২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদীকেও গ্রেপ্তার করা হোক, দাবি মমতার

সারদা কাণ্ডে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাল্টা আক্রমণ করে তার গ্রেপ্তার দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 08:28 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

সেইসঙ্গে সারদা গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযেগে গ্রেপ্তার তৃণমূল সরকারের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে বরখাস্ত করার দাবিও নাকচ করেছেন তিনি।

মোদিকে আক্রমণ করে মমতা বলেন, “ছবি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ হলে সারদা কেলেঙ্কারির জন্য প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত।” নিজ দল তৃণমূল কংগ্রেসের এক জনসভায় একথা বলেন মমতা।

সাহারা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেনের সঙ্গে মিত্রর ছবির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “ছবি অপরাধমূলক কর্মকান্ডের প্রমাণ হলে প্রধানমন্ত্রীও গ্রেপ্তার হওয়া উচিত”।

“অনেক সিবিআই-এম নেতাদের সঙ্গেই চিট ফান্ড মালিকদের ছবি আছে। সাহারা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীরও ছবি আছে। তাহলে মোদীকে গ্রেপ্তার করা হবে না কেন? প্রশ্ন রাখেন মমতা।

সারদা চিট ফান্ড মামলায় শুক্রবার মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কর্মকর্তারা। এর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

মিত্রর বিরুদ্ধে সারদা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেনের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নেওয়া ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

মদন হলেন তৃণমূলের চতুর্থ প্রভাবশালী নেতা, যাকে এই কেলেঙ্কারিতে জেলে যেতে হয়েছে। কুণাল ঘোষ, রজত মজুমদার, সঞ্জয় বসুকেও এর আগে সিবিআই গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হয়েছেন, শুধুমাত্র এই কারণে মিত্রকে বরখাস্ত করবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা। সেইসঙ্গে যতদিন মিত্রকে বন্দি থাকতে হবে ততদিন তিনি নিজে পরিবহন অধিদপ্তর তত্ত্বাবধান করবেন।

মিত্রকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূল এমপি’রা সোমবার থেকে সংসদে আন্দোলন শুরু করবেন বলেও জানান মমতা। সিবিআই কে ‘ব্যবহার করে’ ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ’ করার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

“সিবিআই সমস্ত স্বকীয়তা হারিয়েছে। প্রতিষ্ঠানটি এখন তাদের মন্ত্রীর আজ্ঞাবাহকে পরিণত হয়েছে। সিবিআই এখন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার। এর বিরুদ্ধে প্রতিবাদে নামার সময় হয়েছে।”

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে মমতা আরো বলেন, “নিজের সীমার মধ্যে থাকুন। না হলে শাস্তির মুখোমুখি হতে হবে। বাংলার মানুষ অপমান সহ্য করবে না। তারা (বিজেপি) ক্ষমতায় থাকায় ধরাকে সারা জ্ঞান করছে।”

মিত্রকে গ্রেপ্তারে বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তৃণমূল এ সমাবেশের আয়োজন করেছিল।

দিল্লি থেকে ফোন পেয়েই সিবিআই মিত্রকে গ্রেপ্তার করেছে বলে দাবি মমতার। মিত্র গ্রেপ্তার হওয়ার পর তার ছেলে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন মিত্র তাকে জানান, সিবিআই কর্মকর্তারা তার (মিত্র) সঙ্গে সাধারণ কথাবার্তা বলছিল। এ সময় দিল্লি থেকে একটি ফোন এল এবং এরপরই তাকে গ্রেপ্তার করা হল।”

“মদনকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। এভাবে সাক্ষী হিসেবে ডেকে গ্রেপ্তার করা হলে ভবিষ্যতে আর কেউই সাক্ষী হতে চাইবে না।”

কেন্দ্রীয় সরকারের বিপক্ষে নির্বাচনে তৃণমূল যেন পূর্ণ ক্ষমতা নিয়ে মাঠে নামতে না পারে এজন্য বিজেপি সারদা কেলেঙ্কারিতে দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করছে বলেও অভিযোগ মমতার।

বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে মনে করেন মমতা। মোদিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “যখন আপনি ক্ষমতা হারাবেন তখন এটাই বুমেরাং হয়ে আপনার দিকে আসবে।”