কয়েকজন নেতা খবরের শিরোনাম হয়েছেন।

ডিসেম্বরে খাদ্য প্রক্রিয়াজাতকরণ মন্ত্রী নিরঞ্জন জ্যোতি একটি সমাবেশে হিন্দুদের রামজাদা এবং যারা হিন্দু নয় তাদের হারামজাদা বলেছিলেন।

এ মন্তব্যের পর ভারতজুড়ে নিরঞ্জনকে বরখাস্ত করার দাবি ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরে বলেন, তিনি নিরঞ্জনের এ ভাষায় কথা বলা মেনে নিতে পারছেন না। তবে এজন্য নিরঞ্জনকে বরখাস্ত করা হবে না।