হত্যা মামলা থেকে বিজেপি প্রধান খালাস
হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী অমিতের বিরুদ্ধে কথিত গ্যাংস্টার সোহরাবউদ্দিন শেখ, তার স্ত্রী এবং তার এক বন্ধুকে বিচারবহির্ভূত ভাবে হত্যার অভিযোগে এই মামলাটি হয়েছিলো।
এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে বলে জানিয়েছেন সোহরাবউদ্দিনের ভাই রুবাবউদ্দিন।
তিনি বলেন, “অমিত শাহকে অবৈধভাবে খালাস দেওয়া হয়েছে। আমরা হাই কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করব।”
অমিতের আইনজীবী মিতেশ আমিন বলেন, মোদী যখন গুজরাটের মূখ্যমন্ত্রী ছিলেন তখন অমিত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় অমিতের নির্দেশে পুলিশ ওই তিন জনকে হত্যা করে বলে অভিযোগ ওঠে।
কিন্তু ওই অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণের অভাবে অমিত খালাস পান বলে জানান আমিন; যদিও ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর প্রতিবেদন অমিতের বিরুদ্ধে ছিল।
সিবিআই এর প্রতিবেদনে বলা হয়, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় অমিত শাহ কতিপয় পুলিশ কর্মকর্তা ও সোহরাবউদ্দিনের সহায়তায় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র পরিচালনা করতেন।
২০০৫ সালে অমিতের সঙ্গে সোহরাবউদ্দিনের ঝামেলা শুরু হওয়ার পরপরই পুলিশ সোহরাব ও তার স্ত্রীকে একটি বাস থেকে আটক করে।
পরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের কথিত এক বন্দুকযুদ্ধে সোহরাবকে হত্যা করা হয়। আর ওই পুলিশ দলের একজনের গ্রামের বাড়িতে সোহরাবের স্ত্রীর পুড়ে কয়লা হয়ে যাওয়া মৃতদেহ পাওয়া যায়।
বন্দুকযুদ্ধ চলার সময় অমিত অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফোনে বেশ কয়েকবার কথা বলেছেন বলে সিবিআই’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর প্রায় এক বছর পর সোহরাব দম্পতির একজন বন্ধু, যিনি পুলিশের ওই অভিযানের প্রত্যক্ষদর্শী ছিলেন, তাকেও কথিত বন্দুক যুদ্ধে হত্যা করা হয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিচার এখনও চলছে।
