২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যা নয়, সুনন্দা হত্যাকাণ্ডের শিকার: পুলিশ

ভারতের সাবেক প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্কর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে সিদ্ধান্তে পৌঁছেছে পুলিশ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 03:39 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

নয়া দিল্লির একটি অভিজাত হোটেল থেকে সুনন্দার লাশ উদ্ধারের প্রায় এক বছর পর তাকে হত্যার অভিযোগ এনে মামলা করেছে দিল্লি পুলিশ।
পুলিশ বলছে, সুনন্দাকে বিষপ্রয়োগ করা হয়েছে এবং হয় তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে, নয়তো ইনজেকশনের মাধ্যমে তা মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

দিল্লির পুলিশ প্রধান বি এস বাসি গণমাধ্যমকে বলেছেন, “আমরা অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) থেকে চূড়ান্ত চিকিৎসা প্রতিবেদন পেয়েছি। বলা হয়েছে, এ মৃত্যু অস্বাভাবিক...... স্বাভাবিক মৃত্যু নয়”। ২৯ ডিসেম্বর এ প্রতিবেদন পাওয়ার কথা জানান তিনি।

এআইআইএমএস তাদের আগের একটি রিপোর্টে সুনন্দার অস্বাভাবিক মৃত্যুর কথা না বললেও সর্বশেষ রিপোর্টে বিষের কারণে তার অস্বাভাবিক মৃত্যু হওয়ার কথা জানাল।

সুনন্দার দেহে বিষের মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি জানিয়ে বাসি বলেন, “এ কারণে আমরা তার দেহের নমুনা বিদেশে পাঠাব”।

গত বছর জানুয়ারিতে সুনন্দার প্রথম ময়না তদন্ত রিপোর্টে বলা হয়েছিল ওষুধের অতিরিক্ত ডোজের কারণে তার মৃত্যু হয়েছে। তবে রিপোর্টে সুনন্দার দেহে বেশকিছু জখমের চিহ্ন পাওয়ার কথাও বলা হয়।

জুলাইয়ে সর্বশেষ ময়না তদন্ত রিপোর্টে সুনন্দার দেহে ১৫ টি ক্ষতচিহ্ন এবং একটি ইঞ্জেকশনের চিহ্ন থাকার কথাও বলা হয়। ফরেনসিক রিপোর্ট পাওয়ার ভিত্তিতে পুলিশ ভারতে চাঞ্চল্যকর এই মৃত্যু নিয়ে এই অভিযোগ করেছে। এর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লি পুলিশের উপকমিশনার প্রেমনাথ এবং সহকারী উপকমিশনার কুশবানকে। ২০১৪ সালের ১৭ জানুয়ারি সুনন্দার লাশ পাওয়ার পর অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা হয়েছিল, এখন তা হত্যা মামলায় রূপান্তরিত হল। সুনন্দার লাশ উদ্ধারের সময় শশী হোটেলে ছিলেন না। সাবেক কূটনীতিক শশী থারুর কংগ্রেসের মুখপাত্রের দায়িত্ব পালন করলেও তাকে গত নির্বাচনের পর সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ক্লিন ইন্ডিয়া’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে নতুন করে আলোচনায় আসেন কেরালার এই রাজনীতিক।