পাকিস্তানে নিহতদের স্মরণে ভারতে শোক
পাকিস্তানে পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবান হামলায় ১৪১ জনের মৃত্যুতে শোক প্রকাশ করে বুধবার ভারতজুড়ে সব স্কুলে ২ মিনিট নীরবতা পালন করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী ও অন্যান্য সব এমপিও ২ মিনিট নীরবতা পালন করেছেন বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
এর আগে গত রাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোনে শোকবার্তা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নারকীয় ওই তালেবান হামলার নিন্দা জানিয়ে ভারতের সব স্কুলে ২ মিনিট নীরবতা পালনের আবেদনও জানান তিনি।
তার এ আবেদনে সাড়া দিয়েই ভারতজুড়ে স্কুলের শিশুরা পাকিস্তানের নিহত শিশুদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশেষ প্রার্থনায় সামিল হয়ে শোক পালন করে।সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের বুলি আওড়ায় তারা।দিল্লির মডার্ন স্কুলে অনুষ্ঠিত হয় বিশেষ শোকসভা।
দিল্লি থেকে পেশোয়ারের দূরত্ব মাত্র ৮শ’ কিলোমিটার। ফলে মুম্বাই ও ব্যাঙ্গালুরুর মতো অনেক ভারতীয় নগরীর তুলনায় দিল্লি পেশোয়ারের অনেক কাছে। এ কারণে ঘটনাটি অনেককেই নাড়া দিয়েছে।
শোক জানাতে আসা এক শিক্ষার্থীর উক্তি, “পাকিস্তানের স্কুলে পড়ুয়া অনেক শিশুই বহুবার দিল্লি এসেছে। তারা আমাদেরই মত। আমাদের মত একই স্বপ্ন দেখে।তাদের নিরাপদে স্কুলে যেতে পারা উচিত। আমরা যেভাবে পারি তাদেরকে সমর্থন দিয়ে যাব”।
মঙ্গলবার পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে শিশুদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। প্রায় আট ঘণ্টার সেনা অভিযানে সব জঙ্গির মৃত্যুর মধ্যে দিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে।
শরিফকে শোক জানিয়ে মোদী বলেন, “ভয়াবহ এই ঘটনা গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। ভারত পাকিস্তানের পাশে আছে। আমরা হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ব। যাতে ভবিষ্যতের দিনগুলো এমন অন্ধকারাচ্ছন্ন না হয়”।
