আরেকটি নিউক্লিয়ার সাবমেরিন লিজ নেবে ভারত
শিগগিরই আরেকটি নিউক্লিয়ার শক্তি চালিত সাবমেরিন পেতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী।
মোদি সরকার রাশিয়া থেকে দ্বিতীয় আরেকটি নিউক্লিয়ার সাবমেরিন লিজ নেয়া সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার রাতে জানিয়েছে এনডিটিভি।
বর্তমানে রাশিয়া থেকে ১০ বছরের জন্য লিজ নেয়া ৮,১৪০ টনের আকুলা ক্লাশ নিউক্লিয়ার সাবমেরিন ব্যবহার করছে ভারতীয় নৌবাহিনী। আইএনএস চক্র নামকরণ করা এই সাবমেরিনের জন্য ৯৭ কোটি ডলার খরচ করতে হয়েছিল।
এই সাবমেরিন থেকে শুধু প্রচলিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে লিজে এমন শর্ত দেয়া হয়েছিল। লিজকৃত দ্বিতীয় সাবমেরিনটিও একই ক্লাশের এবং একই শর্তে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
এবার ‘হাল অব দ্য ইরিবিস’ নামের আকুলা ক্লাশের অসমাপ্ত একটি সাবমেরিন লিজ নিতে চাইছে ভারত। ১৯৯০’র দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সাবমেরিনটির নির্মাণ কাজ আর শেষ করা হয়নি।
সোমবার ভারত নির্মিত প্রথম নিউক্লিয়ার শক্তি চালিত সাবমেরিন আইএনএস আরিহান্থ সাগরে পরীক্ষামূলক মহড়া দেয়া শুরু করেছে। এ ধরনের আরো তিনটি সাবমেরিন নির্মাণের কাজ চলছে।
বর্তমানে ভারতীয় নৌবাহিনীর ১৩টি প্রচলিত সাবমেরিন ও একটি নিউক্লিয়ার শক্তি চালিত সাবমেরিন আছে। তবে এগুলোর মধ্যে নির্দেশ দেয়ার সঙ্গে সঙ্গে মোতায়েন করার মতো অর্ধেক সাবমেরিন প্রস্তুত অবস্থায় আছে।
